খুঁজুন
, ,

যেভাবে খুলবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 23 September, 2023, 8:42 am
যেভাবে খুলবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল

বাংলাদেশসহ ১৫০টি দেশে কিছুদিন আগেই চালু হয়েছে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার। হোয়াটসঅ্যাপ চ্যানেল নামে নতুন ফিচার সাড়া জাগিয়েছে। হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট থাকলে এ সুবিধা খুব সহজেই ব্যবহার করা যাবে।

হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলার আগে ফিচারটি কিভাবে কাজ করে তা জেনে নেওয়া যাক। হোয়াটসঅ্যাপ চ্যানেল প্রাইভেট নিউজলেটারের মতো কাজ করবে। এর মাধ্যমে সরাসরি আপডেট শেয়ার করা যাবে। আবার সার্চ করে নিজের পছন্দ অনুযায়ী যেকোনো চ্যানেলের সাবস্ক্রাইবার হওয়া যাবে। এর ফলে সাবস্ক্রাইবাররা চ্যানেলের শেয়ার করা সব আপডেট সরাসরি পাবে।

চ্যানেল ক্রিয়েটর ও ব্যবহারকারীর নিরাপত্তাও দেবে এই ফিচার। কোনো চ্যানেলের সাবস্ক্রাইবারের তালিকা আরেক সাবস্ক্রাইবার দেখতে পারবে না। সেই সঙ্গে অন্য সাবক্রাইবার ও চ্যানেল পরিচালকদের কাছে সাবস্ক্রাইবারের ফোন নম্বরসহ ব্যক্তিগত তথ্য গোপন থাকবে।

অ্যান্ড্রয়েড, আইওএস ও ডেস্কটপের সর্বশেষ ভার্সনে ফিচারটি ব্যবহার করা যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজমোচিনার প্রতিবেদন অনুসারে কিভাবে ফিচারটি ব্যবহার করবেন তা তুলে ধরা হলো।

অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলার নিয়ম

১. অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন
২. আপডেট ট্যাবে যান
৩. প্লাস (+) আইকোন এ ট্যাপ করুন ও ‘নিউ চ্যানেল’ অপশনটি নির্বাচন করুন।
৪. ‘গেট স্টার্টেড’ এ ট্যাপ করুন ও স্ক্রিনের নির্দেশনাগুলি অনুসরণ করুন।
৫. পছন্দ অনুযায়ী নাম দিয়ে চ্যানেলটি তৈরি করুন। প্রয়োজনে চ্যানেলের নাম পরেও পরিবর্তন করা যাবে।
৬. আইকন ও ডিসক্রিপশন লেখার অপশন থাকলে এই ধাপে তা করা যাবে। তবে পরেও এই কাজটি করা যাবে।
৭. সবশেষে ‘ক্রিয়েট চ্যানেল’ ট্যাপ করলে নতুন চ্যানেল তৈরি হয়ে যাবে।

আইফোনে যেভাবে খুলবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল
১. আইফোনে হোয়াটসঅ্যাপ খুলুন
২. আপডেট ট্যাবে যান
৩. ‘ক্রিয়েট চ্যানেলে’ অপশনে ট্যাপ করুন
৪. ‘গেট স্টার্টেড’ এ ট্যাপ করুন ও চ্যানেল তৈরির জন্য স্ক্রিনের নির্দেশনাগুলো অনুসরণ করুন।
৫. যেকোনো নাম দিয়ে চ্যানেল তৈরির প্রক্রিয়া শেষ করুন। চ্যানেলের নাম পরেও পরিবর্তন করা যাবে।
৬. আইকন ও ডিসক্রিপশন লেখার অপশন থাকলে এই ধাপে তা করা যাবে। তবে পরেও এই কাজটি করা যাবে।

চ্যানেল তৈরি হয়ে গেলে সাবস্ক্রাইবারদের সঙ্গে আপডেট ও তথ্য শেয়ার করা শুরু করতে পারবেন।

ওয়েব বা ডেস্কটপে যেভাবে খুলবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল

১. হোয়াটসঅ্যাপ ওয়েব খুলুন ও চ্যানেল আইকনে ক্লিক করে চ্যানেল সেকশন যান।
২. ‘ক্রিয়েট চ্যানেলে’ অপশনে ক্লিক করুন
৩. ‘কনটিনিউ’ বাটনে ক্লিক করুন ও স্ক্রিনের নির্দেশনাগুলো অনুসরণ করুন।
৪. পছন্দ অনুযায়ী নাম দিয়ে চ্যানেলটি তৈরি করুন। প্রয়োজনে চ্যানেলের নাম পরেও পরিবর্তন করতে পারবেন।
৫. চ্যানেলের আইকন ও ডেসক্রিপশন লেখার অপশন থাকলে এই ধাপে তা করা যাবে। তবে পরেও এই কাজটি করা যাবে।

চ্যানেলের লিংক শেয়ার যেভাবে
নতুন চ্যানেল খোলার পর সহজে সাবস্ক্রাইবার যোগ করতে চ্যানেলের লিংক শেয়ার করতে হবে। চ্যানেলের লিংক পেতে ও শেয়ার করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।
১. হোয়াটসঅ্যাপের চ্যানেলে ট্যাপ করুন
২. চ্যানেলের নাম সিলেক্ট করুন
৩. এ পর্যায়ে চ্যানেলের নাম দেখা যাবে। লিংক কপি করুন ও চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে লিংকটি শেয়ার করুন।

এই ফিচার এখনো নতুন তাই অনেক অ্যাকাউন্টে সাবস্ক্রাইব করার অপশন থাকলেও চ্যানেল তৈরি করার অপশন নাও থাকতে পারে। পুরোপুরি এই ফিচার সবার জন্য উন্মুক্ত হতে সময় লাগবে।

 

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।