খুঁজুন
, ,

বাংলাদেশ আমেরিকার করদরাজ্য নয়- স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র-আ.জ.ম. নাছির

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 17 August, 2023, 2:31 pm
বাংলাদেশ আমেরিকার করদরাজ্য নয়- স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র-আ.জ.ম. নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, চিহ্নিত অগ্নি সন্ত্রাসীরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে এবং সন্ত্রাস ও সকল অপকর্মের কুলাঙ্গারেরা মাঠে নেমেছে। আমরা লক্ষ্য করছি যে, নাগিনীর বিষাক্ত নিশ্বাস চারদিকে। এই অবস্থায় আমরা ঘরে বসে থাকতে পারি না এবং যেখানেই বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদূর্ভোগ বাড়ানো হবে বা জানমালের ক্ষতি করবে সেখানেই তৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলা হবে। ২০০৫ সালের এই দিনে বিএনপি-জামায়াত জোট সরকারের অধীনে পরিকল্পিত সিরিজ বোমা হামলা ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আন্দরকিল্লা চত্বরে এক বিশাল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোন লাভ নেই। আওয়ামী লীগের জন্ম আন্দোলন, সংগ্রাম ও লড়াইয়ের মধ্য দিয়ে। বিগত ৭৪ বছরে এ জাতির যত সাফল্য অর্জিত হয়েছে তা আওয়ামী লীগের মাধ্যমেই হয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের বিজয় এবং শেখ হাসিনার নেতৃত্বে ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই আওয়ামী লীগ কোন অপশক্তির রক্ত চক্ষুকে পরোয়া করে না। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ঐক্যই আমাদের শক্তির উৎসব। যেকোন মূল্যে আমাদের ঐক্যবদ্ধ শক্তিকে সব সময় মাঠে থাকতে হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মুরুব্বী এবং পৃথিবীর সকল অঘটন দুর্ঘটনার খলনায়ক মার্কিন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী রাশেদ চৌধুরীকে আশ্রয় দিয়েছে। প্রশ্ন করি তারা কোন মুখে মানবতা ও গণতন্ত্রের কথা বলেন? তাদের পার্লামেন্টেও তারা সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে। আন্দোলনকারীদের মনে রাখা উচিত কোন বিদেশী শক্তি কাউকে ক্ষমতায় বসাতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্রের বোঝা উচিত ১৯৭১ সালে তারা বঙ্গোপসাগরে ৭ম নৌবহর পাঠিয়েও ফিরে যেতে বাধ্য হয়েছিল এবং বাংলাদেশের নিশ্চিত স্বাধীনতা অর্জনকে ভূলুন্ঠিত করতে পারে নি। তাদের আরো মনে রাখা উচিত বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং কখনো আমেরিকার করদরাজ্য ছিল না এবং হবেও না। কারণ আমরা মহান মুক্তিযুদ্ধের বিজয়ী শক্তি।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের আমরা ক্ষমতাসীন দলে আছি এই মানসিক গঠন প্রকৃতি থেকে সরে আসতে হবে এবং প্রমাণ করতে হবে আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি, রাজপথে থাকবোই। এই প্রত্যয় ধারণ করতে পারলে কোন অপশক্তি আমাদের পরাজিত করতে পারবে না। তিনি ১৭ আগস্টের কুশীলবদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবু তাহের, উপ-প্রচার সম্পাদক মোঃ শহিদুল আলম, নির্বাহী সদস্য জাফর আলম চৌধুরী, মহব্বত আলী খান, রোটারিয়ান মোঃ ইলিয়াছ, থানা আওয়ামী লীগের মোঃ আবুল মনছুর, মোঃ মঈনুদ্দীন, ওয়ার্ড আওয়ামী লীগের হাজী আবুল কাশেম, রুহুল আমিন তপন, সাইফুল আলম বাবু, মোঃ ইলিয়াছ সরকার, সাইফুদ্দিন খালেদ সাইফু, ইফতেখারুল আলম জাহেদ, লুৎফুল হক খুশি। উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, উপদেষ্টা শেখ মাহমুদ ইছহাক, সম্পাদক মন্ডলীর সদস্য শফিক আদনান, আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের, চন্দন ধর, হাজী মোঃ হোসেন, হাজী জহুর আহমদ, ডা. ফয়সল ইকবাল চৌধুরী, নির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, ইঞ্জিনিয়ার বিজয় কৃষাণ চৌধুরী, ড. নিছার উদ্দীন আহমেদ মঞ্জু প্রমুখ।

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।