খুঁজুন
, ,

যশোরে শনিবার বিএনপি সমাবেশ করবেই, প্রতিহতের ঘোষণা আ.লীগের

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 25 May, 2023, 2:23 pm
যশোরে শনিবার বিএনপি সমাবেশ করবেই, প্রতিহতের ঘোষণা আ.লীগের

যশোরে শনিবার একই দিন বিএনপির সমাবেশ ও আওয়ামী লীগ সমর্থিত শ্রমিক ফেডারেশনের শ্রমিক সমাবেশ ঘিরে রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। শ্রমিক ফেডারেশন শহরের টাউন হল ময়দানে সমাবেশ করার অনুমতি পেয়েছে। তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিএনপির সমাবেশের অনুমতি মেলেনি।

জেলা বিএনপি বলছে, প্রশাসনের অনুমতি না পেলেও তারা সমাবেশ করছেন। বিএনপি তাদের কর্মসূচি সফল করতে অনড়। অপরদিকে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিএনপির সমাবেশ প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। দুই দলের কঠোর অবস্থান সহিংসতায় রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। তবে জেলা পুলিশের দাবি, সহিংসতার আশঙ্কা নেই। সর্বোচ্চ প্রস্তুতি আছে পুলিশের।

গত কয়েক দিন জেলা আওয়ামী লীগের শীর্ষনেতাদের বিএনপির সমাবেশ প্রতিহত করার হুমকি ও প্রশাসনের অনুমতি না পাওয়া নিয়ে বিএনপির সার্বিক অবস্থান তুলে ধরে বৃহস্পতিবার দুপুরে প্রেস ক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি।

সংবাদ সম্মেলনে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গায়েবি মামলায় গ্রেফতার, নির্যাতনসহ সরকার পদত্যাগের ১০ দফা দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৭ মে বিক্ষোভ সমাবেশ করবে যশোর জেলা বিএনপি। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সমাবেশ সফল করতে জেলা বিএনপি ইতোমধ্যে সকল উপজেলা ও ইউনিয়নে প্রস্তুতি সভা সম্পন্ন করেছে। তবে সমাবেশের একদিন বাকি থাকলেও জেলা প্রশাসন এখনো সমাবেশ স্থলের অনুমতি দেয়নি। বিএনপির সমাবেশকে ঘিরে যখন সকল প্রস্তুতি চলছে, সেই মুহূর্তে যশোর আওয়ামী লীগ ঘোষণা দিয়েছেন বিএনপির সমাবেশ প্রতিহত করার।

তিনি আরও বলেন, আগামী ২৭ মে যশোরে বিএনপির সমাবেশ করার দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর থেকে পুলিশ নেতাকর্মীদের গণগ্রেফতারে নেমেছে। এ গণগ্রেফতারের মধ্যেই আমরা সকল প্রস্তুতি নিয়েছি। তবে দুঃখের বিষয় আমরা সমাবেশ স্থলের অনুমতি চাইলেও জেলা প্রশাসন এখনো অনুমতি দেয়নি। প্রথমে আমরা শহরের কেন্দ্রীয় ঈদগা ও টাউন হল ময়দানে অনুমতি চেয়েছিলাম কিন্তু ঈদগাহে ঈদের প্যান্ডেল থাকাতে অনুমতি দেয়নি। আর টাউন হল ময়দানে আমাদের সমাবেশের অনুমতি চাইলে আমাদের না দিয়ে সরকার দলীয় শ্রমিক সংগঠনটিকে অনুমতি দিয়েছে।

তিনি আরও বলেন, এ সমাবেশ প্রশাসন অনুমতি দিলেও করব, না দিলেও করব। আগামী ২৭ মে শহরের ভোলা ট্যাংক রোডে সমাবেশ করা হবে। সরকারদলীয় নেতাকর্মীদের হামলার হুমকি উপেক্ষা করেই এ সমাবেশ সফল করা হবে। আমাদের যে দাবি সেই দাবিতে সাধারণ জনগণের দাবি। সেই দাবি আদায়ে আমরা আমাদের নৈতিক অবস্থান থেকে সরে দাঁড়াব না। যশোরে সমাবেশকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন হুমকিমূলক বক্তব্য প্রদান করছে। তাদের সেই হুমকিতে বিএনপি নেতাকর্মীরা বিচলিত না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস ইসলাম, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ প্রমুখ।

