খুঁজুন
, ,

চট্টগ্রামে চলমান অবরোধের ২য় দিনে বিএনপির মিছিল ও সড়ক অবরোধ, ১০ জন গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 13 November, 2023, 12:46 pm
চট্টগ্রামে চলমান অবরোধের ২য় দিনে বিএনপির মিছিল ও সড়ক অবরোধ, ১০ জন গ্রেফতার

সরকার পতনের একদফা দাবী এবং বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবীতে বিএনপির ডাকা চতুর্থ দফা অবরোধের ২য় দিন সোমবার (১৩ নভেম্বর) নগরী ও জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীরা। অবরোধকে কেন্দ্র করে মহানগর বিএনপির আরো ১০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

এর মধ্যে রবিবার রাতে অক্সিজেন কয়লার ঘরস্থ মীম কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে বায়েজিদ থানা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুর রহিমকে গ্রেফতার করেছে বায়েজিদ থানা পুলিশ। তিনি মেহেদীবাগস্থ ন্যাশনাল হাসপাতালের কর্মচারী। তাকে একটি পারিবারিক অনুষ্ঠানে আত্মীয় স্বজনের সামনে থেকে অমানবিকভাবে গ্রেফতার করা হয়। চট্টগ্রামের পুলিশ এখন বিএনপির নিরীহ নেতাকর্মীদের যাকে যেখানে পাচ্ছে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে গায়েবি মামলায় কারাগারে পাঠিয়ে দিচ্ছে। এর আগেও মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ইকবাল চৌধুরীকে বাহাত্তর পুলস্থ আহাদ কনভেনশন হলের বিয়ের অনুষ্ঠান থেকে পুলিশ গ্রেফতার করেছিল। মনে হচ্ছে পুলিশ এখন বিএনপিকে দমন করার জন্য আওয়ামী লীগের সাথে একসাথে কাজ করছে। এটা স্পষ্ট যে, আরেকটি একতরফা নির্বাচন করার জন্য সরকার বিএনপির সকল নেতাকর্মীদের কারাগারে বন্দী করছে।

তাছাড়া গত ২৪ ঘন্টায় বায়েজিদ থানার আবদুর রহিম ছাড়া চট্টগ্রাম মহানগর বেগম খালেদা জিয়া মুক্তি মঞ্চের সদস্য সচিব মোহাম্মদ আলমগীর, ফিরিঙ্গী বাজার ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ আতিকুর রহমান, এনায়েত বাজার ওয়ার্ড যুবদল নেতা মো. ফারুক, দেলোয়ার হোসেন, মো. সোহাগকে কোতোয়ালি থানা, পূর্ব বাকলিয়া ওয়ার্ড যুবদল নেতা মো. ইউনুস সহ ১০ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে অবরোধের সমর্থনে রবিবার সকালে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মো. শাহ আল‌মের নেতৃত্বে নগরীর মুরাদপুর ষোলশহর এলাকায় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। এছাড়া মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম দুলালের নেতৃত্বে দেওয়ান হাট এলাকায় বিএনপির বিক্ষোভ মিছিল, বহদ্দারহাট আরকান সড়কে চট্টগ্রাম মহানগর বিএন‌পির আহবায়ক ক‌মি‌টির সদস‌্য আ‌নোয়ার হো‌সেন লিপুর নেতৃ‌ত্বে চাঁন্দগাও থানা যুবদ‌লের বিক্ষোভ মিছিল, কালামিয়া বাজার ও বাহাত্তর পুল এলাকায় এম আই চৌধুরী মামুনের নেতৃত্বে বাকলিয়া থানা বিএনপির মিছিল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর নেতৃত্বে নগরীর লালদীঘির পাড়, সিনেমা প্যালেস মোড় এলাকায় মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল, পাহাড়তলী ডিটি রোডে মহানগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমনের নেতৃত্বে পাহাড়তলী থানা যুবদলে মিছিল, অক্সিজেন কুয়াইশ সড়কে বায়েজিদ থানা যুবদলের মিছিল, আরাকান সড়কে চান্দগাঁও থানার যুবদলের মিছিল, চান্দগাঁও থানা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রহমান আলফাজের নেতৃত্বে সিএন্ডবি এলাকায় চান্দগাঁও থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল, পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদলের মিছিল, বিসিক শিল্প এলাকায় চাঁন্দগাও ওয়ার্ড যুবদলের মিছিল, বন্দর টিলায় ৩৯ নং ওয়ার্ড যুবদলের মিছিল, কামরুল হাসান আকাশের নেতৃত্বে খুলশী থানার ইউএসটি, ফয়েজ লেক, খুলশী রোডে মিছিল এবং রবিবার সন্ধ্যায় দুই নম্বর গেইট মোড়, পলিটেকনিক ও শের শাহ এলাকায় মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে মশাল মিছিল করে নেতাকর্মীরা।

তাছাড়া চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি ও সদস্য সচিব কামরুদ্দিন সবুজের নেতৃত্বে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে মিছিল ও সড়ক অবরোধ, রবিবার রাত্রে বোয়ালখালীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল অবরোধের সমর্থনে মশাল মিছিল ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সড়ক অবরোধ ও মিছিল করে।

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।