খুঁজুন
, ,

নারী ও শিশু মাদকসেবী বেড়েছে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 5 October, 2023, 8:18 am
নারী ও শিশু মাদকসেবী বেড়েছে

দেশে গত তিন বছরে নারী ও শিশু মাদকাসক্ত বেড়েছে তিন গুণ। অপরিকল্পিত গর্ভপাতসহ বিভিন্ন কারণে মাদকাসক্ত হয়ে পড়ছেন নারীরা। উচ্চবিত্ত পরিবারের নারীদের মধ্যে এ নিয়ে চিকিৎসা নেওয়ার প্রবণতা বাড়লেও, মধ্য ও নিম্নবিত্তের মধ্যে তা বাড়েনি। সামাজিক ও অর্থনৈতিক চাপে এখনও অধিকাংশ মাদকাসক্ত নারী চিকিৎসার বাইরে। দেশের সরকারি ও বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রের এক পরিসংখ্যানে জানা গেছে এ তথ্য।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানিয়েছে, মাদকসেবীদের চিকিৎসা নিশ্চিত করতে ইতোমধ্যে প্রকল্প নেওয়া হয়েছে।

কারণ ভিন্ন

বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা গেছে, নারীদের মাদক গ্রহণের কারণগুলো পুরুষদের কারণের চেয়ে অনেকাংশে ভিন্ন। নারীদের ক্ষেত্রে মূল কারণের তালিকায় আছে— বন্ধুদের চাপ, হতাশা, অর্থনৈতিক কারণ, পাশ্চাত্য সংস্কৃতির অনুসরণ, প্রেমের সম্পর্কে টানাপোড়েন, মাদক ব্যবহারের পারিবারিক ইতিহাস, শারীরিক ও মানসিক সমস্যা, মা-বাবার কলহ, বাল্যবিয়ে, শারীরিক-মানসিক নির্যাতন ইত্যাদি। মানসিক রোগের কারণেও অনেক নারী মাদক ব্যবহার করে। যেমন— সিজোফ্রেনিয়া, ব্যক্তিত্ব বৈকল্য, বিষণ্নতা।

ঢাকায় আহছানিয়া মিশনের স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. ইকবাল মাসুদ নারী রোগীদের চিকিৎসার অভিজ্ঞতার বরাত দিয়ে এসব তথ্য জানান।

এ সংস্থায় চিকিৎসা নিতে আসা ১০৩ জন রোগীর মধ্যে ৩৮ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ১৭ জন নারী রোগীকে কোনও না কোনও সময় অপরিকল্পিত গর্ভধারণের জন্য গর্ভপাত করতে হয়েছিল।

মাদকে নারীর যত ক্ষতি

গবেষণায় দেখা গেছে, পুরুষদের তুলনায় নারীদের মাদকে আসক্তি জন্মায় দ্রুত। এতে তাদের স্বাস্থ্যঝুঁকিও বেশি থাকে। মাদকাসক্ত নারীর জন্ম দেওয়া শিশুর ওজন কম হয়। মানসিক বিকাশেরও ঘাটতি থাকে।

ডা. ইকবাল মাসুদ জানান, “যে নারীরা কোকেইন ও গাঁজা সেবন করে, তাদের সন্তানদের মধ্যে মনোযোগের ঘাটতি, ভাষা ও শিখনদক্ষতা কম দেখা যায়। আচরণগত সমস্যাও দেখা দেয়।

নারী ও শিশু মাদকসেবী বেড়েছে তিন গুণ

যে নারীরা ইয়াবা গ্রহণ করে তাদের গর্ভের ভ্রূণের বিকাশ কম হয়। গর্ভের শিশুও কম নড়াচড়া করে।

আবার যে নারীরা হেরোইনে আসক্ত হয়, তাদের শিশুদের ভেতরও ওই আসক্তির রেশ থেকে যায়। এ ছাড়া নবজাতকের ওজন কম হয় এবং মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়।

যারা অ্যালকোহল তথা মদ্যপানে আসক্ত হয়ে পড়েন তাদের সিরোসিস হওয়ার ঝুঁকি পুরুষের তুলনায় বেশি থাকে।”

মাদকসেবী বাড়ছে

২০২০ থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রের পরিসংখ্যান বলছে এই দুই বছরে মাদকসক্ত রোগী বেড়েছে। পুরুষ, নারী ও শিশু তিন বিভাগেই চিকিৎসা নেওয়ার সংখ্যা বেড়েছে। চিকিৎসকদের ধারণা মাদকের ব্যাপকতা ও সহজলভ্যতার কারণে আসক্তিও বাড়ছে।

