খুঁজুন
, ,

ডেঙ্গু আক্রান্তের এক-চতুর্থাংশই শিশু

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 9 July, 2023, 8:47 am
ডেঙ্গু আক্রান্তের এক-চতুর্থাংশই শিশু

পূর্ব গোড়ানের বাসিন্দা কবিরুল আলম ও রুবিনা ইয়াসমিন দম্পতির আড়াই বছরের মেয়ে রুফাইদা। ঈদের আনন্দ কাটতে না কাটতেই এই পরিবারে নেমে আসে দুশ্চিন্তা। ঈদের পর দিন থেকেই জ্বরে ভুগছিল রুফাইদা। সঙ্গে পেট খারাপ, পেট ব্যথাও। নাপা সিরাপ খাইয়ে সাময়িকভাবে জ্বর কমে। এরপর আবার আসে। ৪ দিন আগে জানা গেল, রুফাইদা ডেঙ্গুজ্বরে আক্রান্ত। কোনো ঝুঁকি না নিয়ে তাকে ভর্তি করানো হয় রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল শনিবার দেখা গেল, একটু পরপরই জ্বরের তীব্রতায় ছটফট করছে রুফাইদা। কেঁদে কেঁদে বলছে ‘ব্যথা, ব্যথা।’ মেয়ের ব্যথা কমাতে নানা চেষ্টা করছিলেন রুবিনা। কিন্তু তাতে খুব একটা কাজ হয়নি। কান্না সাময়িক থামলেও একটু পর আবার রুফাইদার কান্না শুরু হয়। সন্তানের এই কষ্টে চোখ ভিজে উঠছিল রুবিনারও।

মুগদা হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, প্রতিনিয়তই শিশুদের নিয়ে অভিভাবকরা হাসপাতালে আসছেন। অর্ধেকের মতো শিশুকে ভর্তি করতে পারছে হাসপাতাল কর্তৃপক্ষ। আর হাসপাতালে ভর্তি রোগীদের প্রায় এক-চতুর্থাংশই শিশু। এদের মধ্যে ছয় মাসের শিশুও রয়েছে।

হাসপাতালের পুরুষ ওয়ার্ডের চিত্রটিও একই রকম। প্রতিটা বেডেই রোগী। ১০ তলায় পুরুষ ওয়ার্ডে ভর্তি খিলগাঁও এলাকার বাসিন্দা ইব্রাহিম (৩৭)। ৫ দিন হলো হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তার পাশে বিষন্ন হয়ে বসে ছিলেন স্ত্রী ফরিদা পারভীন। একটু পরপর ক্যানুলা লাগানো স্বামীর ডান হাতটায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। তার এমন উদ্বেগের কারণ, হাসপাতালে ভর্তির পর বৃহস্পতিবার হঠাৎ করেই ইব্রাহিমের রক্তে প্লাটিলেট কমে গিয়েছিল। চিকিৎসা চললেও দুশ্চিন্তা কাটছে না। ফরিদা বলেন, ডাক্তার বলেছে ওর (ইব্রাহিম) অবস্থা এখন ভালো। কিন্তু ভরসা পাচ্ছি না। বাসায় ৭ বছর ও ৩ বছর বয়সি দুইটা বাচ্চা, বয়স্ক শাশুড়ি। ওকে নিয়ে হাসপাতালে আছি। ওদের জন্যও চিন্তা হয়। কবে বাসায় যাব তা-ও জানি না। বাসায় গিয়ে সবাই কতদিন পর্যন্ত সুস্থ থাকতে পারব এর-ও-তো নিশ্চয়তা নেই।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ঢাকার দুই সিটি করপোরেশনের ৫৫টি ওয়ার্ডে এডিস মশার লার্ভার উপস্থিতি ছিল অধিক ঝুঁকিপূর্ণ। তবে পুরো ঢাকার সবাই এই ঝুঁকিতে আছে। হাসপাতালের ৩য় তলায় মহিলা ওয়ার্ডে ভর্তি ছিলেন ইশরাত (২৯)। গতকাল শনিবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিনি। ছাড়পত্র পেয়ে বাড়ি যাওয়ার খুশির পাশাপাশি আতঙ্কিতও ছিলেন ইশরাত। ইশরাত বলেন, পত্র-পত্রিকায়, খবরেতো দেখছি, এ বছর নাকি ডেঙ্গুর ব্যাপকতা আগের চেয়ে আরো বাড়বে। সুস্থ হয়ে বাসায় যাচ্ছি ঠিকই; কিন্তু কতক্ষণ সুস্থ থাকতে পারব জানি না। রবিবার থেকে স্কুল খুলছে। আমার দুটি ছেলে মতিঝিল আইডিয়াল স্কুলে পড়ে। বাসায় আমরা যতই সচেতন থাকি, স্কুলে বা গাড়িতে কি বাচ্চারা নিরাপদ? আমরা নিরাপদ?

