খুঁজুন
, ,

দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে হলে তৃণমূল থেকে নেতৃত্ব গড়ে তুলতে হবে-শামীম

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 21 August, 2023, 2:40 pm
দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে হলে তৃণমূল থেকে নেতৃত্ব গড়ে তুলতে হবে-শামীম

কেন্দ্রীয় বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে হলে তৃণমূল থেকে নেতৃত্ব গড়ে তুলতে হবে। যারা দীর্ঘদিন ধরে জেল-জুলুম হামলা মামলা সহ্য করে দলের জন্য মেধা শ্রম দিয়েছেন এবং রাজপথের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদেরকে যথাযথ সম্মান দেখানোর পাশাপাশি নতুন নেতৃত্ব সৃষ্টি করতে হবে। দলের পদ নিয়ে ঘরে বসে থাকা নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্হা নেয়া হচ্ছে। কোন আঁতাতকারী নেতা দলে স্হান পাবে না। বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হলে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি সোমবার (২১ আগষ্ট) বিকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির দোস্ত বিল্ডিংস্হ দলীয় কার্যালয়ে দক্ষিণ জেলার আওতাধীন আনোয়ারা উপজেলা, দোহাজারী পৌরসভা ও উত্তর সাতকানিয়া বিএনপির নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় মাহবুবের রহমান শামীম আরও বলেন, বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার প্রশাসন, বিচার বিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছে। তারা খালেদা জিয়াকে ভয় পায় বলেই বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না। আওয়ামীলীগ এখন বেহায়া দল হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি পেয়েছে। গনতন্ত্র হত্যাকারী, দেশের সম্পদ লুন্ঠনকারী এই সরকারকে জনগণ আর এক মূহুর্তও ক্ষমতায় দেখতে চাই না। তাদের গনতন্ত্রের খোলসে ফ্যাসিবাদী আচরণে মানুষ আতঙ্কিত। বিএনপির একদফা আন্দোলনের মাধ্যমে এই ভোট চোর সরকারকে ক্ষমতা থেকে সরাতে হলে বিএনপি নেতাকর্মীদেরকে সর্বোচ্চ ছাড় দিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। অচিরেই জনগনের ইচ্ছার প্রতিফলন হবে এবং গনতন্ত্র পুনরুদ্ধার হবে ইনশাআল্লাহ।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, আমাদের লক্ষ্য হল আগামীদিনে সাংগঠনিক প্রক্রিয়াকে আরও এগিয়ে নিতে, দৃঢ়ভাবে উদ্যোগ নিজেদের হাতে নেওয়া এবং শক্তিশালী রাজনৈতিক ভিত্তি প্রতিষ্ঠা করা। এর জন্য আমাদের প্রস্তুত হতে হবে। ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল সংগঠন গড়ে তুলে জগদ্দল পাথরের নীচে চাঁপা পড়ে থাকা গনতন্ত্রকে পুনরুদ্ধার করতে রাজপথের আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম বলেন, অবৈধ আওয়ামী সরকারের হাত থেকে গনতন্ত্র পুনরুদ্ধার করতে হলে রাজপথের পরিক্ষিত নেতাদের হাতেই সংগঠনের দায়িত্ব দিতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনতে এবং নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবী প্রতিষ্ঠা করার জন্য নেতাকর্মীদেরকে সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে। দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্বে একদফা আন্দোলনকে শতভাগ সাফল্য আনতে আমাদেরকে ঐক্যের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের জনগণ বিএনপির সাথে আছে। গনতন্ত্রকে পুনরুদ্ধার করতে কেন্দ্রীয় বিএনপি নির্দেশিত আন্দোলন কর্মসূচি গুলোকে শতভাগ অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ।

চট্টগ্রামের দোস্ত বিল্ডিংয়ে দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন, এম মন্জুর উদ্দীন চৌধুরী, মোস্তাফিজুর রহমান, আবু মোঃ নিপার, এড, ফৌজুল আমিন, ভিপি মোজাম্মেল, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, হুমায়ুন কবির আনসার, অধ্যাপক এহসানুল মৌলা, মঈনুল আলম ছোটন, আনোয়ারা উপজেলা বিএনপি নেতা ইলিয়াস কাঞ্চন, উত্তর সাতকানিয়া উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন, আপিল উদ্দীন আহমেদ, শফিকুল ইসলাম রাহী, ইলিয়াস বাবুল, গাজী মোঃ ফোরকান, মাষ্টার ফরিদুল আলম, দোহাজারী পৌরসভা বিএনপি নেতা কামাল উদ্দীন, টপটেন কামাল উদ্দীন, বাবু খাঁন, আবদুল হাকিম, নাছির উদ্দীন, শামশুল ইসলাম, ফয়েজ উদ্দীন, মীর হোসেন মিয়া, এসএম অলিদুল হুদা ওয়ালিদ, আবদুচ ছাত্তার সানি, উত্তর সাতকানিয়া বিএনপি নেতা শাহাদাত হোসেন চৌধুরী, আরমান হোসেন, নাসির উদ্দীন, মোঃ তসলিম উদ্দীন, মোঃ সেলিম উদ্দীন, জসীম উদ্দীন, ওসমান আলী, শামশুল আলম প্রমূখ।

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।