খুঁজুন
, ,

ঋণের দ্বিতীয় কিস্তি ডিসেম্বরে ছাড় দিতে পারে আইএমএফ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 19 October, 2023, 12:09 pm
ঋণের দ্বিতীয় কিস্তি ডিসেম্বরে ছাড় দিতে পারে আইএমএফ

ঋণের দ্বিতীয় কিস্তি আগামী ডিসেম্বরে ছাড় দিতে পারে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এ তথ্য জানান।

তিনি বলেন, আইএমএফের দেওয়া শর্তের বেশির ভাগই পূরণ করা হয়েছে। বিশেষ করে সুদের হার বৃদ্ধি থেকে শুরু করে অন্যান্য শর্ত বাংলাদেশ ব্যাংক পূরণ করেছে। কেবল রিজার্ভ এবং রাজস্ব সংশ্লিষ্ট শর্ত পূরণ হয়নি।

মেজবাউল হক বলেন, আপাতত রিজার্ভ বৃদ্ধি ও রাজস্ব আহরণে জোর দিতে বলেছে আইএমএফ। ইতোমধ্যেই শর্ত মেনে সিঙ্গেল এক্সচেঞ্জ রেট চালু করা হয়েছে। কিছু শর্ত পূরণ করা সময়সাপেক্ষ। তবে সেক্ষেত্রেও কাজ চলছে।

তিনি বলেন, ঋণের দ্বিতীয় কিস্তি ছাড় নিয়ে আইএমএফের সঙ্গে বাংলাদেশের সমঝোতা হয়েছে। অশা করছি, আগামী ১১ ডিসেম্বরে আইএমএফের পর্ষদ সভায় ঋণের দ্বিতীয় কিস্তি ৬৮১ মিলিয়ন ডলার ছাড়ের বিষয়টি অনুমোদন পাবে। এর পরপরই ঋণের টাকা পাব।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, অর্থ পাচার রোধ এবং সুশাসন নিশ্চিতে সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে বাংলাদেশ ব্যাংক একযোগে কাজ করছে। কাজেই অর্থ পাচার বন্ধে আইএমএফের শর্তের দরকার নেই। আমরা নিজেরাই এটি বন্ধ করার চেষ্টা করছি।

তিনি বলেন, দেশ বর্তমানে ২৬ দশমিক ৬৮ বিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে। রিজার্ভে ডলার রেখে বসে থেকে লাভ নেই। মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিস আমদানি করতে চাইলে রিজার্ভ থেকে অর্থ খরচের কোনো বিকল্প নেই।

উল্লেখ্য, বেশ কিছু বিষয়ে নির্দিষ্ট শর্ত দিয়ে বাংলাদেশকে ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন করে আইএমএফ। ঋণের প্রথম কিস্তির ৪৭ কোটি ৬২ লাখ ৭০ হাজার ডলার গত ফেব্রুয়ারিতে পায় বাংলাদেশ।

ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে তৎপরতার দাবি, তিন সংগঠনের আলাদা ভূমিকার আলোচনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Saturday, 14 November, 2026, 12:22 am
ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে তৎপরতার দাবি, তিন সংগঠনের আলাদা ভূমিকার আলোচনা

 

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মসূচি ঘিরে নতুন করে তৎপরতার দাবি সামনে এসেছে। এ কর্মসূচিকে ঘিরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সম্ভাব্য ভূমিকা নিয়ে বিভিন্ন বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

প্রচারিত বার্তাগুলোতে দাবি করা হচ্ছে, কর্মসূচির সম্মুখসারিতে থাকবে ছাত্রলীগ। নেতাকর্মীদের নিরাপত্তা ও সাংগঠনিক প্রতিরোধের দায়িত্বে থাকবে যুবলীগ। অন্যদিকে, কর্মসূচির শৃঙ্খলা রক্ষা ও সার্বিক সমন্বয়ে ভূমিকা রাখবে স্বেচ্ছাসেবক লীগ।

 

এসব বার্তায় সংগঠনগুলোর নেতাকর্মীদের কঠোর অবস্থানের কথাও তুলে ধরা হয়েছে। প্রশাসনের নজরদারি, গ্রেপ্তার কিংবা রাজনৈতিক প্রতিকূলতা সত্ত্বেও কর্মসূচি থেকে সরে না আসার প্রত্যয় ব্যক্ত করার দাবি করা হচ্ছে।

 

এদিকে, শেখ হাসিনার দেশে ফেরার পক্ষে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় হওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। তবে এসব কর্মসূচির সাংগঠনিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন এবং মাঠপর্যায়ের কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোর আনুষ্ঠানিক বক্তব্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ মে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করে। ফলে ডিসেম্বরের সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচি ঘিরে পরিস্থিতি কোন দিকে যায়, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের দুই শর্ত: বিবিসি বাংলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Saturday, 14 November, 2026, 12:08 am
শেখ হাসিনাকে ফেরাতে ভারতের দুই শর্ত: বিবিসি বাংলা

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায় ভারত, তবে এর আগে ঢাকা থেকে দুটি গুরুত্বপূর্ণ নিশ্চয়তা চায় নয়াদিল্লি। প্রথমত, তাকে ফিরিয়ে নিতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে। দ্বিতীয়ত, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং নতুন করে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।

 

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সোয়া দুই বছরেরও বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

 

অন্যদিকে, কয়েক মাস আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরেই দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন।

