খুঁজুন
, ,

বাস টার্মিনালগুলোতে অতিরিক্ত যাত্রী, বাড়তি ভাড়ার অভিযোগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 27 June, 2023, 7:11 am
বাস টার্মিনালগুলোতে অতিরিক্ত যাত্রী, বাড়তি ভাড়ার অভিযোগ

ঈদুল আজহার আর একদিন বাকি। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে বাস টার্মিনালগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। তবে নির্ধারিত সময়ে বাস না ছাড়া, বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।

মঙ্গলবার (২৭ জুন) ভোর থেকে টার্মিনালগুলোতে বাড়তে থাকে ঘরমুখো যাত্রীদের চাপ। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা।

ঈদুল আজহার আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস ছিল সোমবার (২৬ জুন)। তাই অনেক যাত্রী গতকাল থেকে রাজধানী ছাড়তে শুরু করে। তবে বেসরকারি প্রতিষ্ঠানসহ ব্যাংক, বিমা, শেয়ারবাজার ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর আজ শেষ কর্মদিবস হওয়ায় বিকেল থেকে টার্মিনালগুলোতে যাত্রী চাপ আরও কয়েক গুণ বেড়ে যাবে।

সকালে রাজধানীর সবচেয়ে বড় বাস টার্মিনাল গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী ঘুরে দেখা যায়, বাস কাউন্টারগুলোতে ঘরমুখো যাত্রীরা অপেক্ষা করছেন। তাদের অভিযোগ, নির্ধারিত সময়ে বাসই ছাড়ছে না। এ ছাড়া অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও করেছেন যাত্রীরা। সঙ্গে যানজট ও সকালের বৃষ্টি ঈদযাত্রায় ভোগান্তি সৃষ্টি করেছে। তবে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ সদস্যরা তৎপর রয়েছেন।

দূর-দূরান্তে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে অনেকেই ফজর নামাজ আদায় করে বাসস্ট্যান্ডের দিকে ছুটতে থাকেন। অনেককেই গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

তবে ঈদযাত্রায় ডাবল ভাড়া নেওয়ার অভিযোগও রয়েছে ঘরমুখো মানুষের। এমনই একজন জাতীয় ক্রীড়া পরিষদের কর্মচারী মো. জালাল উদ্দিন হাওলাদার। তিনি বরিশালের বাকেরগঞ্জে যাবেন। জালাল উদ্দিন বলেন, ভোর ৪টায় আমি বাসস্ট্যান্ডে এসেছি। ইলিশ পরিবহনে বরিশাল পর্যন্ত যাবো। অন্য সময় ভাড়া ৪০০ থেকে ৫০০ টাকা হলেও এখন ৬০০ টাকা নিয়েছে।

ভোর ৬টার দিকে কথা হয় আবুল কালামের সঙ্গে। তার বাড়ি পটুয়াখালীর শিয়ালদি। তিনি বলেন, ধানমন্ডিতে চাকরি করি। একা মানুষ যাচ্ছি, আগে টিকিট কাটিনি। তেঁতুলিয়া পরিবহনের টিকিট কাটলাম। ডাবল ভাড়া নিলো। অন্য সময় ভাড়া ৫০০ টাকা হলেও আজ এক হাজার টাকা নিয়েছে।

এদিকে বৃষ্টি মাথায় নিয়ে ধানমন্ডির বাসা থেকে স্বামী-দুই সন্তানসহ গাবতলী এসেছেন সাদিয়া খোন্দকার। উদ্দেশ বগুড়া গ্রামের বাড়িতে সবার সঙ্গে ঈদ উদযাপন করবেন। কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, সকাল ৮টায় গাড়ি। ৬টায় বাসা থেকে বের হয়েছি। শ্যামলী থেকে গাবতলী পর্যন্ত আসতে ৪০ মিনিট লেগেছে। সবাই মিলেমিশে ঈদ করতে পারব, এই খুশিতে বৃষ্টি, যানজটেও ভোগান্তি মনে হচ্ছে না।

সার্বিক বিষয়ে গাবতলীতে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট সৌরভ আহমেদ বলেন, গতকাল রাতে গাবতলীতে যাত্রীদের ব্যাপক চাপ ছিল। আজ ভোর থেকেও মানুষ বাড়ির দিকে ছুটছে। যাত্রীদের ভোগান্তি দূর করতে আমরা ট্রাফিকের মিরপুর জোনের ডিসির নেতৃত্বে কাজ করে যাচ্ছি।

সায়েদাবাদে বিভিন্ন বাস কোম্পানির টিকিট বিক্রি করা শফিকুল ইসলাম বলেন, সব গাড়ির টিকিটের দাম বাড়ানো হয়েছে। কোনো কোনো টিকিটের দাম দ্বিগুণ হয়েছে। বাস কোম্পানিগুলো বাড়ালে আমরা কী করবো।

এবার ঈদুল আজহা উপলক্ষে আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার (২৮, ২৯ ও ৩০ জুন) ছুটি নির্ধারিত ছিল। কিন্তু ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার একদিন ছুটি বাড়িয়ে মঙ্গলবারও সাধারণ ছুটি ঘোষণা করে। এরপর ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। তাই এবার ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।