খুঁজুন
, ,

জ্বর, সর্দি, কাশি তাড়াতে সুজনের মৌসুমি ফল বিতরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 8 October, 2023, 2:20 pm
জ্বর, সর্দি, কাশি তাড়াতে সুজনের মৌসুমি ফল বিতরণ

জ্বর, সর্দি, কাশি তাড়ান-জাম্বুরা, আমড়া, আমলকি খান এই স্লোগানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রোগী, নগরীতে কর্তব্যরত পুলিশ সদস্য, সিএনজি চালক, রিক্সা চালক, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মী, বাসের সহকারী, পথচারীসহ সর্বসাধারণের মাঝে মৌসুমি ফল বিতরণ করেন চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। আজ রবিবার (৮ অক্টোবর ২০২৩ইং) সকালে নগরীর বিভিন্ন এলাকায় এসব মৌসুমি ফল বিতরণ করেন তিনি।
এসময় সুজন বলেন নগরীতে সিজনাল জ্বরের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হঠাৎ করে প্রায় সব ঘরে ঘরেই জ্বরে আক্রান্ত রোগীর খবর পাওয়া যাচ্ছে। অনেকে এসব সিজনাল জ্বরকে ডেঙ্গু মনে করে ভয় পাচ্ছেন। তাই জ্বরে আক্রান্ত হলে ভয় না পাওয়ার আহবান জানান তিনি। আবার অনেকে জ্বর হলেও ডাক্তারের চিকিৎসা না নিয়ে ঘরে সাধারন চিকিৎসা করে থাকেন। অনেক সময় এক্ষেত্রে ঝুঁকিরও ভয় থাকে। তাই জ্বর হলে কালবিলম্ব না করে সাথে সাথেই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহবান জানান তিনি। তিনি আরো বলেন আমরা মৌসুমি ফল খেয়েও এসব সিজনাল জ্বর থেকে মুক্তি পেতে পারি। বিশেষ করে জ্বরে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে জাম্বুরা, আমড়া, আমলকি প্রতিষেধক হিসেবে কাজ করে থাকে। বাজারে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে মৌসুমি ফল পাওয়া যাচ্ছে। দেশীয় ফল হওয়ার কারণে যেগুলো দামেও সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। তাছাড়া বিদেশ থেকে আমদানিকৃত ফলের মূল্য অত্যধিক হওয়ায় সাধারণ ক্রেতা এসব ফলের স্বাধ গ্রহণ করতে পারছে না।

তাই জ্বরে আক্রান্ত রোগী এবং নগরবাসীকে এসব মৌসুমি ফল খাওয়ার মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার আহবান জানান তিনি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক সুজন আরো বলেন আমাদের নতুন প্রজন্ম এসব ফলের নাম এবং পুষ্টিগুণ সম্পর্কে অবগত নন। তাই বাবা-মা’কে সন্তানদের এসব ফল সম্পর্কে ধারণা দিতে হবে। এসব মৌসুমি ফল যে অনেক ক্ষেত্রে ওষুধের কাজ করে তাও সকলকে জানানোর আহবান জানান তিনি। তিনি নগরবাসীর মাঝে সচেতনতা এবং উৎসাহ প্রদানের জন্য এসব মৌসুমি ফল বিতরণ কার্যক্রম শুরু করেন। মৌসুমি ফল বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানান নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্ঠা খোরশেদ আলম সুজন। ফল বিতরণ কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি, নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ, সদস্য সচিব মো. হোসেন, এছহাক চৌধুরী, মো. শাহজাহান, মো. ফোরকান, সোলেমান সুমন, শহীদুল আলম লিটন, মনিরুল হক মুন্না, মো. তাজউদ্দিন, আকাশ বিশ্বাস, অতীশ চৌধুরী, মো. ইমতিয়াজ, মো. রাকিব প্রমূখ।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।