 

বাংলাদেশ সরকারও বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত চেয়ে ২০২৪ সালের ডিসেম্বরেই ভারতের কাছে কূটনৈতিক বার্তা পাঠায়। পরবর্তী সময়ে একাধিকবার তাগাদা দেওয়া হলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ইতিবাচক বা নেতিবাচক কোনো জবাব দেয়নি নয়াদিল্লি।

 

বিবিসি বাংলার প্রতিবেদন বলছে, শেখ হাসিনার ভারতে অবস্থান এখন দিল্লির জন্য ক্রমেই বিব্রতকর হয়ে উঠছে। বাংলাদেশ ছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে এ নিয়ে সমালোচনার মুখে পড়ছে ভারত। তৃতীয় কোনো দেশে তাকে পাঠানোর চেষ্টা সফল না হওয়ায়, বাংলাদেশে ফেরত পাঠানো এবং সেখানে বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হওয়াকেই এখন বাস্তবসম্মত বিকল্প হিসেবে দেখছে দিল্লির নীতিনির্ধারকদের একটি অংশ।

 

তবে শেখ হাসিনাকে সাধারণ কোনো বন্দির মতো বাংলাদেশে পাঠাতে রাজি নয় ভারত। প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির প্রথম শর্ত হলো, যেভাবে তিনি ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক বিমানে ভারতে গিয়েছিলেন, ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রেও বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব নিতে হবে। সামরিক বিমানে দিল্লি থেকে তাকে নিয়ে যাওয়া অথবা স্থলসীমান্তের নির্দিষ্ট কোনো পয়েন্টে সেনাবাহিনীর কাছে হস্তান্তর দুই ধরনের ব্যবস্থাই বিবেচনায় থাকতে পারে।

 

দ্বিতীয় শর্তটি বিচারপ্রক্রিয়া ঘিরে। ভারত চায়, শেখ হাসিনা দেশে ফিরে তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু হয়। পাশাপাশি বিচারপ্রক্রিয়া যেন সুষ্ঠু ও আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় থাকে, সেটিও নিশ্চিত করতে চায় দিল্লি।

 

বিবিসির প্রতিবেদনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বক্তব্য তুলে ধরে বলা হয়েছে, শেখ হাসিনাকে জেনেশুনে মৃত্যুদণ্ড কার্যকরের মুখে ঠেলে দিতে চায় না ভারত। বরং তিনি যেন নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটিই তাদের প্রত্যাশা। তবে এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করে বাংলাদেশের বিচারব্যবস্থায় হস্তক্ষেপের অভিযোগ তৈরি করতে চায় না নয়াদিল্লি।

 

এদিকে, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি ঘিরে দুই দেশের সেনাবাহিনীর যোগাযোগকেও গুরুত্বপূর্ণ মনে করছে ভারত।

 

প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আকস্মিকভাবে দিল্লি সফর করেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গেও বৈঠক করেন তিনি।

 

বিবিসির একটি সামরিক সূত্রের দাবি, শেখ হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করতেই ওই বৈঠক গুরুত্বপূর্ণ ছিল। গত কয়েক বছর রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন থাকলেও বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রয়েছে। সেই যোগাযোগকে কাজে লাগিয়ে দেশে ফেরার পর শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় রাখতে চাইছে দিল্লি।

 

সব মিলিয়ে, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের অবস্থানে নতুন হিসাব-নিকাশের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে দিল্লির কথিত দুই শর্তে ঢাকা সম্মত হবে কি না, প্রত্যর্পণ প্রক্রিয়া কোন পথে এগোবে এবং শেখ হাসিনার দেশে ফেরা আদৌ ডিসেম্বরে সম্ভব হবে কি না তা এখনো স্পষ্ট নয়।

শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তনে সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 9:04 pm
শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তনে সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন এবং তাঁর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর সরাসরি ভূমিকা চায় ভারত। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে কয়েকটি শর্তের কথা উঠে এসেছে বলে বিবিসি বাংলার বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে।

 

প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সেনাবাহিনীর দায়িত্বশীল ভূমিকা এবং দেশে ফেরার পর তাঁর ব্যক্তিগত নিরাপত্তার নিশ্চয়তা চায় নয়াদিল্লি। ২০২৪ সালের ৫ আগস্ট যেভাবে বাংলাদেশ বিমানবাহিনীর উড়োজাহাজে তিনি ভারতে গিয়েছিলেন, প্রত্যাবর্তনের ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা চাওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

এদিকে, ভারতের সাবেক বাংলাদেশ হাইকমিশনার বীণা সিক্রি সম্প্রতি এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার প্রত্যাবর্তনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার কথা বলেছেন। তাঁর বক্তব্য, শেখ হাসিনাকে সেনাবাহিনীর নেতৃত্বেই ভারতে নেওয়া হয়েছিল; প্রয়োজনে তাঁকে ফিরিয়ে আনার ক্ষেত্রেও সেনাবাহিনী ভূমিকা রাখতে পারে।

 

তবে শেখ হাসিনার নিরাপত্তা ও প্রত্যাবর্তন নিয়ে ভারতের আনুষ্ঠানিক অবস্থান এবং বাংলাদেশের সরকারের সিদ্ধান্তের বিষয়ে চূড়ান্ত কোনো ঘোষণা পাওয়া যায়নি।