খুঁজুন
, ,

সিন্ডিকেটের হাতে জিম্মি নিত্যপণ্য ও ভোগ্যপণ্যের পাইকারি বাজার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 27 June, 2023, 6:04 am
সিন্ডিকেটের হাতে জিম্মি নিত্যপণ্য ও ভোগ্যপণ্যের পাইকারি বাজার

কয়েকটি শক্তিশালী সিন্ডিকেটের হাতে জিম্মি নিত্যপণ্য ও ভোগ্যপণ্যের পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জ। মানুষের চাহিদাকে পুঁজি করে সিন্ডিকেটগুলো নানা কৌশলে প্রতিটি পণ্যের দাম বাড়িয়ে দেয়। কুরবানির ঈদ সামনে রেখে এরা বেশ সক্রিয় হয়ে উঠেছে। পেঁয়াজ, আদা, রসুন, জিরাসহ মসলাজাতীয় পণ্যের বাজারও এখন আকাশচুম্বী। সরবরাহ স্বাভাবিক থাকলেও সিন্ডিকেটগুলো ডলার সংকট, এলসি সমস্যাসহ নানা অজুহাতে পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। গত রমজানেও সিন্ডিকেটের কবলে পড়ে নিত্যপণ্যের বাজার।

মসলাজাতীয় পণ্য ছাড়াও চিনি, ভোজ্যতেলের বাজারও অস্থির করে রাখে তারা। চট্টগ্রাম জেলা প্রশাসনও পাইকারি বাজারে সিন্ডিকেট থাকার বিষয়টি স্বীকার করেছে। এরই মধ্যে চাক্তাই-খাতুনগঞ্জের নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের বিভিন্ন পর্যায়ের ৬০০ জনের তালিকা তৈরি করেছে প্রশাসন। তালিকা ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় সিদ্ধান্ত দিলেই তাদের বিরুদ্ধ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার ভোগ্যপণ্যের বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জ পরিদর্শন করেন প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন প্রদীপ রঞ্জন চক্রবর্তী। এ সময় তিনি দেখেন সরকার নির্ধারিত চিনির দামের বিষয়ে বিক্রেতা নিজেই জানেন না। আহাদ ট্রেডিংয়ের বিক্রেতা আবু তাহের ১২৬ টাকা ক্রয় দেখিয়ে বিক্রি করছেন ১৪৭ টাকা। পাইকারি ব্যবসায়িরা ডিও কেনাবেচার রসিদ দেখাতে ব্যর্থ হন। হাতবদলের সময় কত কমিশন পান, এর চালানও দেখাতে পারেননি তারা।

এ সময় প্রদীপ রঞ্জন চক্রবর্তী সাংবাদিকদের বলেন, ‘বেশকিছু অনিয়ম পরিলক্ষিত হয়েছে। একটি পণ্য আমদানিকারকের গুদাম থেকে খাতুনগঞ্জের কমিশন এজেন্টের হাতে আসতে ৮ থেকে ১০ বার হাতবদল হচ্ছে। সব পক্ষ ইচ্ছেমতো দাম বাড়িয়ে পরের জনের কাছে বিক্রি করছে। বারবার হাতবদলের কারণেই নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। এ কারণে যে কোনো নিত্যপণ্য ভোক্তা পর্যন্ত পৌঁছাতে কয়েক গুণ দাম বাড়ছে। এছাড়া আমদানিকারক ও কমিশন এজেন্টের সম্পর্ক নিয়েও অস্বচ্ছতা রয়েছে।’

সংশ্লিষ্টরা জানান, চাক্তাই-খাতুনগঞ্জে পৃথক সিন্ডিকেট রয়েছে। চিনির সিন্ডিকেট শুধু চিনি নিয়ে কারসাজি করে। পেঁয়াজের সিন্ডিকেট শুধু পেঁয়াজের বাজারে কারসাজি করে। আর মসলার সিন্ডিকেট মসলার বাজারে কৃত্রিম সংকট তৈরি করে।

দীর্ঘদিন চাক্তাই-খাতুনগঞ্জে ডিও (ডেলিভারি অর্ডার) ব্যবসার প্রচলন রয়েছে। ডিও প্রচলনের কারণে বেশির ভাগ সময় নিত্যপণ্য ও ভোগ্যপণ্যের দাম বাড়ে। কোনো পণ্যের লেনদেন ছাড়াই একটি ডিও কয়েক দফা হাতবদল হয়। যতবার হাতবদল হয়, ততবার ডিও বা পণ্যের দামও বেড়ে যায়। চিনি কিংবা অন্য কোনো পণ্য কেনাবেচায় ডিও বেচাকেনার মাধ্যমে বিভিন্ন আগাম লেনদেন হচ্ছে। দেখা যায়, পণ্য হাতে না পেলেও ওই স্লিপটিই বেচাকেনা হচ্ছে। কোনো কোম্পানি বাজার থেকে একটি নির্দিষ্ট পরিমাণ পণ্যের ডিও কিনে নেয়।

