খুঁজুন
, ,

এগ্রো সিন্ডিকেটের লোভের বলি আলুর বাজার- – খোরশেদ আলম সুজন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 13 September, 2023, 2:23 pm
এগ্রো সিন্ডিকেটের লোভের বলি আলুর বাজার- – খোরশেদ আলম সুজন

দেশের আলুর বাজার এগ্রো সিন্ডিকেটের লোভের বলি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। আজ বুধবার (১৩ সেপ্টেম্বর ২০২৩ইং) সকালে নগরীর অন্যতম বৃহৎ পাইকারী ব্যবসা কেন্দ্র রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীদের কাছে আলুর দাম বৃদ্ধির কারণ জানতে গিয়ে উক্ত মন্তব্য করেন তিনি।
এসময় সুজন ব্যবসায়ীদের কাছে আলুর দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে তারা বলেন মোবাইল ফোনে ব্যাপারীরা আলুর দাম ঠিক করে দেয়। আমরা বাজারের পাইকারী ব্যবসায়ীগণ আলু বিক্রি করে শুধু কমিশন পাই। মুন্সীগঞ্জের কোল্ড স্টোরেজগুলো আলুর মজুদ করে রেখেছে। পাশাপাশি কর্পোরেট কোম্পানীগুলোও আলুর কৃত্রিম সংকট সৃষ্টি করছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। এসময় সুজন বলেন আলু দেশে উৎপাদিত একটি পণ্য। এটি আমদানি করা পণ্য নয়। সহজলভ্যতার কারণে সব পরিবারের রান্নাঘরে আলু একটি জনপ্রিয় তরকারি হিসেবে ব্যবহৃত হয়। সে হিসেবে আলুর কদর সব সময়ই একটি বেশি থাকে। ডলারের দাম বৃদ্ধি কিংবা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সঙ্গে আলুর দাম বাড়ার কোন সম্পর্ক নেই। আলুর পর্যাপ্ত উৎপাদন থাকার পরও এগ্রো সিন্ডিকেটের কারণে আলুর দাম প্রায় দ্বিগুণ হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ভরা মৌসুমে আলুর দাম এতো বৃদ্ধি হওয়ার কোন কারণ নেই বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন আমরা জানতে পেরেছি মুন্সীগঞ্জ ভিত্তিক একটি সিন্ডিকেট এবং তথাকথিত এগ্রো সিন্ডিকেটগুলো আলুর দাম বৃদ্ধির সাথে জড়িত। সেখান থেকেই দাম নির্ধারণ করে দেওয়া হচ্ছে এবং পাইকারী ব্যবসায়ীদের সে দামেই আলু বিক্রি করতে হচ্ছে। সরকার কৃষিপণ্য সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য নানামূখী উদ্যোগ গ্রহণ করছে। সার, বীজ এবং কৃষি উপকরণে কোটি কোটি টাকা ভর্তুকি দিলেও সাধারণ ক্রেতা এর সুযোগ প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। এখন এগ্রো নামধারী সিন্ডিকেটরাই বাজার নিয়ন্ত্রণ করছে। দেখা যাচ্ছে যে আলু, ডিম, মুরগী, চাল, ভুট্টা, গরু, দুধসহ সকল পণ্য তাদের দখলে চলে যাচ্ছে। এসব এগ্রো নামধারী সিন্ডিকেটের হাত থেকে দেশের বাজারকে রক্ষা করতে হবে। আরো জানা যাচ্ছে এসব এগ্রো সিন্ডিকেট প্রান্তিক কৃষকদের নানাভাবে প্রলোভন দিয়ে আলু ক্ষেতে অন্যান্য পণ্যের চাষ করার জন্য উদ্বুদ্ধ করছে। তাদের নানামূখী অপতৎপরতা কৃষির উন্নতির চেয়ে ক্ষতি করছে বলে অভিযোগ রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে এসব সিন্ডিকেটের অপতৎপরতা রোধে সমন্বিতভাবে কাজ করারও আহবান জানান তিনি। চসিক সাবেক প্রশাসক আরো বলেন যখন যেসব পণ্যের দাম বৃদ্ধি করার অপচেষ্টা করা হবে তখনই সেসব পণ্য পাশর্^বর্তী দেশ থেকে আমদানি করার অনুমতি দিতে হবে। সিন্ডিকেট যাতে ভোক্তা সাধারণকে কোন প্রকার অসুবিধায় ফেলতে না পারে সেজন্য সারা বছরই এসব সিন্ডিকেটের উপর নজরদারি রাখারও আহবান জানান তিনি। সরজমিনে রিয়াজউদ্দিন বাজারে গিয়ে দেখা যায় পাইকারী বাজার এবং খুচরা বাজারে বিভিন্ন পণ্যের দামের ফারাক রয়েছে। সেখানে পাইকারী এবং খুচরা বাজার পাশাপাশি অবস্থান করলেও প্রতি কেজি সবজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত দামের তারতম্য লক্ষ্য করা গিয়েছে। এতে করে ক্রেতা সাধারনের পকেট থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। তাই ক্রেতাদের স্বস্তি দিতে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরকে প্রতিনিয়ত এসব বাজারে অভিযান পরিচালনা করার আহবান জানান সুজন। নাগরিক উদ্যোগ ধারাবাহিকভাবে নগরীর প্রতিটি বাজারে নিয়মিত মনিটরিং করবে বলে জানান তিনি। তিনি বাজারে ঘুরে ঘুরে উপস্থিত ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেন। বাজারে আগত সকলেই সুজনের উদ্যোগকে সাধুবাদ জানান। বাজারে কাদা মাটি ও নোংরা-আবর্জনায় ক্রেতাদের সীমাহীন দুর্ভোগে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছ, নজরুল ইসলাম আশরাফী, রুহুল আমিন তপন, সাইদুর রহমান চৌধুরী, রিয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যাণ সমিতির সভাপতি রফিক আহমদ, ব্যবসায়ী কামাল উদ্দিন, আবু তৈয়ব, সাধারণ সম্পাদক ফারুক শিবলী, আজগর হোসেন, হারুনুর রশীদ লিটন, জাফর আহমেদ, মোরশেদ আলম, মিজানুর রহমান মিজান, অনির্বাণ দাশ বাবু, শহীদুল আলম লিটন, মাহফুজ চৌধুরী, মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান আহমেদ ইমু, আরাফাত সজোয়ার জিকু, মনিরুল হক মুন্না, শাহনেওয়াজ আশরাফী, হাবিব রহমান, তন্ময় দাশগুপ্ত, জয়জিৎ চৌধুরী প্রমূখ।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।