খুঁজুন
, ,

সাক্ষরতা মানুষের জীবনঘনিষ্ঠ বিষয়-এম এ মালেক

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 8 September, 2023, 3:39 am
সাক্ষরতা মানুষের জীবনঘনিষ্ঠ বিষয়-এম এ মালেক

লেখাপড়া না শিখলে নিজের ক্ষতি, জাতির ক্ষতি, এমনকি দেশের ক্ষতি। লেখাপড়া শিখলে সবকিছুর উন্নতি ঘটবে। এগিয়ে যাবে দেশ। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত রোটারী ডিস্ট্রিক্ট লিটারেসি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।

গতকাল নগরীর প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এ অনুষ্ঠানের আয়োজন করে রোটারী ক্লাব অব চিটাগাং আপটাউন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা গভর্নর প্রকৌশলী মোহাম্মদ মতিউর রহমান, পারসন অব দ্যা সেমিনার ছিলেন পিডিজি এম আবদুল আহাদ, প্রবন্ধ উপস্থাপন করেন রোটারিয়ান পিপি প্রফেসর ডা. ইমরান বিন ইউনুস, আলোচক ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম ও রোটারিয়ান পিপি প্রফেসর ডা. ওয়াজির আহমেদ এবং ইভেন্ট চেয়ার ছিলেন রোটারী ক্লাব অব চিটাগং আপটাউনের চার্টার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান মুবিনুল হক মুবিন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পিডিএফএল পিপি সামিনা ইসলাম, ডিস্ট্রিক্ট সেক্রেটারি মোহাম্মদ আকবর হোসেন, সাবেক ডিস্ট্রিক্ট সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান, কনফারেন্স চেয়ার মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, চিফ সার্জেন্ট এট আর্মস নজরুল ইসলাম নান্টু ও ডিআরআর শরিফুল ইসলাম অপু।

আজাদী সম্পাদক এম এ মালেক তাঁর বক্তব্যে বলেন, সাক্ষরতা মানুষের জীবনঘনিষ্ঠ একটি বিষয়। শুধু জীবনঘনিষ্ঠ নয়, অতি ঘনিষ্ঠ, মানুষের বুলির মতোই প্রায়। নিজেকে প্রকাশ করার অন্যতম অবলম্বন। কিন্তু বর্তমানে শুধু নিরক্ষরতাকে জয় করে মৌলিক সাক্ষরতা অর্জনের মধ্য দিয়ে মানুষের নিত্যদিনের চাহিদা মেটানো ও প্রয়োজনীয় যোগাযোগ সম্পন্ন করা দুরূহ হয়ে পড়ছে। প্রযুক্তি এখন প্রকৃতির মতোই মানুষের নিত্যপ্রয়োজনীয় কাজকর্মে আলোকপাত করে। প্রযুক্তিকে বাদ দিয়ে দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম সম্পাদন অসম্ভব প্রায়। প্রযুক্তি ব্যবহার যথাযথভাবে রপ্ত করার জন্য দরকার ডিজিটাল সাক্ষরতা।

এম এ মালেক বলেন, ১৯৪০–এর দশকে পড়া ও লেখার দক্ষতাকে সাক্ষরতা বলে অভিহিত করা হয়। ধীরে ধীরে এটা পরিবর্তিত হতে থাকে। ষাটের দশকে পড়া ও লেখার দক্ষতার সঙ্গে সঙ্গে সহজ হিসাবনিকাশের যোগ্যতাসম্পন্ন মানুষই সাক্ষর মানুষ হিসেবে পরিগণিত হয়। সত্তরের দশকে পড়ালেখা ও হিসাবনিকাশের পাশাপাশি সচেতনতার দক্ষতা এবং আশির দশকে পড়া, লেখা, হিসাবনিকাশ, সচেতনতা ও দৃশ্যমান বস্তু সামগ্রী পঠনের ক্ষমতা সাক্ষরতা দক্ষতা হিসেবে স্বীকৃত হয়। নব্বইয়ের দশকে এসে সাক্ষরতা ভিন্ন রূপ লাভ করে এবং সম্প্রসারিত অবয়বে দক্ষতার ক্ষেত্রে সংযোজিত হয় জীবনের নতুন নতুন চাহিদা। যেমন সামাজিক কর্মকাণ্ডের দক্ষতা, যোগাযোগের দক্ষতা, ক্ষমতায়নের দক্ষতা, জীবন নির্বাহী দক্ষতা, আত্ম প্রতিরক্ষায় দক্ষতা, সাংগঠনিক দক্ষতা ও সাংস্কৃতিক দক্ষতা অর্জনের মূলে রয়েছে সাক্ষরতার মৌলিক দক্ষতা।