পবিত্র ঈদুল আজহার ছুটি কাটিয়ে আজ রবিবার খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুর ব্যাপকতা বেড়ে যাওয়ায় ইশরাতের মতো অনেক অভিভাবকই সন্তানদের নিরাপত্তা ও সুস্থতা নিয়ে উদ্বিগ্ন। কারণ ঈদুল আজহার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল স্কুল। এর মধ্যে গত কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে। সুতরাং এবার স্কুলগুলোতে এডিস মশার বিস্তার ঘটতে পারে। তবে এ বিষয়ে কর্তৃপক্ষ বলছে, বিষয়গুলো নিয়ে তারা সচেতন আছে। প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাঠিয়ে দেয়া হয়েছে।

গতকাল শনিবার মুগদা হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের বেডে যেমন রোগীতে পূর্ণ; তেমনি সিঁড়ি-লিফটেও রোগীদের স্বজনের ভিড়। দায়িত্বরত নার্সরাও ছুটছেন এক বেড থেকে অন্য বেডে। তবে অনেক ডেঙ্গুরোগীকে দেখা গেছে মশারি ছাড়াই শুয়ে থাকতে। মশারি না টাঙানোর পক্ষে তাদের যুক্তি ‘অনেক গরম’। অথচ চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু আক্রান্তদের অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। কারণ, ডেঙ্গু আক্রান্ত কোনো ব্যক্তিকে একটি এডিস মশা কামড় দিয়ে যদি ওই মশা সুস্থ কাউকে কামড় দেয় তাহলে তারও ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। দায়িত্বরত নার্সরা জানান, শুরু থেকেই এই হাসপাতালে ডেঙ্গুরোগী বেশি। দিন দিন রোগী বাড়ছে। যে সংখ্যক রোগী ভর্তি থাকছে, সে অনুযায়ী নার্সসহ অন্যান্য সুযোগ সুবিধা এখানে নেই।

প্রতিদিন রোগীর চাপ বাড়া এবং রোগীদের চিকিৎসা দেয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও নার্স সংকটের কথা স্বীকার করলেন হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মো. নিয়াতুজ্জামানও। তিনি বলেন, প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। তাদের পাশাপাশি হাসপাতালে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের সেবা দিতে হচ্ছে। আমরা সাধ্যমতো চেষ্টা করছি প্রতিটা রোগীর সেবা নিশ্চিত করতে। তবে যে হারে রোগী আসছে, এমনটা চলতে থাকলে চিকিৎসক-নার্সসহ অন্যান্য জনবলের প্রয়োজন হবে। না হলে সেবা চালিয়ে যাওয়া কষ্টসাধ্য হয়ে পড়বে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সরকারি হাসপাতালগুলোর মধ্যে সবচেয়ে বেশি রোগী মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে ভর্তি হয়েছে ১২৭ জন রোগী। আর হাসপাতালে ভর্তি আছে ৩৪৭ ডেঙ্গুরোগী। এরপরই বেশি রোগী ভর্তি আছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। সেখানে ২৪ ঘণ্টায় ৫৮ জন আর ভর্তি রোগীর মোট সংখ্যা ২২৪ জন। মিটফোর্ড হাসপাতালে ২৪ ঘণ্টায় ১০৯ জন আর ভর্তি রোগীর সংখ্যা ১৭০ জন। শিশু হাসপাতালে ২৪ ঘণ্টায় ১২ জন এবং মোট ৩৮ জন শিশু ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছে।

