খুঁজুন
, ,

চট্টগ্রামে তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে বিএনপির মিছিল, গ্রেফতার ১৫ 

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 8 November, 2023, 12:19 pm
চট্টগ্রামে তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে বিএনপির মিছিল, গ্রেফতার ১৫ 

সরকার পতনের একদফা দাবী এবং বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সহ নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিএনপির ডাকা ৩য় দফা অবরোধের প্রথম দিনে নগরী ও জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, সমাবেশও পিকেটিং করেছে চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীরা। অবরোধকে কেন্দ্র করে পুলিশ বিএনপির আরো ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

অবরোধ ও হরতালকে কেন্দ্র করে পুলিশ চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার করছে। বিএনপি নেতাকর্মীদের বাড়িতে গিয়ে তাদের আটক করতে না পেরে পরিবারের অন্য সদস্যদের ধরে নিয়ে যাচ্ছে। টার্গেটকৃত ব্যক্তিকে বাসায় না পেয়ে তাদের পিতা, ভাই কিংবা অন্য সদস্যদের অন্যায়ভাবে আটক করে নিয়ে যাচ্ছে। পতেঙ্গা থানা পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলার ছোট ভাই মোহাম্মদ শফিউল আলমকে বাসা থেকে এবং পতেঙ্গা থানা যুবদল নেতা শাহিনকে না পেয়ে তার ভাই আলী নুরকে গ্রেপ্তার করেছে। আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুমনকে না পেয়ে তার বৃদ্ধ বাবা মোহাম্মদ কবিরকে তার বায়েজিদ বাংলা বাজারস্থ দোকান থেকে বায়েজিদ থানা পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়ে দিয়েছে।

অব‌রো‌ধের প্রথম দিন বুধবার সকালে নগরীর খুলশী এলাকায় চট্টগ্রাম মহানগর বিএন‌পির যুগ্ম আহবায়ক এস কে খোদা তোত‌নের নেতৃ‌ত্বে মিছিল বের করা হয়, এছাড়া আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিমুর রহমানের নেতৃত্বে মিছিল ও পিকেটিং করা হয়, জিইসি মোড় থেকে নাসিরাবাদ দৈ‌নিক পূর্ব‌কোনের সামনে পর্যন্ত মহানগর বিএন‌পির যুগ্ম আহবায়ক শফিকুর রহমান স্বপন ও মো. শাহ আল‌মের নেতৃ‌ত্বে মিছিল, দুপুরে বদ্দারহাট আরাকান সড়কের সিএন্ডবি এলাকায় চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহবায়ক কমিটির সদস্য সাবেক কাউন্সিলর মাহবুব আলম, চাঁন্দগাও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূঁইয়া ও বিএনপি নেতা নকিব উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে মিছিল, আগ্রাবাদ চৌমুহনী এলাকায় বিএনপি নেতা ইকবাল হোসেনের নেতৃত্বে ডবলমু‌রিং থানা বিএন‌পি ও অঙ্গ সংগঠ‌ন মি‌ছিল, হাজী নবাব খানের নেতৃত্বে তুলাতলী বিশ্বরোড এলাকায় দ‌ক্ষিন বাক‌লিয়া ওয়ার্ড বিএন‌পি ও অঙ্গ সংগঠ‌নের মি‌ছিল, পাহাড়তলী পুলিশ বিট রেলগেইট এলাকায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক মো. সাইফুল আলম ও মহানগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমনের নেতৃত্বে যুবদল ছাত্রদলের রেললাইনে মিছিল ও টায়ার জ্বালিয়ে পিকেটিং, মহানগর যুবদলের সি. যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইনের নেতৃত্বে চাঁন্দগাও বাহির সিগনাল এলাকায় মিছিল, সিনেমা প্যালেস মোড়ে নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মুর্তজা খানের নেতৃত্বে কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের পিকেটিং ও মিছিল হয়।

তাছাড়া খুলশী আমবাগান সড়কে খুলশী থানা যুবদলের আহবায়ক হেলাল হোসেন, ডবলমুরিং চৌমুহনী হালিশহর সড়কে ডবলমুরিং থানা যুবদলের আহবায়ক বজল আহমেদ, সিটি গেইট এলাকায় আকবরশাহ থানা যুবদ‌লের বিক্ষোভ মিছিল, বায়েজিদ ২ নং জালালাবাদ সড়কে মহানগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, প্রবর্তক মোড়ে মহানগর যুবদল নেতা আলিফ উদ্দিন রুবেলে নেতৃত্বে মিছিল, রাহাত্তারপুল এক কিলোমিটার এলাকায় মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন শাহেদের নেতৃত্বে মিছিল, বাকলিয়া রাহাত্তার পুল এলাকায় থানা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা রাজিব উদ্দিন আকন্দের নেতৃত্বে আকবর শাহ চক্ষু হাসপাতাল এলাকায়, চান্দগাঁও থানা যুবদল পুরাতন সড়ক ও ৪ নং চান্দগাঁও ওয়ার্ড যুবদল আরাকান সড়কে মিছিল ও সমাবেশ করেছে।

অবরোধ চলাকালে গত ২৪ ঘন্টায় পুলিশ মহানগর এলাকা থেকে ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এরমধ্যে আজ দুপুরে চকবাজারস্থ কাঁচা বাজার এলাকা থেকে চকবাজার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান জুনুকে গ্রেফতার করে চকবাজার থানা পুলিশ। তাছাড়া পতেঙ্গা থানা পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলার ছোট ভাই মোহাম্মদ শফিউল আলমকে বাসা থেকে এবং পতেঙ্গা থানা যুবদল নেতা শাহিনকে না পেয়ে তার ভাই আলী নুরকে গ্রেপ্তার করেছে। বুধবার ভোরে কোতোয়ালি থানা পুলিশ পাথরঘাটা ওয়ার্ড বিএনপি নেতা মো. আলতাফ হোসেন ও পাথরঘাটা ওয়ার্ড যুবদল নেতা মো. আরিফ ও মো. সাগরকে এবং চাঁন্দগাও থানা পুলিশ রাতে থানা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোহাব্বত হোসেনকে গ্রেফতার করে, পাঁচলাইশ থানা যুবদল নেতা মোহাম্মদ রেজাউলকে মঙ্গলবার রাতে বাসা থেকে গ্রেপ্তার করে খুলশী থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাছাড়া মঙ্গলবার রাতে বালুছড়া থেকে সেচ্ছাসেবক দল নেতা সাকিব ফয়সাল মীমকে বায়েজিদ থানা পুলিশ গ্রেফতার করেছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।