এদিকে গত মঙ্গলবার জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও বুধবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি দলীয় কর্মসূচি থেকে ঘোষণা দিয়েছেন যশোরে বিএনপির সমাবেশ প্রতিহত করা হবে।

এমপি শাহীন চাকলাদার বলেছেন, যারা দেশের উন্নয়ন চায় না, সেই সব অগ্নিসন্ত্রাসীদের সমাবেশ করার অধিকার নেই। জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শহর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সব সহযোগী সংগঠনের নেতাদের নির্দেশ দেওয়া থাকল, বিএনপি যদি সমাবেশ করতে ঘর থেকে একপাও বের হয়, তাদের যেকোনো মূল্যে প্রতিহত করতে হবে।

শুক্রবার শহরের টাউন হল ময়দানে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জেলা আওয়ামী লীগ। একই স্থানে শনিবার শ্রমিক সমাবেশ করবে আওয়ামী লীগ সমর্থিত শ্রমিক ফেডারেশন। ইতোমধ্যে প্রশাসনের অনুমতি পেয়েছে সংগঠনটি।

এ বিষয়ে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেন, শনিবার একই দিনে বিএনপি ও শ্রমিক ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত হবে। দুটি সংগঠনের কর্মসূচি ঘিরে কোনো সহিংসতার আশঙ্কা নেই। তারপরও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ প্রস্তুতি থাকবে।

 

ওবায়দুল কাদেরের পরিবারের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 7:24 pm
ওবায়দুল কাদেরের পরিবারের দুই সদস্য গ্রেপ্তার

 

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মামাতো ভাই শামছুর রহমান টিপু ও তাঁর ছেলে শিহাবুর রহমান শিহাবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকার মৌলভী আমিন উল্যাহ খাঁন সাহেবের বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার শামছুর রহমান টিপুর বয়স ৬২ বছর। তিনি ওবায়দুল কাদেরের বড় মামা একরামুল হকের ছেলে। স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে তিনি বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর ছেলে ৩২ বছর বয়সী শিহাবুর রহমান শিহাব বসুরহাট পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাবা-ছেলে নিজেদের বাড়িতে অবস্থান করছিলেন। তাঁদের অবস্থান সম্পর্কে গোপন সংবাদ পাওয়ার পর বৃহস্পতিবার বিকেলে সেখানে অভিযান চালায় পুলিশ। পরে তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান জানান, গ্রেপ্তার দুজনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

 

ওবায়দুল কাদেরের পরিবারের দুই সদস্যের গ্রেপ্তারের ঘটনায় কোম্পানীগঞ্জের স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি আলোচনায় এসেছে।

যে বিমানে ভারতে গিয়েছিলেন, সেই বিমানেই ফিরবেন শেখ হাসিনা—দলীয় সূত্রের দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 6:16 pm
যে বিমানে ভারতে গিয়েছিলেন, সেই বিমানেই ফিরবেন শেখ হাসিনা—দলীয় সূত্রের দাবি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবার তিনি যে বিমানে দেশ ছেড়েছিলেন, সেই একই বিমানে দেশে ফিরবেন বলে দাবি করেছে আওয়ামী লীগের একাধিক সূত্র।

 

বেঙ্গলি জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কয়েকজন নেতা এবং শেখ হাসিনার আন্তর্জাতিক ও স্বদেশ প্রত্যাবর্তনবিষয়ক বিশেষ টিমের সদস্যরা এমন তথ্য জানিয়েছেন।

 

প্রতিবেদনে দাবি করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার সময় যে বিমানটি ব্যবহার করেছিলেন শেখ হাসিনা, দেশে ফেরার ক্ষেত্রেও সেটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ কিংবা দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

 

এর আগে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছিলেন। রয়টার্সের এক সাক্ষাৎকারেও তিনি ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন।

 

এদিকে গত ৯ নভেম্বর শেখ হাসিনার পক্ষে তাঁর আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন বলে জানিয়েছে রয়টার্স। তবে তাঁর দেশে ফেরার আইনি প্রক্রিয়া ও প্রত্যর্পণ নিয়ে এখনো জটিলতা রয়েছে।

 

ফলে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে আলোচনা চললেও একই বিমানে ফেরার দাবিটির বিষয়ে এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার মতো তথ্য পাওয়া যায়নি।

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।