এদিকে ঢামেক হাসপাতালেও ডেঙ্গুরোগী বাড়ছে। সেখানেও বেড না পেয়ে রোগীরা মেঝেতে থাকছেন। তবে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি শিশুদের বিষয়টি নিয়ে শঙ্কিত চিকিৎসকরা। গত ১৫ দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭০ জন শিশু। ঢামেক হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক ডা. ইফফাত আরা শামসাদ ভোরের কাগজকে বলেন, গুরুতর ডেঙ্গু নিয়ে দৈনিকই ৫ থেকে ৬ জন শিশু এখানে ভর্তি হচ্ছে। গত ১৫ দিনে প্রায় ৭০ জন শিশু এখানে ভর্তি হয়েছে। ডেঙ্গু আক্রান্ত শিশুদের মধ্যে এ বছর সাধারণ উপসর্গের পাশাপাশি কিছু নতুন উপসর্গও দেখা যাচ্ছে। ডেঙ্গু আক্রান্ত হলে অনেকেরই জ্বরের সঙ্গে ডায়রিয়া ও বমির সমস্যা হচ্ছে। এছাড়া মাথা ব্যথা, গায়ে ব্যথাও থাকছে। খুব তাড়াতাড়ি শকে চলে যাওয়ার প্রবণতাও লক্ষ্য করা যাচ্ছে। বিষয়গুলো সত্যিই উদ্বেগের। সরকারের উদ্যোগের পাশাপাশি নিজেদের সচেতনতাও দরকার। শুধু শিশু নয়; বড়রাও যখনই জ্বরে আক্রান্ত হবেন কিংবা পেট খারাপসহ অন্য উপসর্গগুলো দেখা দেবে আমি বলব তারা যেন দ্রুতই চিকিৎসকের পরামর্শ নেন।

ডেঙ্গু পরিস্থিতি যে উদ্বেগজনক অবস্থায় যাচ্ছে তা নিয়ে বহুবারই উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য বিভাগ। পরিস্থিতি আন্দাজ করে হাসপাতাল প্রস্তুত এবং গাইডলাইন মেনে চিকিৎসার নির্দেশ অনেক আগেই দেয়া হয়েছে। একাধিকবার নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে মশা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট বিভাগকে আরো বেশি তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। পরিস্থিতির ভয়াবহতার আভাস পেয়ে দেরিতে হলেও মশা নিয়ন্ত্রণে তৎপর হয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন।

‘টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দেব’—নানক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Wednesday, 11 November, 2026, 10:54 pm
‘টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দেব’—নানক

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের নামে একটি রাজনৈতিক বক্তব্যের পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে।

 

পোস্টারে নানকের নামে উদ্ধৃত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, ‘দিস ইজ আওয়ামী লীগ, কাল ভোট দিন; টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দিব।’

 

পোস্টারটিতে ১১ নভেম্বর ২০২৬ তারিখ উল্লেখ রয়েছে। তবে বক্তব্যটি কোথায়, কখন এবং কোন অনুষ্ঠানে দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পোস্টারে উল্লেখ করা হয়নি।

 

এদিকে, বক্তব্যটি রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে প্রচারিত পোস্টারের বক্তব্যের সত্যতা ও পূর্ণাঙ্গ প্রেক্ষাপট নিশ্চিত করতে মূল ভিডিও বা সংশ্লিষ্ট অনুষ্ঠানের নির্ভরযোগ্য সূত্র যাচাই করা প্রয়োজন।

১৪–১৬ নভেম্বর টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Wednesday, 11 November, 2026, 10:40 pm
১৪–১৬ নভেম্বর টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের

বাংলাদেশ আওয়ামী লীগ আগামী ১৪ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী টানা তিন দিনের গণসংযোগ ও গণপ্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। দলটির ঘোষিত আট দফা দাবি বাস্তবায়ন এবং রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে।

