খুঁজুন
, ,

বহদ্দারহাট চত্বরে শান্তি ও উন্নয়ন সমাবেশে আ.জ.ম. নাছির উদ্দীন

আওয়ামী লীগ কোন প্রাসাদ চক্রান্তকে তোয়াক্কা করে না

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 13 October, 2023, 1:10 pm
আওয়ামী লীগ কোন প্রাসাদ চক্রান্তকে তোয়াক্কা করে না

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, বিএনপি-জামাত জোট অসাংবিধানিক পন্থায় জোর করে ক্ষমতা দখল করে ২০০১ সালের পুনরাবৃত্তি ঘটাতে চায়। সে সময় হত্যা-ধর্ষণ-অগ্নিসংযোগ ও লুন্ঠনের মাধ্যমে আওয়ামী লীগকে নির্মূল করতে যে তান্ডব ঘটিয়েছিলো সেই দুঃসহ অভিজ্ঞতা জনগণ ভুলেনি। আওয়ামী লীগ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত জনগণকে সাথে নিয়ে রাজপথে থেকে ২০০১ সালের পুনরাবৃত্তির অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। তিনি আজ শুক্রবার বিকেলে বহদ্দারহাট মোড় চত্বরে ৪, ৫, ৬, ৮, ১৬, ১৭, ১৮, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সমন্বয়ে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পূর্ব ঘোষিত নাশকতা-নৈরাজ্য বিরোধী শান্তি ও উন্নয়ন সমাবেশে সভাপতির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, বিএনপি রাজপথের আন্দোলনের হুমকি দিলেও তাদের সঙ্গে জনগণ নেই, আছে দুস্কৃতকারী। এই দুষ্কৃতকারীরা ক্যু ও হত্যার মাধ্যমে ক্ষমতা দখল করে পরে বিএনপি নামক যে দলটির জন্ম দেয় তার রন্দ্রে রন্দ্রে পাপাচার ও দুর্নীতি ছড়িয়ে ছিটিয়ে আছে। রাজনীতি ও ক্ষমতায় পাপীদের অনুপ্রবেশ জাতির জন্য বড় অভিশাপ। এই অভিশাপ থেকে মুক্তি পেতে হবে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেন, পথহারা বিএনপি এখন রাজপথ ছেড়ে ক্ষমতার গন্ধ পেতে দূতাবাসমুখী হয়েছে। বিএনপি নেতারা ইদানিং ঘন ঘন বিদেশি দূতদের সাথে লাঞ্চ-ডিনার-ব্রেকফাস্ট সারছেন। তারা ক্ষমতার জন্য এতই ক্ষুধার্ত যে বিদেশি প্রভুর পদলেহনে তাদের বিন্দুমাত্র লজ্জা নেই। এমনকি একাত্তরের পাকসেনাদের রক্ষা করতে যে দেশটি সপ্তম নৌ-বহর পাঠিয়েছিল ক্ষমতায় যেতে সেই দেশটিসহ পশ্চিমা দেশে দেশে প্রকাশ্যে দরবার শুরু করে দিয়েছে। এমন নির্লজ্জ বেহায়াদের রাজনীতি করা মানায় না। তাদের চির নির্বাসন দেয়ার সময় এসেছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের নির্ভরতা জনগণ, কোন বিদেশি প্রভু নয়। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত জনগণকে নিয়ে আমরা রাজপথে আছি এবং থাকবোই। জনগণই আমাদের ক্ষমতার উৎস। আওয়ামী লীগ কোন প্রাসাদ ষড়যন্ত্রকে তোয়াক্কা করে না। আওয়ামী লীগ অবিনাশী সৃষ্টি ও চেতনার নাম। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, কৃষি বিষয়ক সম্পাদক আহমেদুর রহমান সিদ্দিকী, উপ প্রচার সম্পাদক শহীদুল আলম, কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার বিজয় কৃষান চৌধুরী, হাজী বেলাল আহমদ, মহিউদ্দিন বাচ্চু এমপি, থানা আওয়ামী লীগের সিদ্দিক আলম, আলহাজ্ব সাহাব উদ্দীন আহমদ, আনছারুল হক, ওয়ার্ড আওয়ামী লীগের ইউনুছ কোম্পানী, মোঃ নাজিম উদ্দীন চৌধুরী, হারুনুর রশিদ, এড. আইয়ুব খান, আশরাফুল আলম, শেখ সরওয়ার্দী, এড. শাহেদুল আজম শাকিল। উপস্থিত ছিলেন দিদারুল আলম, হাজী মোঃ ইছহাক প্রমুখ।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।