যে দরে ডিও কেনা হয়, এর বাজার দর যদি বেড়ে যায়, তখন পণ্যটি ডেলিভারি দিতে তারা গড়িমসি করে। আবার দেখা যায়, কোম্পানির পণ্যই আসেনি; কিন্তু ডিও কিনে রেখেছেন অনেক বেশি। এর ফলে কোম্পানি বাজারে পণ্য ডেলিভারি দিতে পারে না। তাই এসব পণ্যের দামও নিয়ন্ত্রণে থাকে না। এক্ষেত্রে চিনির ডিও বেচাকেনা বেশি হয়।

সিন্ডিকেটের কারণে মসলার দাম বেড়েছে কয়েক গুণ। কুরবানিকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে মসলার বাজার। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা এলাচের দাম পড়েছে কেজিপ্রতি গড়ে ৮০০ টাকার কিছু বেশি। কিন্তু পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ টাকার বেশি। ব্যবসায়ীরা কেজিতে প্রায় দ্বিগুণ লাভ করছেন। প্রতি কেজি আদার আমদানি মূল্য ১০১ টাকার মতো। তবে বাজারে বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা। প্রতি কেজি আদা আমদানি মূল্যের চেয়ে তিনগুণ দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। একইভাবে মুনাফা করছেন জিরা, লবঙ্গ, রসুন, দারুচিনি, হলুদ, মরিচ, জয়ত্রিসহ অন্য মসলায়ও। তবে ব্যবসায়ীদের দাবি, আমদানি কম হওয়ায় পণ্যের দাম বাড়ছে। কিন্তু বন্দরের হিসাব অনুযায়ী, গত বছরের তুলনায় এবার মসলা বেশি আমদানি হয়েছে।

চলতি বছরের পাঁচ মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে প্রায় ২৫ হাজার টন রসুন আমদানি হয়েছে। গত বছরের এই সময়ের তুলনায় তা প্রায় ৯ হাজার টন বেশি। গত বছরের তুলনায় এবার আদা বেশি এসেছে ৪০ শতাংশ। একইভাবে লবঙ্গ ৩০, মরিচ ১১ ও রসুনের আমদানি বেশি হয়েছে ৩৫ শতাংশ। গতবারের তুলনায় গড়ে প্রায় দ্বিগুণ আমদানি হয়েছে মসলা। তবুও আমদানি মূল্যের প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে প্রতিটি মসলাজাতীয় পণ্য।

এক সপ্তাহের ব্যবধানে পাইকারি পর্যায়ে প্রতি কেজি লবঙ্গের দাম বেড়েছে ১০০ টাকার বেশি। এখন দাম ১ হাজার ৬০০ টাকা। তবে প্রতি কেজি লবঙ্গের আমদানি মূল্য ৮০০ থেকে ৯০০ টাকা। এক সপ্তাহ আগের তুলনায় এলাচের দাম বেড়েছে কেজিতে ৫০ থেকে ৬০ টাকা। প্রতি কেজি বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ টাকায়। এর আমদানি মূল্য গড়ে ৮১৫ টাকা। পাইকারি বাজারে প্রতি কেজি গোলমরিচ বিক্রি হচ্ছে ৬৬০ টাকা। এক সপ্তাহ আগের তুলনায় কেজিতে ৬০ টাকা বেড়েছে। পাইকারি বাজারে একইভাবে বাড়তি দামে বিক্রি হচ্ছে জিরা, দারুচিনি ও জয়ত্রি। বর্তমানে দারুচিনি ৩২০ টাকা, জিরা ৭৭০ টাকা, জয়ত্রি ৩ হাজার ২০০ টাকায় বেচাকেনা হচ্ছে। গত সপ্তাহেও এসব মসলার দাম কেজিতে ৩০ থেকে ১৩০ টাকা পর্যন্ত কম ছিল। সবচেয়ে বেশি বেড়েছে আদার দাম। এক মাস আগেও মিয়ানমারের প্রতি কেজি আদা ১৫০ থেকে ২০০ টাকায় বেচাকেনা হয়েছে। এখন দাম দ্বিগুণ, বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়।

চাক্তাই-খাতুনগঞ্জের শক্তিশালী সিন্ডিকেটে ৬০০ সদস্যের তালিকা মন্ত্রণালয়ে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, আমরা বাজার পর্যবেক্ষণ করে বিভিন্ন ক্ষেত্রে খোঁজখবর নিয়ে নিত্যপণ্যের বাজারে বিভিন্ন সিন্ডিকেট সক্রিয় থাকার চিত্র পেয়েছি, যারা নানা কৌশলে নিত্যপণ্যের দাম বাড়ায়। কোনো উৎসব-পার্বণ সামনে রেখে তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। এ ধরনের সিন্ডিকেটের বিভিন্ন স্তরের ৬০০ সদস্যের একটি তালিকা জেলা প্রশাসন তৈরি করেছে। সেই তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে নির্দেশেনা এলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।