খুঁজুন
, ,

রাজনৈতিক সংকট: যুক্তরাষ্ট্রের উদ্যোগ, জনমনে নানা কৌতূহল, আলোচনায় ডোনাল্ড লুকে 

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 28 June, 2023, 4:22 am
রাজনৈতিক সংকট: যুক্তরাষ্ট্রের উদ্যোগ, জনমনে নানা কৌতূহল, আলোচনায় ডোনাল্ড লুকে 
আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে শিগগিরই ঢাকা সফরে আসছে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। প্রতিনিধিদলে যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকারসংক্রান্ত আন্ডার সেক্রেটারি উজরা জেয়া, অর্থনৈতিকবিষয়ক আন্ডার সেক্রেটারি জোসে ডব্লিউ ফার্নান্দেজ এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু অন্তর্ভুক্ত রয়েছেন। উদ্ভূত সংকট নিরসনে আওয়ামী লীগ, বিএনপিসহ উল্লেখযোগ্য দলগুলো এবং নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করে মধ্যস্থতার চেষ্টা চালাবে এ চৌকশ টিম। সফরটি শুরু হবে ১০ জুলাই থেকে এবং ১৩ জুলাই পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন প্রতিনিধিদলের সদস্যরা।

এদিকে মার্কিন এ প্রতিনিধিদলের সফর নিয়ে জনমনে নানা কৌতূহল দেখা দিয়েছে। তবে অনেকের আগ্রহ ঘুরপাক খাচ্ছে ডোনাল্ড লুকে ঘিরে। কারণ, পাকিস্তানে ইমরান খান সরকারকে অপসারণে ডোনাল্ড লুর নাম সবচেয়ে বেশি আলোচিত। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারকে হটানোর জন্য দেশটির ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সরাসরি ডুনাল্ড লুকে দায়ী করেন।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ২৪ মে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশের জন্য ভিসানীতি ঘোষণা করেছে। এরপর থেকে নতুন মাত্রায় রাজনীতির মাঠ সরগরম হতে শুরু করে। বাংলাদেশে মানবাধিকার, গণতন্ত্রসহ নানা ইস্যুতে প্রশ্ন তুলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস এবং ১২ জন কংগ্রেসম্যান কড়া চিঠি ও বিবৃতি দিয়েছে। বিপরীতে সরকারের উচ্চপর্যায় থেকে দফায় দফায় যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করা হয়। এর ফলে পররাষ্ট্র নীতির আলোচনায় দুই দেশের মধ্যে একধরনের অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধিদলের সফর চূড়ান্ত হওয়ায় নানামুখী গুরুত্ব আরও বেড়ে গেছে।

জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন  বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে অব্যাহতভাবে যুক্ত আছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বহুবিধ সম্পৃক্ততা রয়েছে। এসব বিষয় আলোচনা করার জন্য তারা এবার বাংলাদেশ সফরে আসছেন।’

সূত্র জানায়, মার্কিন প্রতিনিধিদলের এবারের সফরের এজেন্ডায় মূলত নির্বাচন, গণতন্ত্র প্রভৃতি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্র ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন দেখতে চায় না। এ কারণেই সমঝোতার চেষ্টা চালাবে। রাজনীতি ও নির্বাচনের পাশাপাশি রোহিঙ্গা সংকট এবং শ্রম অধিকারও গুরুত্ব পাবে এ আলোচনায়। বাংলাদেশ সরকার অবশ্য রাজনৈতিক সংকট নিরসনে বিদেশি হস্তক্ষেপ পছন্দ করে না। ফলে এর মধ্যে কীভাবে আলোচনা চালাবে যুক্তরাষ্ট্র, সেটাই এখন দেখার বিষয়।

রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন, এই রাজনৈতিক সমঝোতার নামে যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধিদলের সফর পরোক্ষভাবে সরকারের ওপর প্রবল স্নায়ুচাপ তৈরি করবে। বিশেষত, অতীতের অভিজ্ঞতা অনুযায়ী সমঝোতা উদ্যোগের এই আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা বেশি। মূলত সংকট নিরসনে এ আলোচনা উদ্যোগটি ভূ-রাজনৈতিক কৌশল ছাড়া ভিন্ন কিছু নয়। কেননা যুক্তরাষ্ট্র তার স্বার্থ ও উদ্দেশ্য হাসিল করতে এভাবে সরকারের ওপর নানামুখী চাপ অব্যাহত রাখবে। দৃশ্যত পরিস্থিতি পর্যালোচনায় তেমন আভাস পাওয়া যাচ্ছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধিদলের সফরকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নির্বাচন সামনে রেখে বাইডেন প্রশাসনের কর্তাব্যক্তিরা একের পর এক বাংলাদেশ সফর করছেন। চলতি মাসে ইউরোপীয় ইউনিয়ন থেকেও আসছে প্রাক-নির্বাচনি পর্যালোচনা মিশন। জাতিসংঘ থেকেও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা আসছেন।