পরিসংখ্যান বলছে, ২০২০ সালে সরকারি ও বেসরকারি নিরাময় কেন্দ্র থেকে ৩০ হাজার ১৩৩ জন মাদকাসক্ত রোগী চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে সরকারি নিরাময় কেন্দ্র থেকে ১৪ হাজার ৯৫২ জন এবং বেসরকারি থেকে ১৫ হাজার ১৮১ জন চিকিৎসা নিয়েছেন।

২০২১ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দেশে ৩৩ হাজার ৯০৩ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে সরকারি নিরাময় কেন্দ্র থেকে ১৭ হাজার ৮০৩ ও বেসরকারি থেকে ১৬ হাজার ১০০ জন চিকিৎসা নিয়েছেন।

নারী-শিশু তিন গুণ

নিরাময় কেন্দ্রগুলোতে চিকিৎসার পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে ২০১৯ সালের চেয়ে নারী ও শিশু মাদকসেবী বেড়েছে তিন গুণ।

২০১৯ সালে নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিয়েছে ৩৪০ জন নারী ও শিশু রোগী। ২০২০ সালে নিয়েছে ১ হাজার ১৪১ জন এবং ২০২১ সালের নভেম্বর পর্যন্ত চিকিৎসা নিয়েছে ৯৭৫ জন। দুই বছরেই দেখা যায়, সংখ্যাটা ২০১৯ সালের চেয়ে প্রায় তিন গুণ বেশি।

নেতিবাচক দৃষ্টিভঙ্গী

পুরুষ মাদকসেবীদের জন্য দেশে চিকিৎসার অনেক সুযোগ থাকলেও নারী মাদকগ্রহণকারীদের জন্য সেই সুযোগ নেই বললেই চলে। অনেক নারী আবার সুস্থ হতে চাইলেও সামাজিক চাপে সেটা পারেন না।

ডা. ইকবাল মাসুদ বলেন, ‘নারী মাদকাসক্তের চিকিৎসায় পরিবারের সদস্যদের অসহযোগিতা ও আস্থাহীনতার অভাবও বেশি দেখা যায়।’

এ ছাড়া তাদের জন্য চিকিৎসা ব্যবস্থাও অপ্রতুল। কিছু ক্ষেত্রে ব্যয়বহুলও। আবার নারীদের মধ্যে অস্বীকার করার প্রবণতাও বেশি থাকে বলে জানান বিভিন্ন নিরাময় কেন্দ্রের কর্মকর্তারা। অনেক সময় পরিবারও সঠিক তথ্য দেয় না।

উচ্চবিত্ত পরিবারের নারীরা মাদকাসক্তির চিকিৎসা করতে নিরাময় কেন্দ্রগুলোতে এলেও মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের মধ্যে এ প্রবণতা নেই বললেই চলে।

আবার, সরকারি চারটি নিরাময় কেন্দ্রের মাত্র একটিতে নারীর জন্য আলাদা শয্যা আছে। চিকিৎসা নিতে না আসার এটাও একটা বড় কারণ।

সরকারি চারটি নিরাময় কেন্দ্র রয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে। এর মধ্যে তেজগাঁওয়ে আছে ঢাকা সেন্ট্রাল ট্রিটমেন্ট সেন্টার (সিটিসি)। এখানে নারীদের জন্য বেড আছে মাত্র ১৫টি। এ ছাড়া চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় একটি করে নিরাময় কেন্দ্র রয়েছে। যশোর, রাজশাহী ও কুমিল্লায় নিরাময় কেন্দ্র রয়েছে জেলখানার ভেতর। তবে পর্যায়ক্রমে বিভাগীয় শহরগুলোতেও মাদক নিরাময় কেন্দ্র চালু করবে সরকার।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণের অধিদফতরের মহাপরিচালক আব্দুস সবুর মন্ডল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাদকাসক্তি একটি রোগ। রোগের চিকিৎসা নিশ্চিত করতে বেশকিছু পদক্ষেপ নিয়েছি। শিগগিরই এগুলো বাস্তবায়ন হবে।’

মামলা ছাড়াই যুবলীগ নেতা মাসুমকে গ্রেপ্তারের অভিযোগ, তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 3:06 pm
মামলা ছাড়াই যুবলীগ নেতা মাসুমকে গ্রেপ্তারের অভিযোগ, তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

