খুঁজুন
, ,

মহানগর আওয়ামী লীগের তৃণমূলস্তরের বর্ধিত সভায় আ.জ.ম নাছির উদ্দীন

জাতীয় নির্বাচন হবেই এবং অস্তিত্ব রক্ষায় এই নির্বাচনে জিততেই হবে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 8 November, 2023, 1:27 pm
জাতীয় নির্বাচন হবেই এবং অস্তিত্ব রক্ষায় এই নির্বাচনে জিততেই হবে

জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও বাঙালি জাতিসত্তার অস্তিত্ব রক্ষার প্রশ্নে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জ হিসেবে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। আজ বুধবার বিকেলে নগরীর কাজির দেউড়ীস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তৃণমূলের বর্ধিত সভায় সূচনা ও দিক নির্দেশনামূলক বক্তব্যে আ.জ.ম নাছির উদ্দীন বলেন, কোনো বিদেশী প্রেসক্রিপশন ছাড়া সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবেই। এই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী নির্বাচন বানচালকারীদের সর্বশক্তি দিয়ে প্রতিহত করার জন্য দলের সকলস্তরের নেতাকর্মীরা রাজপথে থাকবে।

এই সময়ের মধ্যে আমাদেরকে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের শাসনামলের সকল অর্জন, সাফল্য ও সুফলগুলো ভোটাদেরকে জানাতে হবে। একই সাথে বিএনপি জামাত ক্ষমতায় থাকা বা না থাকা অবস্থায় যে অপকর্ম ও কুর্কীতিগুলো করেছে তাও ভোটারদের কাছে তুলে ধরতে হবে। আমরা যদি ভোটারদের কাছে বর্তমান সরকারের সাফল্য এবং প্রধানমন্ত্রী জাতিকে কি কি উপহার দিয়েছেন তা যদি স্মরণ করিয়ে দিতে পারি ভোটররা অবশ্যই নৌকা প্রতীকের প্রার্থীদের জয়যুক্ত করবে। এই প্রসঙ্গে তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের শাসনামলের প্রান্তিক গোষ্ঠীর তিন কোটি মানুষ সরাসরি উপকারভোগী হয়েছেন।

 

ভূমি ও গৃহহীন ৫ লক্ষ মানুষ বিনামূল্যে ভূমি ও গৃহ পেয়েছে। আন্তর্জাতিক মুদ্রা ডলারের দাম বিরাশি টাকা থেকে বেড়ে একশত সাড়ে দশ টাকা হওয়ায় আমদানিকৃত নিত্যপণ্যের দাম বেড়েছে। এ কারণে বর্তমান সরকার টিসিবির মাধ্যমে এক কোটিরও বেশি পরিবারকে ভুর্তুকি দিয়ে মাত্র ৪৭০ টাকায় ৫ কেজি চাল, দুই লিটার তেল, দুই কেজি মসুর ডাল ও দুই কেজি চিনি প্রদান করছে। বাজারে যার মূল্য ৮শত টাকার বেশি। জনগণকে ভুতুর্কি দিয়ে এইভাবে সেবা দেওয়ার নজির পৃথিবীতে আর কোথাও নেই। বর্তমান সরকারের শাসনামলে দলমত নির্বিশেষে কোনো ধরনের সুফল পাই নি এরকম একটি মানুষও খুঁজে পাওয়া যাবে না। বছরের প্রথম দিন স্কুলের শিক্ষার্থীরা বিনামূল্যে পাঠ্যবই পেয়েছে এমন নজির পৃথিবীতে নেই। এছাড়াও আকাশ বিজয়, সমুদ্র বিজয় এবং অবরুদ্ধ চীটমহলগুলোকে বাংলাদেশের সাথে সংযুক্তিকরণের বিজয় জাতিকে গর্বিত করেছে।