মার্কিন প্রতিনিধিদলটি দিল্লি হয়ে ঢাকায় আসছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংলাপের বিষয়ে অভিমত জানতে চাইলে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু যুগান্তরকে বলেন, ‘আসুক, বুঝি, আগেই কীভাবে মন্তব্য করব।’

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির যুগান্তরকে বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা, মানবাধিকার, গণমাধ্যমের অবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে। এবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল সরকারের ভেতরে ও বাইরের লোকজনের সঙ্গে আলোচনা করতে পারে।’

জানতে চাইলে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা মঙ্গলবার  বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে ধারাবাহিকভাবে প্রতিনিধিরা আসছেন। তারা সরকারের ওপর চাপ সৃষ্টি করছেন সুষ্ঠু নির্বাচন করার জন্য। ভিসানীতি, কংগ্রেসম্যানদের বিবৃতি-এসবই নির্বাচনকে ঘিরে করা হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের জন্য, মানুষের ভোট দেওয়ার জন্য যে যাই করুক, আমরা তার সঙ্গে আছি।’ সংকট নিরসনে যুক্তরাষ্ট্র আলোচনার আহ্বান জানালে বিএনপি অংশ নেবে কি না জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, ‘সরকার পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে আলোচনা হলে বিএনপি তাতে অংশ নেবে।’

রাজনৈতিক সংকটে বিদেশিদের যত মধ্যস্থতা : বাংলাদেশে রাজনৈতিক সংকটে বিদেশিদের মধ্যস্থতা নতুন নয়। এর আগেও বিভিন্ন সময়ে এমন তৎপরতা দেখা গেছে। তবে বিদেশি মধ্যস্থতা কার্যত প্রতিবারই ব্যর্থ হয়েছে। এমনকি বিদেশি চাপে দেশের অভ্যন্তরে রাজনৈতিক সংলাপ থেকেও তেমন ফল আসেনি। ভিন্ন উদ্দেশ্যে মোড়ানো এসব সংলাপে আন্তরিকতার অভাব ছিল লক্ষণীয়। বেশির ভাগ ক্ষেত্রে সংলাপ ছিল লোক দেখানো।

 

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল, কার্যকর সোমবার থেকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Monday, 21 September, 2026, 12:15 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল, কার্যকর সোমবার থেকে

দেশে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের খুচরা বিক্রয়মূল্য লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত মূল্য সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

 

নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে। এর আগে এসব জ্বালানির দাম ছিল যথাক্রমে ১১৫, ১৩৫, ১৪০ ও ১৪৫ টাকা।

 

আন্তর্জাতিক বাজারের প্রভাবে মূল্য সমন্বয়

 

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে গত মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় বেড়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্য দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থ বিবেচনায় দেশে একই হারে দাম সমন্বয় করা হয়নি বলে জানিয়েছে বিভাগটি।

 

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা। সে সময় আন্তর্জাতিক বাজারের দরে প্রতি লিটার ডিজেল বিক্রিতে বিপিসির লোকসান হচ্ছিল প্রায় ৮৯ টাকা। এতে দৈনিক লোকসান প্রায় ১০৯ কোটি টাকায় পৌঁছাতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

 

জ্বালানি বিভাগের হিসাব বলছে, নতুন মূল্য সমন্বয়ের ফলে বিপিসির বার্ষিক লোকসান প্রায় ১০ হাজার কোটি টাকা কমানো সম্ভব হতে পারে।

 

পরিবহন ও নিত্যপণ্যের বাজারে প্রভাবের শঙ্কা

 

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন, কৃষি, সেচ এবং পণ্য পরিবহনের ব্যয় বাড়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

তবে নতুন দাম কার্যকরের পর পরিবহন ভাড়া কিংবা পণ্যমূল্য কতটা বাড়বে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

 

নতুন দাম একনজরে

 

– ডিজেল: ১৩৫ টাকা প্রতি লিটার

– কেরোসিন: ১৫৫ টাকা প্রতি লিটার

– পেট্রোল: ১৬০ টাকা প্রতি লিটার

– অকটেন: ১৬৫ টাকা প্রতি লিটার

ইতি।

অপ্রতীম হত্যা: আদালতে দায় স্বীকার তিন আসামির, কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Monday, 21 September, 2026, 12:03 pm
অপ্রতীম হত্যা: আদালতে দায় স্বীকার তিন আসামির, কারাগারে পাঠানোর নির্দেশ

কুমিল্লায় ১৩ বছর বয়সী স্কুলশিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতীম হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাঁদের জবানবন্দি রেকর্ড করা হয়।

 

আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, জবানবন্দি দেওয়া তিন আসামি হলেন সাইফুল ইসলাম ওরফে তুহিন, মোজাম্মেল হোসেন ফাহাদ ও কামরুল হাসান। মামলার অপর আসামি মো. সিয়াম জবানবন্দি দেননি বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জবানবন্দি গ্রহণের পর আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তাঁদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক আসামিদের ক্ষেত্রে শিশু আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়টিও রয়েছে।

 

আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে হত্যার অভিযোগ

 

পুলিশের তদন্তে উঠে এসেছে, অপ্রতীমের মায়ের ব্যবহৃত আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার নির্জন জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে ফোনটি নেওয়ার সময় বাধা দিলে তার মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তার মৃত্যু হয় বলে পুলিশের দাবি।

 

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, নিখোঁজের পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সাইফুল ইসলাম ওরফে তুহিনকে শনাক্ত করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে আরও দুজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে অপ্রতীমের ব্যবহৃত আইফোনটি তার বাসার খাটের তোশকের নিচ থেকে উদ্ধার করা হয়।

 

যেভাবে উদ্ধার হয় অপ্রতীমের মরদেহ

 

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কুমিল্লার কোটবাড়ি এলাকার গন্ধমতীতে ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতীম। পরদিন শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়সংলগ্ন একটি নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

অপ্রতীম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত অব্যাহত

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত এখনো চলমান। আদালতে দেওয়া জবানবন্দি, উদ্ধার করা আলামত এবং অন্যান্য তথ্য-প্রমাণ যাচাই করা হচ্ছে। হত্যাকাণ্ডে আর কেউ জড়িত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

ইতি/

বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে সরকারি চাকরিজীবীরা পাবেন মাসে ৩ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Saturday, 19 September, 2026, 6:23 pm
বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে সরকারি চাকরিজীবীরা পাবেন মাসে ৩ হাজার টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী সন্তান থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মাসিক আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে নতুন বেতনকাঠামোয়। নতুন বিধান অনুযায়ী, একজন সরকারি চাকরিজীবী সর্বোচ্চ দুই সন্তানের জন্য প্রতি মাসে ৩ হাজার টাকা করে ভাতা পাবেন।

 

অর্থাৎ, কোনো সরকারি চাকরিজীবীর দুই সন্তান বিশেষ চাহিদাসম্পন্ন হলে তিনি মাসে সর্বোচ্চ ৬ হাজার টাকা ভাতা পাওয়ার সুযোগ পাবেন। তবে দুইয়ের বেশি সন্তান থাকলেও ভাতা দেওয়া হবে সর্বোচ্চ দুই সন্তানের জন্য।

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশিত সরকারি বেতনকাঠামোসংক্রান্ত গেজেটে এ সুবিধার বিষয়টি উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের ক্ষেত্রে এ ধরনের ভাতা চালুর উদ্যোগ এবারই প্রথম।

 

গেজেটের বিধান অনুযায়ী, একই সন্তানের জন্য একাধিক সরকারি ভাতা একসঙ্গে নেওয়ার সুযোগ থাকবে না। ভাতার অর্থ বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের মা অথবা বাবার ব্যাংক হিসাবে পাঠানো হবে। চাকরিতে থাকা অবস্থায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এ সুবিধা পাওয়ার সুযোগ রাখবেন।

 

নতুন বেতনকাঠামোর আওতায় প্রায় ২৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় ৯ লাখের বেশি পেনশনভোগী সুবিধা পাওয়ার কথা রয়েছে। তবে সরকারি চাকরিজীবীদের মধ্যে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান রয়েছে—এমন পরিবারের সঠিক সংখ্যা এখনো নির্ধারিত হয়নি।

 

এ সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য সরকারের সমন্বিত বাজেট ও হিসাব ব্যবস্থাপনা সফটওয়্যার (আইবাস++)-এ প্রয়োজনীয় তথ্য যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

 

ভাতা দেওয়ার আগে সন্তানের প্রতিবন্ধিতা বা বিশেষ চাহিদার বিষয়টি যাচাই করা হবে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারী যে মন্ত্রণালয় বা দপ্তরে কর্মরত, সেখান থেকেই প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করা হবে।

 

দীর্ঘদিন ধরে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকা সরকারি চাকরিজীবীদের জন্য আর্থিক সহায়তার দাবি জানানো হচ্ছিল। নতুন এ সুবিধার মাধ্যমে এসব পরিবারের চিকিৎসা, শিক্ষা, থেরাপি ও পরিচর্যার ব্যয়ে কিছুটা সহায়তা মিলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

তবে ভাতা পেতে কী ধরনের সনদ প্রয়োজন হবে, যোগ্যতা যাচাইয়ের সুনির্দিষ্ট শর্ত কী এবং কীভাবে আবেদন করতে হবে—এসব বিষয়ে বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট দপ্তরের বিধি ও পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারণ করা হবে।

ইতি/