খুঁজুন
, ,

স্মার্ট চট্টগ্রাম বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 23 September, 2023, 11:29 am
স্মার্ট চট্টগ্রাম বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য

চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, স্মার্ট চট্টগ্রাম বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য। নানা কারণে চট্টগ্রামের বিশেষ তাৎপর্য রয়েছে। তাই চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গেজেটভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। একটি শহরে অনেক উপাদান রয়েছে। সব উপাদান স্মার্ট হলেই গড়ে উঠবে স্মার্ট নগরী। জনমতের প্রতিফলনের ভিত্তিতে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। তাতেই কাক্সিক্ষত লক্ষ্য বাস্তবায়নের কাজ অনেকটা সহজ হবে।

তিনি আরো বলেন, চট্টগ্রামে সরকারিভাগে ক্যান্সার হাসপাতাল স্থাপনের প্রস্তাব প্রধানমন্ত্রীর বরাবরে পেশ করা হয়েছে। পাশাপাশি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের বিষয়টিও তুলে ধরা হয়েছে। এ ব্যাপারে আশা করি সহসা সুফল পাওয়া যাবে। চট্টগ্রামে সবুজায়ন এবং খেলার মাঠ বৃদ্ধিরও উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি স্কুলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধিসহ শিক্ষার প্রকৃত পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টা চলছে। চট্টগ্রাম প্রেস ক্লাবকে স্বাবলম্বী করার যেকোনো পরিকল্পনায় জেলা প্রশাসনের বিশেষ ভূমিকা থাকবে।

স্মার্ট নগরীর অংশ হিসেবে চট্টগ্রামে চালু করা হচ্ছে স্মার্ট বাস। এই বাসগুলোর উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ করা, অভিভাবকদের ভোগান্তি ও যানজট নিরসন এবং দুর্ঘটনা রোধে ভূমিকা রাখা। স্মার্ট বাসে শিক্ষার্থীরা উঠলে ক্ষুদে বার্তা যাবে অভিভাবকদের মুঠোফোনে। অভিভাবকরা বাসায় কিংবা কর্মস্থলে বসে মুঠোফোনে দেখতে পারবেন তার সন্তান বাসে রয়েছে কিনা।

২৩ সেপ্টেম্বর শনিবার প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এসব কথা বলেন। তার বক্তব্যের আগে স্মার্ট চট্টগ্রাম পরিকল্পনা ও বাস্তবায়নের পাশাপাশি সুফলের নানা দিক প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।

সভাপতির বক্তব্যে সালাহউদ্দিন মো. রেজা বলেন, স্মার্ট দেশ গড়তে হলে প্রয়োজন স্মার্ট মানসিকতা। চট্টগ্রাম জেলা প্রশাসন ইতোমধ্যে নানা প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। চট্টগ্রাম প্রেস ক্লাবকে স্বাবলম্বী করার ক্ষেত্রে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতার আশ্বাসের জন্য তিনি ধন্যবাদ জানান।

স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক বলেন, চট্টগ্রামকে পিছিয়ে রেখে জাতীয় উন্নয়ন কখনো সম্ভব নয়। বিষয়টি সকলের কাছে বোধগম্য হলেও কার্যকর তেমন পদক্ষেপ নেই। শিক্ষা-চিকিৎসা’সহ নানাক্ষেত্রে চট্টগ্রাম অনেক পিছিয়ে। স্মার্ট চট্টগ্রাম গড়ার ক্ষেত্রে চট্টগ্রাম প্রেস ক্লাবের ও উন্নয়ন প্রয়োজন।

যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ ও মো. আইয়ুব আলী, সাংবাদিক আসিফ সিরাজ, মইনুদ্দীন কাদেরী শওকত এবং জাহিদুল করিম কচি।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মাননা স্মারক প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, গ্রন্থাগার সম্পাদক কুতুব উদ্দিন, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, এডিসি (শিক্ষা ও আইসিটি) মো. সাদি উর রহিম জাদিদ, সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।