এই সব সাফল্যের কীর্তি ছাড়াও আরো অনেক বড় বড় কীর্তি আওয়ামী লীগের শাসনামলে অর্জিত হয়েছে। এই সব সাফল্যের জন্য ভোটারদের নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে থাকার কথা। কিন্তু বাঙালি জাতি বিস্তৃতিশীল জাতি। তারা সহজেই অনেক কিছুই ভুলে যায়। আমাদের এত সাফল্যের মধ্যে নেতাকর্মীদের ব্যর্থতা হলো আওয়ামী লীগের সাফল্যের ও কীর্তির ফিরিস্তিগুলো ভোটরদের কাছে পৌছে দিতে পারি নি। তাই নির্বাচনের প্রস্তুতি গ্রহণের সাথে সাথে এখন থেকে আমাদেরকে ভোটারদের কাছে গিয়ে তাদের মনজয় করতে হবে এবং আমাদের এই সরকারের সাফল্যগুলো তথ্য জানান দিতে হবে তাহলে আওয়ামী লীগের বিজয় ঠেকানোর সাধ্য কারো নেই। তিনি আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেন আমরা জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় আপনাদেরকে সাহায্য করতে প্রস্তুত। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব পরিচিতজনদের মধ্যে যদি কেউ নাশকতায় যুক্ত থাকে তাকে কোনোভাবেই ছাড় দেবেন না এবং পুলিশের হাতে তাদেরকে সোপর্দ না করলে নিজের পায়ে কুড়াল মারা হবে।
সভাপতির বক্তব্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বানে চট্টগ্রাম মহানগরের আওতাধীন তিনটি পূর্ণাঙ্গ ও তিনটি আংশিকসহ ৬টি সংসদীয় আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকেই নৌকা প্রতীক দিবেন তাকেই বিজয়ী করার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন নেতাকর্মীদের উদ্দেশ্যে করণীয় দায়িত্ব ও কর্তব্য পালনের যে দিক নির্দেশনা দিয়েছেন তা অনুসরণ করে সাংগঠনিক ভিত্তি, মজবুত দলীয় ঐক্য, সুসংহত করা এবং ভোটারদের মনজয় করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত তৃণমূলের বর্ধিত সভায় সভামঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও জাতীয় পরিষদ সদস্য আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, এড. সুনীল কুমার সরকার, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, আলহাজ্ব জহিরুল আলম দোভাষ, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এম.পি, উপদেষ্টামন্ডলীর সদস্য আলহাজ্ব শফর আলী, শেখ মাহমুদ ইছহাক, সম্পাদকমন্ডলীর সদস্য শফিক আদনান, সৈয়দ হাসান মাহমুদ শমসের, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান ছিদ্দিকী, হাজী মো: হোসেন, হাজী আবু তাহের, সাবেক যুবনেতা মহিউদ্দিন বাচ্চু এম.পি, কার্যনির্বাহী সদস্য নুরুল আবছার মিয়া, সৈয়দ আমিনুল হক, আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, বখতিয়ার উদ্দিন খান, গোলাম মোহাম্মদ চৌধুরী, সাইফুদ্দিন খালেদ বাহার, ইঞ্জি: বিজয় কিষাণ চৌধুরী, রোটারিয়ান মো: ইলিয়াছ, ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, হাজী বেলাল আহমদ, মোরশেদ আকতার চৌধুরী, মহানগর যুবলীগের মাহবুবুল হক সুমন, দিদারুল আলম দিদার, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আজিজুর রহমান আজিজ, মহানগর ছাত্রলীগের ইমরান আহমেদ ইমু, জাকারিয়া দস্তগীর,মহানগর কৃষক লীগের কাজী আনোয়ার হাফিজ, তাঁতী লীগের নুরুল আমিন মানিক, মৎস্যজীবি লীগের এম এ মোতালেব প্রমুখ। এছাড়া ১৫টি থানা, ৪৪টি সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক যুগ্ম আহ্বায়কগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ৫নং মোহরা ওয়ার্ডের উন্নয়ন ও শান্তি সমাবেশ কাপ্তাই রাস্তার মাথায় অনুষ্ঠিত হবে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।