চট্টগ্রামের ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড যুবলীগ নেতা আতিকুর রহমান মাসুমকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। কোতোয়ালি থানা পুলিশ কোনো মামলা ছাড়াই এবং বিনা অপরাধে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন প্রতিবাদকারীরা।

 

প্রতিবাদকারীদের অভিযোগ, আতিকুর রহমান মাসুমের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অপরাধের তথ্য কিংবা মামলার বিষয় সামনে না এনেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। একজন রাজনৈতিক কর্মীকে এভাবে আটক করার ঘটনায় তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

 

তাঁদের ভাষ্য, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করা জরুরি। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত ও বিচার হওয়া উচিত। কিন্তু বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার বা হয়রানি করা কোনোভাবেই কাম্য নয়।

 

এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদকারীরা তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ জনসমক্ষে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তাঁরা।

 

তাঁদের জোর দাবি, আতিকুর রহমান মাসুমের বিরুদ্ধে কোনো আইনগত অভিযোগ না থাকলে তাঁকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। পাশাপাশি গ্রেপ্তারের বিষয়টি স্বচ্ছভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও দাবি জানানো হয়েছে।

 

প্রতিবাদকারীরা বলেন, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং কোনো নাগরিক যেন অন্যায়ভাবে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের ঘটনায় এলাকায় আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

 

আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের সঠিক কারণ প্রকাশ এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

‘টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দেব’—নানক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Wednesday, 11 November, 2026, 10:54 pm
‘টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দেব’—নানক

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের নামে একটি রাজনৈতিক বক্তব্যের পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে।

 

পোস্টারে নানকের নামে উদ্ধৃত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, ‘দিস ইজ আওয়ামী লীগ, কাল ভোট দিন; টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দিব।’

 

পোস্টারটিতে ১১ নভেম্বর ২০২৬ তারিখ উল্লেখ রয়েছে। তবে বক্তব্যটি কোথায়, কখন এবং কোন অনুষ্ঠানে দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পোস্টারে উল্লেখ করা হয়নি।

 

এদিকে, বক্তব্যটি রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে প্রচারিত পোস্টারের বক্তব্যের সত্যতা ও পূর্ণাঙ্গ প্রেক্ষাপট নিশ্চিত করতে মূল ভিডিও বা সংশ্লিষ্ট অনুষ্ঠানের নির্ভরযোগ্য সূত্র যাচাই করা প্রয়োজন।

১৪–১৬ নভেম্বর টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Wednesday, 11 November, 2026, 10:40 pm
১৪–১৬ নভেম্বর টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের

বাংলাদেশ আওয়ামী লীগ আগামী ১৪ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী টানা তিন দিনের গণসংযোগ ও গণপ্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। দলটির ঘোষিত আট দফা দাবি বাস্তবায়ন এবং রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে।

 

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৪ নভেম্বর সারাদেশে আট দফা দাবির পক্ষে লিফলেট বিতরণ, দেয়াল লিখন, প্রচার-প্রচারণা ও গণসংযোগ করা হবে। পরদিন ১৫ নভেম্বর দাবিগুলোর সমর্থনে গণপ্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজনের কথা রয়েছে।

 

অন্যদিকে, ১৬ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়গুলোতে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে দলটি। একই দিনে ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয়েও স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিদেশে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের মাধ্যমে সংশ্লিষ্ট দূতাবাস, হাইকমিশন, কনস্যুলেট ও আন্তর্জাতিক সংস্থার প্রধান কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

আওয়ামী লীগের ঘোষিত আট দফা দাবির মধ্যে রয়েছে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, দল ও সহযোগী সংগঠনগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দিদের মুক্তি। পাশাপাশি দ্রব্যমূল্য ও জ্বালানির ব্যয় কমানো, বন্ধ শিল্পকারখানা চালু, কর্মসংস্থান সৃষ্টি, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার দাবিও অন্তর্ভুক্ত রয়েছে।

 

এ ছাড়া জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

 

প্রেস বিজ্ঞপ্তিতে দেশ-বিদেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সদস্যদের কর্মসূচি বাস্তবায়নে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

দলটির ভাষ্য অনুযায়ী, এসব কর্মসূচির মূল লক্ষ্য আট দফা দাবি বাস্তবায়নের পক্ষে জনমত গঠন এবং দেশব্যাপী আন্দোলন জোরদার করা।