খুঁজুন
, ,

দখল দুর্নীতির অভিযোগ আওয়ামী লীগের  ১২০ এমপির তালিকা দুদকে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 12 September, 2023, 6:29 am
দখল দুর্নীতির অভিযোগ আওয়ামী লীগের  ১২০ এমপির তালিকা দুদকে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নানা অনিয়মের সঙ্গে জড়িতদের খোঁজখবর নিতে ১২০ এমপির তালিকা এখন দুর্নীতি দমন কমিশনে (দুদক)। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় নির্বাচন সামনে রেখে ইতিমধ্যে তিনটি জরিপের রিপোর্ট হাতে পেয়েছেন। ওই জরিপে ১২০ এমপির বিরুদ্ধে নানা অভিযোগ উঠে এসেছে। এতে করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুব্ধ হয়েছেন। ফলে ১২০ এমপির বিরুদ্ধে উঠে আসা রিপোর্ট সম্পর্কে আরও খোঁজখবর নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে দেখার জন্য তাদের তালিকা দুদকে পাঠানো হয়েছে।
সূত্র বলছে, ১২০ এমপির বিরুদ্ধে নারী কেলেংকারী, অর্থনৈতিক অনিয়ম, জমি দখল, সরকারি সম্পত্তি দখল, দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ নানা ধরনের অনিয়মের অভিযোগ জরিপে উঠে এসেছে। সংগত কারণে তাদের বিষয়ে আরও খোঁজখবর নিতে দুদকে এসব এমপির নামের তালিকা পাঠানো হয়েছে। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে খোঁজখবর নিতে শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আওয়ামী লীগ মনে করে, টানা তৃতীয় দফায় ক্ষমতায় থাকায় দলের অনেক এমপিই দলীয় শৃঙ্খলার কথা ভুলে গেছেন। সম্প্রতি এমপি-মন্ত্রী ও উপমন্ত্রীরাও কেউ কেউ টাকার মালিক বনে গেছেন। তারা কেন এত টাকার মালিক হলেন, তাদের ওপর চরম ক্ষুব্ধ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা দলকে পাত্তা না দিয়ে নিজেকে হিরো হিসেবে নিয়েছেন। তারা মানছেন না দলের হাইকমান্ডের নির্দেশনাও। ইতিমধ্যে একাধিক সংস্থার মাধ্যমে জরিপ করেছেন শেখ হাসিনা। এসব জরিপে এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের এলাকায় অবস্থান, নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক, দলের ত্যাগী ও পোড় খাওয়া নেতাদের সঠিক মূল্যায়ন না করা, এমপি-মন্ত্রী ও উপমন্ত্রী বলয় তৈরি করাসহ নানা ধরনের অপকর্মের অভিযোগ উঠেছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর দুই সদস্য ও সম্পাদকমণ্ডলীর দুই সদস্য সময়ের আলোকে বলেন, ১২০ এমপির একটি তালিকা দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে বলে আমরা শুনেছি। তবে তাদের বিরুদ্ধে সরকারি ও মালিকানাধীন জমি দখল, কেউ কেউ সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল করেছে বলে অভিযোগ উঠেছে। এমনকি কোটি কোটি টাকার মালিকসহ নানা ধরনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এ অভিযোগের মধ্যে শুধু এমপিই নন, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা আছেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর দুই সদস্য ও সম্পাদকমণ্ডলীর দুই সদস্য  বলেন, ১২০ এমপির একটি তালিকা দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে বলে আমরা শুনেছি। তবে তাদের বিরুদ্ধে সরকারি ও মালিকানাধীন জমি দখল, কেউ কেউ সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল করেছে বলে অভিযোগ উঠেছে। এমনকি কোটি কোটি টাকার মালিকসহ নানা ধরনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এ অভিযোগের মধ্যে শুধু এমপিই নন, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা আছেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম  বলেন, জমি দখল, কোটি কোটি টাকার মালিক হয়েছেন এমন ১২০ এমপির বিরুদ্ধে দুদকে তালিকা পাঠানো হয়েছে কি না এমন খবর আমার জানা নেই। আর যদি পাঠানো হয়েও থাকে, সেখানে আমার নাম নেই, এটা আমি বলতে পারি।
জানা গেছে, গত ২ সেপ্টেম্বর গণভবনে রাত সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত ১৪ দলের কয়েকজন নেতার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় শেখ হাসিনা বলেন, এবারের নির্বাচনে দলীয় মনোনয়নের ক্ষেত্রে অনেকের আমলনামা আমার কাছে এসেছে। তাদের মধ্যে প্রায় ১২০ জনকে বাদ দেওয়ার চিন্তা করছি। এদের মধ্যে কারও কারও বিরুদ্ধে নানা নানা ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে। তাদেরকে এবার দলীয় মনোনয়ন দেওয়া হবে না। এর মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীও রয়েছেন। এরপর গত ৬ সেপ্টেম্বর গণভবনে আওয়ামী লীগের সিনিয়র নেতা, সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, দফতর, উপ-দফতর, প্রচার, উপ-প্রচার সম্পাদকদের সঙ্গে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রুদ্ধদ্বার বৈঠক করেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নেতাদের প্রধানমন্ত্রী নির্বাচন সামনে রেখে দলে অভ্যন্তরীণ কোন্দল নিরসন করে সংগঠন শক্তিশালী করারও তাগিদ দেন। এ বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের সিনিয়র নেতাদের উদ্দেশে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে শতাধিক এমপি বাদ পড়বে। তাই তাদেরকে যার যার নির্বাচনি এলাকায় গিয়ে প্রচার-প্রচারণা চালানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
গত ২ সেপ্টেম্বর গণভবনে রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের শরিক দলের অন্যতম এক নেতা সময়ের আলোকে বলেন, বৈঠকের এক ফাঁকে জোট নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শুধু ১৪ দলেরই নয়, আওয়ামী লীগেরও অনেক পোড় খাওয়া ও ত্যাগি নেতারা কিছুই পাননি, তাদের বিষয়ে চিন্তা করছি। বর্তমানে প্রায় ১২০ এমপির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ আমার কাছে এসেছে। এর মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীও রয়েছেন। তাদের লিস্ট দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে। আরও যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলে দলীয় মনোনয়ন দেওয়া হবে না।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।