খুঁজুন
, ,

রাজধানী জুড়ে জলাবদ্ধতা, দুর্ভোগ চরমে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 30 June, 2023, 3:14 pm
রাজধানী জুড়ে জলাবদ্ধতা, দুর্ভোগ চরমে
ঈদ উপলক্ষে রাজধানী ঢাকা ফাঁকা হয়ে গেলেও কিছু মানুষ এই সময়ে নগরীর বিনোদনকেন্দ্রগুলোতে ভিড় জমান। তাদের আনন্দ ম্লান করে দিয়েছে তীব্র বৃষ্টি। শুক্রবার দুপুরের পর থেকে হওয়া এ ভারী বর্ষণে রাজধানীতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে ঘরের বাইরে যাওয়া লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়। তবে বিকেল ৪টার পর ১২ থেকে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রাজধানীতে। আগামীকাল শনিবার পর্যন্ত এ বৃষ্টিপাত চলবে।

তীব্র বৃষ্টিতে শেওড়াপাড়া, কাজিপাড়া, এক নম্বরের সিটি মার্কেটসহ মিরপুরের বিভিন্ন এলাকা, মগবাজরের মধুবাগ, শান্তিনগর, ধানমন্ডি, বনানীসহ রাজধানীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে পরিবার পরিজন নিয়ে মানুষ ঘুরতে গিয়েও পড়েন তীব্র ভোগান্তিতে।

মগবাজার এলাকায় দেখা গেছে, হঠাৎ করেই বৃষ্টি শুরু হওয়াতে রাস্তায় বের হওয়া মানুষেরা ফ্লাইওভারের নিচে ও বিভিন্ন স্থাপনার শেডে আশ্রয় নেন। কিন্তু রাস্তায় পানি উঠে যাওয়ার পর আর আশ্রয় না পেয়ে ভিজে ভিজেই বাসায় ফিরতে হয়েছে তাদের। আবার সড়কে পর্যাপ্ত রিকশা-গাড়ি না থাকায় ভোগান্তিতেও পড়েছেন তারা।

লালবাগ এলাকায় দেখা গেছে, সময় কাটাতে অনেকে লালবাগ কেল্লায় ঘুরতে এসে বৃষ্টির কারণে আটকা পড়েছেন। যারা ছাতা নিয়ে এসেছেন তারা বৃষ্টি থেকে কিছুটা বাঁচলেও বাকিরা নিরুপায় হয়ে বৃষ্টিতে ভিজেছেন। সামনের রাস্তা, এমনকি কেল্লার ভেতরেও পানি জমে যাওয়ায় ভোগান্তি পোহাচ্ছেন তারা।

লালবাগ কেল্লায় পরিবার নিয়ে ঘুরতে আসা আকরাম জানান, বিকালে পরিবারের সঙ্গে একটু ঘোরাঘুরি করবো বলে কেল্লায় এসেছি। কিন্তু বৃষ্টির কারণে সব প্রোগ্রাম ভেস্তে গেছে। বাচ্চারা ভিজে যাওয়ায় দ্রুত বাসায় যেতে হবে। নইলে জ্বর চলে আসবে।

হাতিরঝিল এলাকায় ঘুরতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজিব জানান, আবহাওয়া একটু ভালো দেখে এখানে ঘুরতে আসলাম। কিন্তু বৃষ্টি শুরু হওয়ার পর আশ্রয় নেয়ার মতো কোনও স্থাপনা না থাকায় ভিজে ভিজেই ঘুরতে হলো।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।