খুঁজুন
, ,

আজ থেকে চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 June, 2023, 4:36 am
আজ থেকে চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন
চাঁপাইনবাবগঞ্জ (রহনপুর)-ঢাকা রুটে আজ বৃহস্পতিবার চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন। বৃহস্পতিবার সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে আনুষ্ঠানিকভাবে কৃষিপণ্যবাহী (পার্সেল) ট্রেনটি উদ্বোধন করবেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফী নুর মোহাম্মদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এরইমধ্যে উদ্বোধনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে এসে পৌঁছেছে ম্যাংগো স্পেশাল ট্রেন।

উদ্বোধনের পর ট্রেনটি চলে যাবে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশনে। সেখানে বুকিং হওয়া আম নিয়ে বিকেল ৪টায় ট্রেনটি যাত্রা শুরু করবে। পথের ১৪টি স্টেশনে আম নিয়ে ম্যাংগো স্পেশাল ট্রেন ঢাকার তেজগাঁওতে পৌঁছাবে রাত ১টা ১৫ মিনিটে।

চাঁপাইনবাবগঞ্জ থেকে পরিবহনে খরচ হবে প্রতি কেজিতে ১ টাকা ৩২ পয়সা। রাজশাহী থেকে এই ভাড়া হবে ১ টাকা ১৭ পয়সা।

রেলওয়ের সূত্র মতে, ২০২০ সালের ৫ মে আম পরিবহনের জন্য প্রথমবারের মতো ম্যাংগো স্পেশাল ট্রেন চালু হয়। ট্রেনটি ওই বছরের ২১ জুলাই পর্যন্ত আম পরিবহন করে। ম্যাংগো স্পেশাল ট্রেন থেকে ওই বছর রেলওয়ের আয় হয় ২ লাখ ১১ হাজার ৪৫৮ টাকা।

২০২১ সালের ২৭ মে থেকে ১৫ জুন পর্যন্ত ম্যাংগো ট্রেনে আম পরিবহন করা হয়। দ্বিতীয় বারের মতো চলা এই ট্রেন থেকে রেলের আয় হয় ১৩ লাখ ৪৪ হাজার ৯২০ টাকা।

তৃতীয় বারের মতো ২০২২ সালের ১৩ জুন ম্যাংগো ট্রেন চালু হয়। আমের ভরা মৌসুমে তখন ট্রেনটি মাত্র ১১ দিন চলে। তখন রেলওয়ের আয় হয় ৩ লাখ ১৯ হাজার ২৬৫ টাকা।

পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, গত তিন বছররে মতো এবারো কম ভাড়ায় রাজধানীতে আম পরিবহনের জন্য ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করা হবে। গত বছর ম্যাংগো ট্রেনে পণ্যবাহী ওয়াগন ছিল ৫টি, এবার ব্যবসায়ীদের সুবিধার কথা মাথায় রেখে ট্রেনটিতে ওয়াগন থাকবে ৭-৯টি। প্রয়োজনে আরও ওয়াগন বাড়ানো হবে।

আম পরিবহনের সুবিধা বিবেচনায় এবার দুটি ট্রেন থাকবে। ট্রেনে আম ছাড়াও বিভিন্ন ফলমূল ও কৃষিপণ্য পাঠাতে পারবেন কৃষক ও উদ্যোক্তারা।

এদিকে ব্যবসায়ী ও আম চাষিরা বলছেন, ছোট ব্যবসায়ীদের জন্য ম্যাংগো স্পেশাল ট্রেনটির সুবিধা আছে।

কিন্তু বড় ব্যবসায়ীদের ট্রেনে আম পরিবহনে ট্রাকের তুলনায় বেশি খরচ হয়। ফলে গত বছর মাত্র ১১ দিন পরই বন্ধ হয়ে যায় ট্রেনটি। ট্রেনেরও লোকসান হচ্ছে। রাজশাহী (চাঁপাইনবাবগঞ্জ থেকে একটিসহ) থেকে ঢাকা রুটে প্রতিদিন চারটি ট্রেন চলাচল করে।

রাজশাহী বানিয়াত ব্যবসায়ী সমিতির সভাপতি বলেন, যাত্রীবাহী ট্রেনে কৃষিপণ্যবাহী একটি করে বগি থাকা উচিত। তাতে সব ধরনের কৃষিপণ্য পরিবহন করা যাবে। কিন্তু একটি করে ট্রেন (ম্যাংগো স্পেশাল) চালু রেখে কৃষিতে তার কোনো প্রভাব পড়বে না। বরং রেলের লোকসান হবে।

ট্রেনে প্রতি কেজি আম বা কাঁচামালের (পার্সেল) ভাড়া চাঁপাইনবাবগঞ্জ থেকে জয়দেবপুরসহ ঢাকার সব স্টেশনে এক টাকা ৩০ পয়সা, যা রাজশাহী থেকে এক টাকা ১৭ পয়সা। এ ছাড়া রেলওয়ের নিজস্ব কুলির জন্য খরচ নির্ধারিত।

 

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।