খুঁজুন
, ,

জাতিসংঘে সম্মেলনের নামে মানব পাচার, নেওয়া হয় জনপ্রতি ২৫ লাখ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 May, 2023, 3:27 pm
জাতিসংঘে সম্মেলনের নামে মানব পাচার, নেওয়া হয় জনপ্রতি ২৫ লাখ

বাংলাদেশ থেকে আমেরিকা, ফ্রান্স ও ইতালিসহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশে মানব পাচারের নতুন ফন্দি আঁটছে এক চক্র। তারা গড়ে তুলেছে নাম সর্বস্ব মানবাধিকার সংগঠন। সেই সংগঠনের উচ্চ পদস্থ কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য জাতিসংঘ সদর দপ্তরে ভুয়া তথ্য দিয়ে ইমেইল পাঠায়। জাতিসংঘ অনুমতি দিলে পরবর্তীতে ভিসার জন্য ওই সব দেশের দূতাবাসে আবেদন করে ভিসা সংগ্রহ করে। সেখানে গিয়ে ভিসার মেয়াদ শেষ হলেও বিভিন্ন অবৈধ উপায়ে থেকে যায়। আর এভাবে বিদেশ যেতে জন প্রতি ১৫ থেকে ২৫ লাখ টাকা নিচ্ছে চক্রটি।

সম্প্রতি আমেরিকান দূতাবাস এমন এক চক্রকে শনাক্ত করে। পরে চক্রটির বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় গত ২১ মে একটি মামলা করে। মামলাটির তদন্তভার পায় ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) এর ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম। চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে ডিবি।

গ্রেপ্তারকৃতরা হলেন, মহিউদ্দিন জুয়েল, মো. উজ্জ্বল হোসাইন ওরফে মুরাদ, মো. এনামুল হাসান, শাহাদাদ ও হাদিদুল মুবিন। মহিউদ্দিন ‘প্রোটেকশন ফর লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন’র চেয়ারম্যান পরিচয়ে মানবাধিকার সংস্থার আড়ালে প্রতারণা ও মানব পাচার করেন। উজ্জ্বল প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক পরিচয়ে প্রতারণা ও মানব পাচার করেন।

ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তারেক বিন রশিদ দেশ রূপান্তরকে বলেন, চক্রটি মানবাধিকার সংগঠনের আড়ালে মানব পাচার করে আসছে। তারা এই পন্থায় আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশে লোক পাঠিয়েছে বলে স্বীকার করেছে। চক্রের আরও চার থেকে পাঁচজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ডিবির তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, গ্রেপ্তার উজ্জ্বল আন্তর্জাতিক মানব পাচার এবং প্রতারক চক্রের মূল হোতা। নাম সর্বস্ব একটি বেসরকারি প্রতিষ্ঠান ‘প্রোটেকশন ফর লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন’র আড়ালে ২০১৯ সাল থেকে মিথ্যা তথ্য ব্যবহার করে আমেরিকা, ফ্রান্সসহ অন্যান্য উন্নত দেশগুলোতে মানব পাচার করে আসছে। মূলত প্রতিষ্ঠানটির কাছে বিভিন্ন লোকজন বিরোধ নিষ্পত্তির জন্য অভিযোগ দায়ের করে। তখন এই প্রতিষ্ঠানের পক্ষে নির্বাহী পরিচালক মো. উজ্জ্বল হোসাইন ও চেয়ারম্যান মহিউদ্দিন জুয়েল তাদের বিরোধ নিষ্পত্তির আড়ালে কৌশলে তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে। তাদের ইউরোপ আমেরিকাসহ বিভিন্ন উন্নত বিশ্বে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে। এরই ধারাবাহিকতায় জাতিসংঘ এর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল এর বিভিন্ন সম্মেলনসহ জাতিসংঘের অন্যান্য সম্মেলন এর বিজ্ঞপ্তিগুলোর নিয়মিত খোঁজ রাখেন রাতা। ওই সব সম্মেলন গুলোর বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়া মাত্রই তারা ‘প্রোটেকশন ফর লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন’ এর বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা-কর্মচারী পরিচয়ে সম্মেলনে যোগদানের জন্য জাতিসংঘ সদর দপ্তর এর সংশ্লিষ্ট বিভাগে ইমেইল পাঠাতেন।

মো. এনামুল হাসান ‘প্রোটেকশন ফর লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন’ এর ডেপুটি ডাইরেক্টর, শাহাদাদ কমিউনিকেশন অফিসার, হাদিদুল মুবিন উপপরিচালক সেজে জাতিসংঘ সদর দপ্তরে গত ১৭ থেকে ২৮ এপ্রিল এবং ৪ মে আদিবাসী ইস্যু প্রোগ্রামে অংশগ্রহণের কথা বলে জাতিসংঘের কাছ থেকে ইনভাইটেশন লেটার নেয়। পরবর্তীতে আমেরিকার ভিসা পাওয়ার জন্য ঢাকাস্থ আমেরিকান দূতাবাসে হাজির হয়ে ‘প্রোটেকশন ফর লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন’ এর নামে জাল কাগজপত্র দাখিল করে অবৈধভাবে আমেরিকার ভিসা পাওয়ার জন্য আবেদন করে। মহিউদ্দিন জুয়েল ও মো. উজ্জ্বল হোসাইন ওরফে মুরাদ তাদের পরিচালিত প্রতিষ্ঠানটিকে জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল এর বিশেষ পরামর্শদায়ক দাবি করে।

ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মহিদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, বিশ্বের উন্নত দেশে মানব পাচারে অভিনব কৌশল এটি, বলা যায় মানব পাচারের স্টান্ডার্ড ওয়ে এটি। চক্রটির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।