খুঁজুন
, ,

অন্যের পিড়াপিড়িতে ‘ভালো নির্বাচন’ করতে চাই না-পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 8 July, 2023, 9:34 am
অন্যের পিড়াপিড়িতে ‘ভালো নির্বাচন’ করতে চাই না-পররাষ্ট্রমন্ত্রী

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকারের ওপর বিদেশি কোনো চাপ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, ‘আমাদের ওপর কোনো প্রেসার নেই। অন্যের পিড়াপিড়িতে নয়, বরং নিজেদের তাগিদেই আমরা ভালো নির্বাচন করতে চাই।’

আজ শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডিক্যাব টকে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মিসরের মতো কোনো ইলেকশন (বড় পার্টি) বাদ দিয়ে করতে চাই না। আমরা আফগানিস্তান কিংবা মিয়ানমারের মতো নির্বাচন করতে চাই না, যারা নিজেদের নির্বাচনকে ভালো ইলেকশন বলে সার্টিফাই করেছেন। আমরা সব দলকে নিয়ে নির্বাচন করতে চাই।’

‘আমরা চাই সব দল ইলেকশনে আসবেন। অবশ্য যারা আসবেন না, সেটা তাদের ব্যাপারে,’ বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘গত কয়েক বছরে অনেক নির্বাচন হয়েছে। দু-একটি বাদে সব কটি নির্বাচন স্বচ্ছ হয়েছে। ভবিষ্যতেও আমরা স্বচ্ছ নির্বাচন করব। তবে স্বচ্ছ নির্বাচনের জন্য সব দল-মতের ইচ্ছা এবং প্রতিশ্রুতি থাকতে হবে।’

নির্বাচনে জনগণের অংশগ্রহণের দিক থেকে উন্নত দেশের থেকে বাংলাদেশ এগিয়ে উল্লেখ করে আব্দুল মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্র, ইউরোপের দেশগুলোতে ২৬-৩০ শতাংশ মানুষ ভোট দেয়। আমাদের দেশে ৭০ ভাগ মানুষ ভোট দেয়।’

সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার অনেক পদক্ষেপ নিয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘দুই-একটা রাজনৈতিক দল না আসলেও বেশির ভাগ দলই নির্বাচনে আসে। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য অনেক পদক্ষেপ নিয়েছি। সরকার সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

বিদেশিদের নিজের দিকে তাকানো উচিত জানিয়ে মন্ত্রী বলেন, ‘কোনদিন ভারতবর্ষে সন্ত্রাসী দল নির্বাচনে আসেনি। আমেরিকায় সন্ত্রাসী দল নির্বাচন করতে পারে না। আমাদের দেশে সন্ত্রাসী দল থাকতে পারে, তারা না আসলে কিছু যায় আসে না।’এ সময় অন্যের পিড়াপিড়িতে না, বরং নিজেদের তাগিদেই ভালো নির্বাচন করতে চান বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

সবাইকে নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, ‘আমরা বিদেশিদের ওয়েলকাম জানাচ্ছি। তারা আসুক, দেখুক। তাহলে তারা পরে সার্টিফিকেট দেবে যে এটা একটা মডেল ইলেকশন। আমরা আশা করছি, আমাদের ইলেকশনটা বিশ্বে দৃষ্টান্ত হয়ে থাকবে।’

রাজনৈতিক দল হওয়ায় দেশের প্রত্যেক দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানানোর কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘ইউরোপীয়ান ইউনিয়ন, আমেরিকান বলেন, যেই আছেন আমরা প্রত্যেককে স্বাগত জানাব। আমাদের আসলে লুকানোর কিছু নেই। আমরা সবাইকে ভোট পর্যবেক্ষণের আহ্বান জানাব। তারা ভালো সাজিশন দিলে আমরা তাদের স্বাগত জানাব।’

নির্বাচন প্রক্রিয়া যাতে কেউ ধ্বংস না করে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আব্দুল মোমেন বলেন, ‘কেউ ইলেকশন বানচাল করার চেষ্টা করলে দেশের অমঙ্গল ডেকে নিয়ে আসবেন। সে ক্ষেত্রে এ ব্যাপারে আপনার সবাই সজাগ থাকবেন।’

তিনি বলেন, ‘নির্বাচন প্রক্রিয়া ধ্বংস করা মানে উন্নয়ন মহাসড়কের যে যাত্রা সব স্থগিত হয়ে যাবে। আমরা দেখতে চাই আমাদের গ্রহণযোগ্যতা আছে কি না। আমরা চাই বাংলাদেশে একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক। আমরা জিয়া সাহেবের সেই হ্যাঁ-নার কালচারে যেতে চাই না। আমরা এখন এই কালচারে যেতে চাই যে আমরা ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। যদি সব দলের আন্তারিকতা থাকে তাহলে আমরা সুষ্ঠু, অবাধ, সহিংসতামুক্ত নির্বাচন করতে পারব।’

এ সময় সংলাপের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংলাপ, কার সঙ্গে সংলাপ? আমেরিকাতে কী কোনো সংলাপ করে? ওখানের প্রেসিডেন্ট কী নির্বাচনের আগে পদত্যাগ করেন? ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার কি পদত্যাগ করেন? এগুলো সব অবান্তর। এগুলো নিয়ে দুনিয়ার আর কোথাও কোনো রীতি নেই। সংবিধান অনুযায়ী আমরা আমাদের দেশে নির্বাচন করব।’

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।