 

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৪ নভেম্বর সারাদেশে আট দফা দাবির পক্ষে লিফলেট বিতরণ, দেয়াল লিখন, প্রচার-প্রচারণা ও গণসংযোগ করা হবে। পরদিন ১৫ নভেম্বর দাবিগুলোর সমর্থনে গণপ্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজনের কথা রয়েছে।

 

অন্যদিকে, ১৬ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়গুলোতে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে দলটি। একই দিনে ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয়েও স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিদেশে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের মাধ্যমে সংশ্লিষ্ট দূতাবাস, হাইকমিশন, কনস্যুলেট ও আন্তর্জাতিক সংস্থার প্রধান কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

আওয়ামী লীগের ঘোষিত আট দফা দাবির মধ্যে রয়েছে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, দল ও সহযোগী সংগঠনগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দিদের মুক্তি। পাশাপাশি দ্রব্যমূল্য ও জ্বালানির ব্যয় কমানো, বন্ধ শিল্পকারখানা চালু, কর্মসংস্থান সৃষ্টি, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার দাবিও অন্তর্ভুক্ত রয়েছে।

 

এ ছাড়া জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

 

প্রেস বিজ্ঞপ্তিতে দেশ-বিদেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সদস্যদের কর্মসূচি বাস্তবায়নে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

দলটির ভাষ্য অনুযায়ী, এসব কর্মসূচির মূল লক্ষ্য আট দফা দাবি বাস্তবায়নের পক্ষে জনমত গঠন এবং দেশব্যাপী আন্দোলন জোরদার করা।

 

লুটপাট ও অগ্নিকাণ্ডে মৃত্যু, তবুও জুলাই শহীদের তালিকায় নাম!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Wednesday, 11 November, 2026, 7:34 pm
লুটপাট ও অগ্নিকাণ্ডে মৃত্যু, তবুও জুলাই শহীদের তালিকায় নাম!

জুলাই শহীদদের সরকারি তালিকা নিয়ে নতুন করে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় এবং ৫ আগস্ট সরকার পতনের দিন বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনায় নিহত ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে শহীদের তালিকায়। তাঁদের কেউ মারা গেছেন রাজনৈতিক ব্যক্তিদের বাড়িতে অগ্নিকাণ্ডে, কেউ হোটেলে আগুনের ঘটনায়, আবার কারও মৃত্যুর পরিস্থিতি নিয়েও রয়েছে প্রশ্ন।

 

সবচেয়ে বড় বিষয়, এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, সরকারি গেজেটে থাকা ৮৩৪ জনের মধ্যে অন্তত ৫২ জনের মৃত্যু জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়ার আইনি সংজ্ঞার সঙ্গে মেলে না। তাঁদের মধ্যে ৩৫ জনের মৃত্যু হয়েছে অগ্নিকাণ্ডে।

 

প্রতিবেদন অনুযায়ী, ৫ আগস্ট বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনায় ৩৫ জনের মৃত্যু হয়। তাঁদের প্রত্যেকের নাম জুলাই শহীদের তালিকায় রয়েছে। নিহতদের মধ্যে ২৭ জনের পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের অগ্নিকাণ্ডে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

ঘটনাগুলোর মধ্যে রয়েছে নাটোরের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসভবন জান্নাতি প্যালেসের অগ্নিকাণ্ড। সেখানে নিহত চারজনের নাম সরকারি তালিকায় রয়েছে। তাঁদের মধ্যে মিকদাদ হোসেন খান, শরিফুল ইসলাম মোহন, ইয়াসিন আলী ও মেহেদী হাসান।

 

লালমনিরহাটে আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন সুমন খানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নিহত ছয়জনের নামও তালিকায় রয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।

 

বরগুনার আমতলীতে মেয়রের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ হয়ে মারা যান আল-আমিন হোসেন। তাঁর মৃত্যুর বিষয়টি বার্ন ইনস্টিটিউট নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, বাড়িতে আগুন দেওয়ার সময় তিনি দগ্ধ হয়েছিলেন।

