খুঁজুন
, ,

গায়েবী মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের আন্দোলন থেকে দূরে সরানোর পায়তারা করছে-সুফিয়ান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 3 August, 2023, 10:39 am
গায়েবী মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের আন্দোলন থেকে দূরে সরানোর পায়তারা করছে-সুফিয়ান

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, অতীতের গায়েবী মামলার ধারাবাহিকতায় গত ১৬ দিনে লোহাগাড়া, পটিয়া, বাঁশখালী, চন্দনাইশ এবং বোয়ালখালী থানায় বিএনপি নেতাকর্মীদের আসামী করে ৫ টি গায়েবী মামলা দায়ের করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসব মিথ্যা মামলা সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে প্রত্যাহার না করলে প্রয়োজনে থানা ঘেরাওর মতো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো।

তিনি বৃহস্পতিবার (৩ আগষ্ট) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে অধিকাংশ নেতা উপস্থিত থাকলেও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব উপস্থিত ছিলেন না।দলের গুরুত্ব পূর্ণ পদ বহন করে তিনি ইদানিং কোন সভা সমাবেশে উপস্থিত না থাকার কারণ কেউ বলতে পাচ্ছেনা।দলের নেতা কর্মীদের প্রশ্ন তিনি কি জেলার সদস্য সচিব পদে আছেন, না কি পদত্যাগ করেছেন ?

দক্ষিণ চট্টগ্রামের পাঁচ থানায় বিএনপি নেতাকর্মীদের আসামী করে দায়ের করা মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহারের দাবীতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান। স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম।

এসময় আবু সুফিয়ান বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ভোট চুরির নির্বাচনে জোর করে ক্ষমতায় আসার পর থেকে দেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রাম করে আসছে বিএনপি। আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি ঘোষিত প্রতিটি কর্মসূচীতে দেশবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং দাবী আদায়ে অনড় রয়েছে। সরকারের প্রতিটি ক্ষেত্রে দলীয়করণ, সীমাহীন দুর্নীতি, লুটপাট, মানুষের উপর জুলুম নির্যাতন দেখে বিশ্ববাসী সরকারের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং তাদের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে ভিসানীতি প্রয়োগ করেছে। দেশে বিদেশে মানুষের কাছে আস্থা হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছে সরকার। মানুষ তাদের আর ক্ষমতায় চাইছে না সেটা দেখে তারা গদী রক্ষায় মরিয়া হয়ে ওঠেছে। তাই তারা তাদের পুরোনো কায়দায় নতুন করে সারা দেশে মিথ্যা এবং গায়েবী মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের আন্দোলন থেকে দূরে সরানোর পায়তারা করছে।


তিনি বলেন, গত ১৬ জুলাই থেকে ১ আগষ্ট পর্যন্তএই ১৬ দিনে লোহাগাড়া, পটিয়া, বাঁশখালী, চন্দনাইশ এবং বোয়ালখালী থানায় বিএনপি নেতাকর্মীদের আসামী করে পাঁচটি মামলা করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। গত ১৬ জুলাই পটিয়া থানায়, ২০ জুলাই বাঁশখালী থানায়, ২২ জুলাই লোহাগাড়া থানায়, ২৮ জুলাই চন্দনাইশ থানায় এবং ১ আগস্ট বোয়ালখালী থানায় এই মামলাগুলো দায়ের করা হয়। প্রত্যেক থানায় রুজু করা মামলায় একই ধারা গুলো ব্যবহার করে শুধুমাত্র স্থান, সময়, বাদী এবং আসামিদের নাম ব্যতীত সম্পূর্ণ মিল রেখে ঘটনা বর্ণনা করেছে। প্রতিটি মামলায় ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ধারা উল্লেখ করেছে, যাতে করে মামলা কঠিন হয়। অথচ ঐসময় ঐ এলাকাতে কোন প্রকার জমায়েত, মিছিল সমাবেশ বা অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। এটা শুধুমাত্র আগামী নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করার জন্য করা হয়েছে। ঘটনা বর্ণনায় যা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক, ভিত্তিহীন এবং বানোয়াট। আমরা খবর পেয়েছি অন্যান্য থানায়ও এধরনের মামলা করার জন্য তালিকা তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, চন্দনাইশ থানার মামলায় যাদের আসামী করা হয় তাদের মধ্যে পবিত্র হজ পালনের জন্য দেড় মাস সৌদি আরবে ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ চৌধুরী ও সাইফুল করিম। তাঁরা দেশে আসেন গত ৩০ জুলাই। অথচ ২৮ জুলাই চন্দনাইশ পৌরসভা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তার মামলার এজাহারে বলা হয়েছে, আগের দিন সরকারবিরোধী স্লোগান দিয়ে হজে থাকা ওই দুজনসহ ১২০ জন মিলে তাঁকে মারধর করেছেন। ওই সময় তাঁদের হাতে ছিল লাঠিসোঁটা ও পেট্রলবোমা। বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইন এবং ভাঙচুর মারধরের অভিযোগে এই মামলা হয়। ঘটনার সময় উল্লেখ করা হয়েছে ২৭ জুলাই দুপুর সোয়া ১২টা। ঘটনাস্থল দেখানো হয়েছে পৌরসভার গাছবাড়িয়া এলাকা। অথচ সেদিন ঐ এলাকাতে এধরনের কোন ঘটনা ঘটেনি।

