খুঁজুন
, ,

চিফ হিট অফিসারকে নিয়ে ফখরুলের ‘টিপ্পনী’, ক্ষমা চাওয়ার আহ্বান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 11 July, 2023, 12:14 pm
চিফ হিট অফিসারকে নিয়ে ফখরুলের ‘টিপ্পনী’, ক্ষমা চাওয়ার আহ্বান

ঢাকা সিটি করপোরেশনের জন্য নিয়োগ পাওয়া চিফ হিট অফিসারকে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস-বিরোধী রাজু ভাস্কর্যে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এ সময় আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ডেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে নিঃশর্তে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের সভাপতি কোহিনূর আক্তার রাখি বলেন, ‘ঢাকার হিট অফিসার নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তা নিছক তার একক বক্তব্য নয়। এটি তার দলের দৈন্যতা, দলের নেতাকর্মীদের নিচু মানসিকতা ও নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গির প্রতিচ্ছবি। তিনি যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তার জন্য তিনি যেন নারী সমাজের কাছে ক্ষমা প্রার্থনা করেন। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে যখন দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে নারী সমাজ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের নারী ফুটবলাররা যখন চ্যাম্পিয়নশিপ অর্জন করছে, যখন গোটা বিশ্ব তাদের প্রশংসায় পঞ্চমুখ, ঠিক তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিভাবে এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারে তা আমাদের বোধগম্য নয়।’

তিনি আরও বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা বলে দিতে চাই, তিনি বোধহয় বয়সের সঙ্গে সঙ্গে তার চিন্তাশক্তিও হারিয়ে ফেলছেন। তিনি যেন কথাবার্তা আরও সাবধান হয়ে বলেন। তিনি যেন কাদেরকে নিয়ে কি বলছেন সেটা ভেবে চিন্তে বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কুরুচিপূর্ণ বক্তব্য একজন মেয়েকে নিয়ে করেছেন তা একজন মেয়েকে নয়, দেশের নারী-সমাজকে অপমান করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’

বাংলাদেশ কুয়েত মৈত্রী হল শাখা ছাত্রলীগের সভাপতি রাজিয়া সুলতানা বলেন, ‘আমরা বৈরী পরিবেশে নারী শিক্ষার্থীরা একত্রিত হয়েছি। আমরা কোনো বৈরী পরিবেশ চাই না। বাংলাদেশে যেখানে প্রধানমন্ত্রী, স্পিকার, শিক্ষামন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী নারী সেখানে এরকম কুরুচিপূর্ণ মন্তব্য আমরা শুনতে বা মানতে চাই না। বিগত দশকে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন সন্ধ্যা সময় নারী শিক্ষার্থীরা রাস্তা দিয়ে হাটতে পারত না। অস্ত্রের ভয়ে রাস্তা দিয়ে হাটতে পারত না। সন্ধ্যা হলে আমাদের মুরগির মতো রুমে চলে যেতে হত।’

তিনি আরও বলেন, ‘এখনকার মেয়েরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন। তারা জানে নিজেদের অধিকার কীভাবে আদায় করতে হয়। সেজন্য আমরা একতাবদ্ধ হয়ে এখানে দাঁড়িয়েছি। মির্জা ফখরুলকে বলতে চাই, আপনি নিজে একজন বয়স্ক লোক হয়ে নিজের বয়সের একজন মেয়েকে কীভাবে বলতে পারেন আপনি তাকে দেখে হিটেড হয়ে যান। এরকম একজন লোক দলের মহাসচিব কীভাবে হয় সেটাই আমাদের প্রশ্ন। কীভাবে কথা বলতে হয় আপনাকে শিখতে হবে। না পারলে নারী শিক্ষার্থীদের কাছ থেকে আপনি এসে শিখে যান কীভাবে কথা বলতে হয়, কোন ভাষায় প্রতিবাদ জানাতে হয়। আপনাকে অবশ্যই সংবাদ সম্মেলনে নারী সমাজের কাছে ক্ষমা চাইতে হবে। না হলে আগামী ভোটে আমরা দেখিয়ে দেব আমাদের ক্ষমতা কতটুকু। আপনি যতদিন পর্যন্ত ক্ষমা না চাইবেন ততদিন আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাল্গুনী বলেন, বিএনপি মহাসচিব যে বক্তব্য দিয়েছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আসলে নারী জাতিকে সম্মান দিতেই শিখেননি। তার পূর্বসূরিরাও তা দিতে পারেননি, তিনিও দিতে পারছেন না এবং তার উত্তরসূরিরাও দিতে পারবেন না। দেশরত্ন শেখ হাসিনা যখন নারীর সমতা আনয়নের জন্য ব্যাপক ভূমিকা পালন করছেন তখন একটি দলের মহাসচিব হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নারীদের জন্য কী অবদান রাখছেন সেটাই বোধগম্য নয়।

গত ৮ জুলাই ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার হিট অফিসারের ব্যাপারে বলেন, ‘বিদেশ থেকে ছেলে-মেয়ে নিয়ে এসে সিটি করপোরেশনে নিয়োগ দেয়, নাম দেয় হিট অফিসার। তো আমরা তো এখন হিটেড হয়ে গেলাম। চিকন গুনিয়া, ডেঙ্গু, করোনায় স্বাস্থ্য সেবা না পেয়ে পেয়ে আমরা তো এখন হিটেড বুটেড হয়ে গেলাম।’

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।