 

সবচেয়ে বেশি আলোচনায় এসেছে যশোরের জাবির ইন্টারন্যাশনাল হোটেলের ঘটনা। ৫ আগস্ট আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের মালিকানাধীন এই হোটেলে অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় নিহত ২৩ জনের নাম শহীদ তালিকায় থাকার তথ্য উঠে এসেছে।

 

তবে নিহতদের পরিবারের বক্তব্যে রয়েছে ভিন্নতা। কয়েকটি পরিবারের দাবি, তাঁদের স্বজনের আগুন দেওয়ার কাজে কোনো সম্পৃক্ততা ছিল না; বরং আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা প্রাণ হারিয়েছেন। যশোরের তৎকালীন জেলা প্রশাসকের বক্তব্যও ছিল, নিহত ব্যক্তিরা আন্দোলনের অংশ ছিলেন বলেই তাঁদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

এদিকে, ২০ জুলাই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের প্রিয়ম নিবাসে অগ্নিসংযোগে তিন নির্মাণশ্রমিকের মৃত্যুর ঘটনাও আলোচনায় এসেছে। চাঁদপুরের হাজীগঞ্জে ট্রাকে আগুনের ঘটনায় কিশোর মাজিদের মৃত্যুর বিষয়টিও তালিকাভুক্তির বিতর্কে উল্লেখ করা হচ্ছে। এসব ঘটনার প্রত্যেকটির ক্ষেত্রে সরকারি নথি ও মৃত্যুর পরিস্থিতি আলাদাভাবে যাচাই করা জরুরি।

 

শুধু অগ্নিকাণ্ড নয়, একই অনুসন্ধানে সড়ক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, অসুস্থতা এবং ব্যক্তিগত বিরোধে হত্যার ঘটনায় মারা যাওয়া ব্যক্তিদের নামও সরকারি তালিকায় থাকার তথ্য উঠে এসেছে।

 

আইন অনুযায়ী কারা জুলাই শহীদ?

 

২০২৫ সালের জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের পরিবার কল্যাণ এবং পুনর্বাসনসংক্রান্ত অধ্যাদেশে শহীদের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। সেখানে তৎকালীন সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা ক্ষমতাসীন দলের সদস্যদের হামলায় জুলাই গণঅভ্যুত্থানের সময় নিহত ব্যক্তিদের শহীদ হিসেবে স্বীকৃতির কথা বলা হয়েছে।

 

প্রতিবেদনে জেলা প্রশাসন ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগ নেতাদের বাড়ি বা স্থাপনায় অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের ওই আইনি সংজ্ঞায় শহীদ হিসেবে অন্তর্ভুক্ত করার সুযোগ নেই।

 

তবে যশোরের জেলা প্রশাসকের বক্তব্যে আন্দোলনে অংশগ্রহণের বিষয়টি সামনে এসেছে। ফলে আইনের সংজ্ঞা এবং বাস্তবে তালিকা তৈরির প্রক্রিয়ার মধ্যে অসংগতি রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

 

এদিকে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় তালিকা সংশোধনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিল। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, জেলা থেকে তথ্য পাওয়ার পর যাঁদের নাম অন্তর্ভুক্তির যোগ্যতা নেই, তাঁদের নাম বাদ দেওয়া হবে।

 

সব মিলিয়ে জুলাই শহীদদের তালিকা নিয়ে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- প্রতিটি মৃত্যুর প্রকৃত কারণ, ঘটনার সময়, নিহত ব্যক্তির ভূমিকা এবং আইনি যোগ্যতা নিরপেক্ষভাবে যাচাই করা।

 

কারণ, জুলাই গণঅভ্যুত্থানে প্রকৃত শহীদদের আত্মত্যাগের স্বীকৃতি যেমন নিশ্চিত করতে হবে, তেমনি ভুল তথ্যের ভিত্তিতে কারও নাম তালিকায় অন্তর্ভুক্ত করে সেই স্বীকৃতির মর্যাদাও প্রশ্নবিদ্ধ করা যাবে না।