তিনি বলেন, ১৬ জুলাই পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলমকে প্রধান আসামী করে ২১ জনের নাম উল্লেখ করে ১৪০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামী করে পটিয়া থানায় একটি মিথ্যা এবং বানোয়াট মামলা দায়ের করেন পৌরসভা যুবলীগের নজরুল ইসলাম। অথচ সেদিন ঐ এলাকাতে এধরনের কোন ঘটনা ঘটেনি এবং বিএনপি নেতা খোরশেদ আলম সহ অনেক নেতাকর্মী সেদিন চট্টগ্রামের বাহিরে ছিলেন। এরপর ২০ জুলাই বাঁশখালী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু মুছা মেম্বার সহ বিএনপির ১২০ জনকে আসামী করে বাঁশখালী থানায় মামলা করেন স্থানীয় আওয়ামীলীগ নেতা বৈলগাঁও এলাকার মো. ওসমান। পাশাপাশি ২২ জুলাই লোহাগাড়া থানা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তাফা আমিনকে প্রধান আসামী করে ১৭০ জনকে আসামী করে লোহাগাড়া থানায় মামলা দায়ের করা হয়। এই মামলায়ও পটিয়া থানায় রুজু করা মামলা মতো একই ধারা গুলো ব্যবহার করেছে। মামলা নং- ৩৪/২৭৫। সর্বশেষ ১ আগষ্ট বোয়ালখালী থানায় বোয়ালখালী পৌরসভা বিএনপি সদস্য সচিব ইউসুফ চৌধুরীকে প্রধান আসামী দিয়ে ১৬০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। এই মামলায়ও অন্যান্য থানায় রুজু করা মামলার মতো একই ধারা গুলো দেয়া হয়েছে।

তিনি বলেন, মিছিল সমাবেশ ও সভা অনুষ্ঠান করা আমাদের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার। বর্তমান অবৈধ সরকারের উপর জনগণের কোন আস্থা নেই। আর তাই ক্ষমতায় টিকে থাকতে তারা বিএনপি নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে, হয়রানী করে দমন পীড়ন চালাচ্ছে। আওয়ামীলীগ চট্টগ্রামের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশকে পরিকল্পিতভাবে নষ্ট করছে। প্রশাসন যন্ত্রকে তাদের অবৈধ ক্ষমতায় টিকে থাকার খুঁটি হিসেবে ব্যবহার করছে। কিন্তু এসব মামলা দিয়ে হয়রানী করে বিএনপিকে একদফার আন্দোলন থেকে পিছু হঠাতে পারবে না বরং আরো ইস্পাত কঠিন দুর্বার আন্দোলনের মাধ্যমে বিএনপি চূড়ান্তবিজয় ছিনিয়ে আনবে।

তিনি পুলিশের উদ্দেশ্যে বলেন, আপনারা প্রজাতন্ত্রের চাকরি করেন, কোন দলের নয়। প্রতিটি মানুষের নিরাপত্তা প্রদান করা আপনাদের দায়িত্ব। আপনারা কোন দলের আজ্ঞাবহ না হয়ে জনগণের সেবক হয়ে থাকুন। হয়রানী মূলক মিথ্যা মামলা দায়ের বন্ধ করে জনগণে অধিকার আদায়ে আমাদেরকে সহায়তা করুন।

তিনি দক্ষিণ চট্টগ্রামের পাঁচটি থানা সহ বৃহত্তর চট্টগ্রামে দায়েরকৃত এসব মিথ্যা গায়েবী মামলায় বিএনপি নেতা কর্মীদের গ্রেফতার বা হয়রানি না করে সুষ্ঠ তদন্তের মাধ্যমে এসব মামলা প্রত্যাহার করার জোর দাবী জানান।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সি. যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম, আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন, কামরুল ইসলাম হোসাইনী, এস এম মামুন মিয়া, নাজমুল মোস্তফা আমিন, সিরাজুল ইসলাম সওদাগর, মোস্তাফিজুর রহমান, আবু মো. নিপার, মফজল আহমদ চৌধুরী, হাজী মো. রফিক, মো. ইসহাক চৌধুরী, হামিদুল হক মান্নান চেয়ারম্যান, নূরুল কবির, জসিম উদ্দিন, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাঁশখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল হক চৌধুরী, পটিয়া পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী
আবু তাহের, বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মন্জুর আলম তালুকদার, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন প্রমূখ।

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।