খুঁজুন
, ,

লোডশেডিংএর কবলে দেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 31 May, 2023, 2:18 am
লোডশেডিংএর কবলে দেশ

গ্যাস সংকটের কারণে সক্ষমতা থাকার পরও প্রায় দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়েছে। ডলার সংকটে তেল আমদানি স্বাভাবিক করতে পারছে না বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সরকারের কাছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের মালিকদের বকেয়া পাওনার পরিমাণ ২৮ কোটি টাকা ছাড়িয়েছে। ফলে তারাও বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে আগ্রহ হারাচ্ছেন। এমন পরিস্থিতিতে আরও সংকটের মধ্যে পড়তে যাচ্ছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা।

গত কয়েক দিন ধরে রাজধানী ও আশপাশের এলাকায় লোডশেডিংয়ের তীব্রতা বেড়েছে। আগামী কয়েক সপ্তাহে তা আরও বাড়তে পারে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ঠিক রাখা এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। জ¦ালানি আমদানি বাধাগ্রস্ত হওয়ায় সামনের দিনগুলোতে লোডশেডিংয়ের তীব্রতা বাড়বে।

খোঁজ নিয়ে দেখা যায়, গতকাল রাজধানী ও আশপাশের জেলাগুলোতে লোডশেডিংয়ের তীব্রতা বেড়েছে। মোহাম্মদপুর শেখেরটেক এলাকার স্কুলশিক্ষিকা সাবিহা মুমতাজ  বলেন, ‘গভীর রাতেও বিদ্যুৎ চলে যাচ্ছে। বাচ্চাদের নিয়ে কষ্টে আছি। একদিকে মশা, অন্যদিকে লোডশেডিং- সব মিলিয়ে একটি সংকটে আছি।’ নারায়ণগঞ্জের বাসিন্দা মো. হারুনুর রশিদ জানান, গত এক সপ্তাহ ধরে লোডশেডিং বেড়েছে। মঙ্গলবারও দফায় দফায় বিদ্যুৎ গেছে জানিয়ে এই বেসরকারি চাকুরে বলেন, সামনে বাচ্চাদের পরীক্ষা শুরু হবে। বিদ্যুৎ যদি খুব বেশি যাওয়া-আসা করে তবে সংকট বাড়বে।

রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জের একটি অংশে বিদ্যুৎ সবরাহকারী কোম্পানি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন (ডিপিডিসি)। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান জানান, তারা চাহিদার চেয়ে প্রায় ৩শ মেগাওয়াট বিদ্যুৎ কম সরবরাহ করছে পিডিবি। ফলে লোডম্যানেজমেন্টের মাধ্যমে ঘাটতি পূরণ করতে হচ্ছে। সরবরাহ আরও কমলে লোডশেডিং বাড়বে বলেও জানান তিনি।

প্রায় একই কথা জানান ঢাকা ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কাওসার আমীর আলী। তিনি বলেন, গতকাল (মঙ্গলবার) বিদ্যুতের চাহিদা ছিল ১২শ মেগাওয়াটের মতো। পিডিবি সরবরাহ করেছে এক হাজার মেগাওয়াট। ফলে লোডশেডিং করে সরবরাহ সামাল দিতে হয়েছে।

এদিকে বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, বিভিন্ন বিদ্যুৎ কোম্পানির পক্ষ থেকে যোগাযোগ করেও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। টেলিফোনে পিডিবি চেয়ারম্যানকে না পাওয়া নিয়ে খোদ সংসদীয় কমিটির সভাতে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে জানতে গতকালও তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সাড়া পাওয়া যায়নি।

পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন বলেন, সামগ্রিকভাবে কিছুটা সংকট তৈরি হয়েছে। তবে এখন বিদ্যুতের চাহিদা কিছুটা কমে আসছে। তিনি বলেন, ‘আপাতত এলএনজি আমদানি স্বাভাবিক আছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক আছে। ফলে লোডশেডিং কিছুটা বাড়লেও বড় কোনো সংকট হবে বলে মনে করছি না।’

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একটি বিদ্যুৎ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বলেন, বর্তমানে পিডিবির দায়িত্বশীলদের খামখেয়ালি ও অদক্ষতায় দিন দিন সংকট বাড়ছে। তিনি বলেন, পায়রার মতো বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়া পিডিবির কর্মকর্তাদের অব্যবস্থাপনার খেসারত। আগে থেকে তৎপর হয়ে সরকারের নীতিনির্ধারকদের জানালে এমনটা হতো না। ওই কর্মকর্তা বলেন, নিজেরা ঋণগ্রস্ত হয়ে সংস্থাটিকে ডুবিয়েছে। এখন বিতরণ কোম্পানির কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে লাভে থাকা বিতরণ কোম্পানিগুলোকেও ডুবানোর চেষ্টা চলছে।

এদিকে গত সোমবার এক অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সরকার বিদ্যুৎ ও গ্যাসের স্বাভাবিক সরবরাহ অব্যাহত রাখতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বৈশি^ক সংকটের কারণে নানা ধরনের অভ্যন্তরীণ সংকট তৈরি হচ্ছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, এ বছর রমজান ও গ্রীষ্মে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ১৬ হাজার মেগাওয়াট নির্ধারণ করা হয়েছিল। সেই অনুযায়ী উৎপাদন পরিকল্পনা করা হয়। তবে চাহিদা বেড়েছে ধারণার চেয়ে বেশি। আর এখন পর্যন্ত সর্বোচ্চ ১৫ হাজার ৬০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পেরেছে সরকার।

পিডিবির ওয়েবসাইটের তথ্যমতে, গতকাল বিদ্যুতের আনুমানিক চাহিদা ছিল ১৪ হাজার ৯০০ মেগাওয়াট। সর্বোচ্চ উৎপাদন হয়েছে ১৪ হাজার ৯৩৭ মেগাওয়াট। তেমন কোনো লোডশেডিং ছিল না। ওয়েবসাইটে গতানুগতিক তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে পিডিবির বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পিডিবি কর্মকর্তা বলেছেন, পিডিবি যতটুকু উৎপাদন করতে পারবে ততটুকুই চাহিদা দেখায়। প্রকৃত চাহিদা কখনো ওয়েবসাইটে দেয় না।

উল্লেখ্য, দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২২ হাজার ৫৬৬ মেগাওয়াট। এর মধ্যে সর্বোচ্চ উৎপাদন সম্ভব ১৫ হাজার ৬০৪ মেগাওয়াট। জ¦ালানি সংকট এবং রক্ষণাবেক্ষণ ও মেরামতের কারণে প্রায় সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। গ্যাসের সরবরাহ বাড়লেও তা চাহিদার তুলনায় কম। ফলে বর্ধিত চাহিদায় লোডশেডিংয়ের কোনো বিকল্প আপাতত নেই সরকারের কাছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।