তিনি বলেন, রিডিং, রাইটিং ও অ্যারেথমেটিক এই তিন মৌলিক দক্ষতাকে সম্মিলিতভাবে ৩ আরএস বলা হয়। মূল ধারণাটি এসেছে জার্মান ভাষা থেকে। একজন সাক্ষর ব্যক্তি মাতৃভাষায় সহজে লিখতে, পড়তে ও বুঝতে পারেন। মনের ভাব লিখে প্রকাশ করতে পারেন, বুলির মাধ্যমে প্রকাশ করতে পারেন এবং দৈনন্দিন হিসাবনিকাশ করতে পারেন, প্রয়োজনে লিখে রাখতে পারেন। ১৯৮৯ সালে সাক্ষরতার যে সংজ্ঞা নিরূপণ করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে, মাতৃভাষায় কথা শুনে বুঝতে পারা, মৌখিক ও লিখিতভাবে তা প্রকাশ করার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় দৈনন্দিন হিসাব করা ও লিখে রাখার ক্ষমতাই সাক্ষরতা দক্ষতা। ৩ অর্জনের মাধ্যমে সাক্ষরতার মৌলিক দক্ষতাগুলো অর্জন সম্ভবপর হয়। ১৯৪৮ সালে ঘোষিত জাতিসংঘের মানবাধিকার ঘোষণার ধারা ২৬–এ সাক্ষরতা অধিকারের কথা সুস্পষ্টভাবে বলা হয়েছে। এই ঘোষণায় বলা হয়, শিক্ষা প্রতিটি মানুষের একটি মৌলিক অধিকার। মৌলিক স্তর পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে এই শিক্ষার ব্যবস্থা করতে হবে। এছাড়া কারিগরি ও পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগও বিস্তৃত হতে হবে।

তিনি আরো বলেন, পরিবর্তনশীল বিশ্বে টেকসই ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে সাক্ষরতা এখন বড় ভূমিকা পালন করছে। বলা বাহুল্য, শিক্ষা মানুষের জীবনধারায়, সামগ্রিক কার্যপ্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ, জীবনযুদ্ধের একটি হাতিয়ার, জীবনমান উন্নয়নের মৌলিক অনুষঙ্গ। এমনকি জীবনের সার্বিক অগ্রগতির নির্দেশক আর সাক্ষরতা শিক্ষার প্রাথমিক সোপান। প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক, আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক বা উপানুষ্ঠানিক যে কোনো শিক্ষা গ্রহণের প্রস্তুতি হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই সাক্ষরতা জ্ঞান অর্জন করতে হয়। তাই শিক্ষার আবশ্যিক শর্ত সাক্ষরতা অর্জনে জাতিসংঘ এবং ইউনেস্কোর বিশেষ অনুপ্রেরণায় উদযাপিত হয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এই অনুপ্রেরণা শুরু হয় অনেক আগে, ১৯৬১ সালের ডিসেম্বর মাসে, জাতিসংঘের সাধারণ অধিবেশনে পৃথিবী থেকে নিরক্ষরতা দূর করার জন্য গৃহীত একটি প্রস্তাব থেকে। এই প্রস্তাবে গরীব দেশের জনসাধারণকে সাক্ষর করার আন্দোলন এবং প্রচার অভিযান চালানোর ওপর জোর দেওয়া হয়। এই পরিপ্রেক্ষিতে ১৯৬২ সালের সেপ্টেম্বর মাসে ইতালির রোমে নিরক্ষরতা সমস্যা নিয়ে এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনেও নিরক্ষরতা দূর করার নিমিত্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, পরবর্তীকালে ১৯৬৫ সালের সেপ্টেম্বর মাসের ৮–১৯ তারিখ পর্যন্ত জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর উদ্যোগে ইরানে ১২ দিনব্যাপী একটি বিশ্ব সাক্ষরতা সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে পৃথিবীর ৮৮টি দেশের শিক্ষামন্ত্রী ও অনেক শিক্ষা বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন। এই সম্মেলনেই প্রতি বছরের ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০০৭ সালে এসে পড়া, লেখা এবং হিসাবনিকাশের দক্ষতায় গড়ে ওঠা সাক্ষরতার দক্ষতা ও পরিধি আরও সম্প্রসারিত হয়েছে। যার নাম অধিকার সচেতনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং অভিযোজন ক্ষমতা। এখন ডিজিটাল সাক্ষরতা অর্জনই সাক্ষরতা দক্ষতার অন্য নাম। টেকসই ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে সাক্ষরতার ভূমিকা তাই অনস্বীকার্য বলেও বক্তব্যে উল্লেখ করেন এম এ মালেক।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।