খুঁজুন
, ,

সিআরবিতে “বিশ্ব পর্যটন দিবস” উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা প্রজন্ম চট্টগ্রাম’র

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 1 October, 2023, 1:06 pm
সিআরবিতে “বিশ্ব পর্যটন দিবস” উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা প্রজন্ম চট্টগ্রাম’র

বৃহত্তর চট্টগ্রাম’র মুক্তবুদ্ধি চর্চার সামাজিক সংগঠন প্রজন্ম চট্টগ্রাম’র পরিচালনায় প্রমোটিং বাংলাদেশ ট্যুরিজম অব প্রজন্ম চট্টগ্রাম’র আয়োজনে চট্টগ্রাম নাগরিক ফোরাম’র চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনের সৌজন্যে প্রতি বছরের ন্যায় এবারও গত ২৭ সেপ্টেম্বর, ২০২৩ উদযাপনে নানা কর্মসূচী মধ্যে দিয়ে পালিত হয়।

কর্মসূচীর মধ্যে ‘জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা’ ঘোষিত বিশ্বব্যাপী উদযাপনে পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ প্রতিপাদ্য বিষয়ে “বিশ্ব পর্যটন দিবস” আয়োজনে ঐদিন বিকাল ৩ টায় চট্টগ্রাম নগরীর ফুসফুস খ্যাত সিআরবি শিরীষতলা’র মুক্তমঞ্চে “কবিতা আবৃত্তি, পরিবেশ প্রকৃতি রক্ষায় আলোচনা সভা, উন্মুক্ত শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা ও বর্ণাঢ্য শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রমোটিং বাংলাদেশ ট্যুরিজম অব প্রজন্ম চট্টগ্রাম’র অন্যতম উপদেষ্টা, দেশবরেণ্য পরিবেশ ও প্রকৃতিবিজ্ঞানী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. ইদ্রিস আলীর সভাপতিত্বে সংগঠনের প্রধান নির্বাহী চৌধুরী জসীমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধনী বক্তব্য রাখেন চট্টগ্রাম আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা সম্পাদক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব লায়ন মো. দিদারুল আলম চৌধুরী।

এতে উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতার প্রধান বিচারক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইন্সটিটিউটের সাবেক পরিচালক ও ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ভাস্কর প্রণব মিত্র চৌধুরী, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী লায়ন মো. জাবেদ আবছার চৌধুরী, চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব সাংবাদিক মো. কামাল উদ্দিন, বাংলাদেশ পর্যটন করপোরেশন-চট্টগ্রামের হোটেল সৈকতের ম্যানেজার মো. সরওয়ার উদ্দিন, চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার মো. হাবিবুর রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাশবন ও ভোজন বাড়ী রেস্তোরাঁর ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসাইন রাসেল, জয় বাংলা অধ্যায় কেন্দ্রের পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান, সাংবাদিক স ম জিয়াউর রহমান, মুন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র চেয়ারম্যান ফয়সাল মুন এবং নাগরিক ফোরামের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের উন্মুক্ত শিশু কিশোর চিত্রাংকন (প্রথম-দ্বাদশ শ্রেণী) প্রতিযোগিতায় তিন শতাধিক প্রতিযোগিদের অংশগ্রহণকারীদের সাথে আমন্ত্রিত সম্মানিত অতিথিদের নিয়ে এক “বর্ণাঢ্য শোভাযাত্রা” অনুষ্ঠিত হয়।

পর্যটন দিবসের মিডিয়া উপ কমিটির আহবায়ক ফটোসাংবাদিক রতন বড়–য়া, চিত্রাংকন উপ কমিটির আহবায়ক মুহাম্মদ মফিজুর রহমান, সদস্য সচিব মুহাম্মদ হুসনুল মোবারক ও সমন্বয়কারী মো. রায়হান ইসমাইল, শোভাযাত্রা উপ কমিটির আহবায়ক মো. তারেক হোসেন, সদস্য সচিব জোবায়ের আহমদ শাওন, সমন্বয়কারী মো. ফাহিম উদ্দিন, মো. আসলাম চৌধুরী, ইফতেখার হোসেন রাফি, মীর হোসেন, মোহাম্মদ সুমন, জান্নাতুল ফেরদৌস, রাইসুল ইসলাম রাহাদ ও আবিদ মাহমুদ অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচীর দায়িত্ব পালন করেন।

এদিকে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সকলকে সনদ পত্র ও ক, খ ও গ বিভাগ থেকে মোট নয় জনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে পুরস্কারসহ তাদেরকে সংগঠনের সদস্য পদে অন্তর্ভুক্ত করা হবে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।