খুঁজুন
, ,

নিরাপত্তা প্রত্যাহার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন হাস

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 31 May, 2023, 2:14 pm
নিরাপত্তা প্রত্যাহার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন হাস

কূটনীতিকদের চলাচলে পুলিশের নিরাপত্তা উঠিয়ে নেয়া বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে জানতে চেয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

বুধবার দুপুরে সচিবালয়ে সাক্ষাৎ করে পিটার হাস এ প্রশ্ন করেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান। এ ছাড়া তাদের বৈঠকে যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি নিয়েও আলোচনা হয়।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জানতে চেয়েছিলেন, হঠাৎ করে কেন সড়ক নিরাপত্তা (রোড প্রোটেকশন) উঠিয়ে নেয়া হয়েছে।

২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর থেকে যুক্তরাষ্ট্রসহ চার দেশের রাষ্ট্রদূতদের বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছিল। সম্প্রতি তা বাতিল করে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, কোনো দেশ প্রয়োজন মনে করলে আনসার বাহিনীর মাধ্যমে ওই সেবা নিতে পারবে। সে জন্য বিশেষ প্রশিক্ষণ দিয়ে আনসার গার্ড রেজিমেন্ট গড়ে তোলা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন রাষ্ট্রদূতকে এ বিষয়টি আবার বলা হয়েছে। একই সঙ্গে নিশ্চিত করা হয়েছে, কূটনীতিকপাড়ায় কোনো ধরনের নিরাপত্তার ব্যাঘাত ঘটবে, এ রকম কোনো কিছু হতে দেবেন না। কূটনীতিকপাড়া ও তাদের (কূটনীতিক) চলাচল যাতে নিরাপদ থাকে, সেই ব্যবস্থা করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন বলেন, ‘ওনারা কিছু সময় চেয়েছিলেন (সড়কে নিরাপত্তার বিষয়ে)। তাদের বলা হয়েছে, যাদের (আনসার গার্ড রেজিমেন্ট) নিরাপত্তার জন্য দেওয়া হচ্ছে, তারা খুবই প্রশিক্ষিত। তবে এ বিষয়ে আরও বসা হবে। যদি মনে করা হয়, নিরাপত্তার জায়গায় কোনো অভাব আছে, তাহলে সেটি দেখা হবে।

এই নিরাপত্তার জন্য টাকা পরিশোধ করতে হবে, তা–ও জানিয়ে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র যে ভিসা নীতি দিয়েছে, সেই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন পিটার হাস। তিনি শুরুতেই বলেন, এটা কাউকে উদ্দেশ করে দেওয়া হয়নি। একটি সুন্দর নির্বাচন যাতে হয়, সে জন্যই দেওয়া হয়েছে।

আসাদুজ্জামান খাঁন বলেন, ‘আমি তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছি, ভিসা যার যার দেশের নিজস্ব ব্যাপার। কাকে সেই দেশে ঢুকতে দেবে কি দেবে না, সেটি সেই দেশই জানে, সেখানে আমাদের কিছু বলার নেই। তারা ভিসা নিয়ে যে ঘোষণা দিয়েছেন, সেটি তাদের নিজস্ব ব্যাপার।’

‘তবে তারা দেশে একটি সুন্দর নির্বাচন চান’ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরাও বিশ্বাস করি ষড়যন্ত্র নয়, কোনো শক্তির অভ্যুত্থান নয় কিংবা বন্দুকের নল নয়। মানুষের ম্যান্ডেটে একটি নির্বাচন হোক। আওয়ামী লীগ বিশ্বাস করে, জনগণের ম্যান্ডেট। আপনারাও ( যুক্তরাষ্ট্র) সেটির জন্য উৎসাহ প্রকাশ করেছেন। সে জন্য যে ভিসা নীতি দিয়েছেন, আমরা স্বাগত জানাই।’

সুষ্ঠু ভোটের লক্ষ্যে ভিসা নীতি ঘোষণা করায় মার্কিন রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়েছেন বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় একজন সাংবাদিক প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্র থেকে আরও নিষেধাজ্ঞা আসতে পারে বলে গণমাধ্যমে খবর আসছে। এ বিষয়ে পিটার হাসের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না? জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা যুক্তরাষ্ট্রের ব্যাপার। সেখান থেকে কী করবে আমার জানা নেই।’

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।