খুঁজুন
, ,

নিয়ন্ত্রণহীন কাচাঁ বাজার, জনগনের নাভিশ্বাস

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 19 May, 2023, 8:36 am
নিয়ন্ত্রণহীন কাচাঁ বাজার, জনগনের নাভিশ্বাস

আজ শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, পেঁয়াজ, আদা ও রসুনের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম গত সপ্তাহের চেয়েও বেড়েছে। সাধ্যের মধ্যে মিলছে না মাছ। বাজার বিশ্লেষণে দেখা গেছে, মাত্র একদিনের ব্যবধানে বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। ৩০০ টাকা কেজির কমে মিলছে না আদা। চীন থেকে আমদানি করা ভালোমানের আদার দাম উঠেছে কেজিপ্রতি ৪০০ টাকায়।

অথচ মাত্র কয়েক সপ্তাহ আগেই এ পেঁয়াজ ও আদার দাম ছিল বর্তমান দামের অর্ধেক। রমজানের ঈদের আগে বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫ টাকায় এবং আদা ১৮০ টাকায়। অন্যদিকে এসময়ের ব্যবধানে আমদানি করা রসুনের দাম কেজিপ্রতি ৪০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।

মসলার বাজারে কাঁচামরিচের দামও এখন আকাশছোঁয়া। বাজারে কাঁচামরিচের কেজি এখন ২০০ থেকে ২২০ টাকা। কয়েকদিনের ব্যবধানে জিরার দাম কেজিপ্রতি ৩০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকায়।

বিক্রেতারা এসব পণ্যের দাম বৃদ্ধির কারণ হিসেবে আমদানি বন্ধ ও নানা ধরনের সংকটের কথা বললেও ক্রেতারা তা মেনে নিতে নারাজ। ক্রেতারা বলছেন, মাছ-মাংস, মসলা ও শাক-সবজিসহ প্রায় সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের চড়া দামে দারুণ বিপাকে সাধারণ মানুষ।

সবজির বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে কোনো সবজির দাম কমেনি। বরং এ বছর চড়া দামের সবজির তালিকায় যোগ হয়েছে সচরাচর স্থিতিশীল থাকা আলুও। এখন অন্য যেকোনো সময়ের চেয়ে বাড়তি দামে আলু কিনতে হচ্ছে ক্রেতাদের। বাজারে আলুর দাম আরও বেড়ে এখন প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত দুদিন আগেও ছিল ৩৫ টাকা।

আলুর দাম বাড়ার বিষয়টি উঠে এসেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যেও। সংস্থাটি বলছে, বাজারে গত এক মাসের ব্যবধানে আলুর দাম ২৯ শতাংশ বেড়েছে। আর বছরের ব্যবধানে দাম বেড়েছে প্রায় ৭৪ শতাংশ। গত বছর এসময়ে প্রতি কেজি আলুর দাম ছিল ১৮ থেকে ২৫ টাকা। যা এখন ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির পাশাপাশি উত্তাপ ছড়াচ্ছে মাছের বাজারও। হুট করে সব ধরনের মাছের দাম কেজিপ্রতি ৩০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। ৬০০ টাকা কেজির কমে কেনা যাচ্ছে না টেংরা, কই, শিং ও চিংড়ি মাছ। চাষের রুই-কাতলা বিক্রি হচ্ছে ৩২০ টাকার বেশি দামে। দুই কেজি বা তারচেয়ে বড় হলে দাম কেজিতে আরও ১০০-২০০ টাকা বেশি গুনতে হচ্ছে। এমনকি ছোট আকারের পাঙাশ-তেলাপিয়া মাছের দামও এখন কেজিপ্রতি ২৪০-২৫০ টাকা। যা স্বাভাবিক সময়ে ২০০ টাকা কেজি বা তারও কমে পাওয়া যেতো।

বাজার ঘুরে দেখা গেছে, মুদি দোকানগুলোতে প্রতি লিটার সয়াবিন তেল ১৯০ টাকা ও চিনি ১৩০-১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে এখনো চিনির সংকট কাটেনি। অধিকাংশ দোকানে পাওয়া যাচ্ছে না প্যাকেটজাত চিনি।

এছাড়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা কেজি দরে। ফার্মের মুরগির ডিমের দাম বেড়ে হয়েছে ১৫০ টাকা ডজন। গরুর মাংসের দাম রমজানের পর থেকে দুই দফা বেড়ে এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০০ টাকায়।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, ভারতের পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দেশি পেঁয়াজের ওপর চাপ বাড়ছে। এর প্রভাবে দাম বাড়ছে। আমদানিকারকরা বলছেন, বাজার স্বাভাবিক রাখতে আমদানির বিকল্প নেই। পেঁয়াজ আমদানি না করা গেলে বাজার আরো ঊর্ধ্বমুখী হবে। কারণ বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কমে গেছে। ঋণপত্র খোলায় (এলসি) জটিলতার কারণে চাহিদামতো আদা ও রসুন আমদানি করতে পারছেন না তাঁরা।

দেশে কৃষকের উৎপাদিত পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করতে গত ১৬ মার্চ থেকে হিলিসহ দেশের সব বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ আছে। পাবনা, ফরিদপুর, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন এলাকার পেঁয়াজ দিয়ে চাহিদা মেটানো হচ্ছে।

খাতুনগঞ্জে আদা-রসুনের দাম বাড়তি : খাতুনগঞ্জে আমদানি করা আদা পাইকারিতে বিক্রি হচ্ছে ১৭০ থেকে ২২০ টাকা কেজিতে। আর রসুন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১৫০ টাকায়।

জানতে চাইলে খাতুনগঞ্জ কাঁচাপণ্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বলেন, ‘বাজারে মিয়ানমারের আদা পাইকারিতে ১৭০ থেকে ২০০ টাকায় এবং ভিয়েতনামের আদা ২১০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। ঈদুল ফিতরের আগেও এই আদা বিক্রি হয়েছিল ১২০ থেকে ১৪০ টাকায়। এই মাসের শুরুতে দাম বেড়ে ১৬০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়েছিল। এখন আরো বাড়ল।’

জানতে চাইলে অ্যাগ্রো কমোডিটি ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রেজাউল করিম আজাদ কালের কণ্ঠকে বলেন, ‘চীন থেকে সবচেয়ে বেশি আসে আদা ও রসুন।

চীনে এখন আদার বুকিং দর অনেক চড়া। দুই হাজার ৫০০ ডলারের আদা কিনে দেশের বাজারে পৌঁছতে কেজি ৩০০ টাকার ওপরে পড়বে। এই দামে তো আদা বিক্রি হবে না। রসুনের অবস্থাও তাই। এ জন্য ব্যবসায়ীরা চীনের বিকল্প খুঁজে আমদানির চেষ্টা করছেন।’

টিসিবির বাজারদর :

টিসিবির বৃহস্পতিবার (১৮ মে) বাজারদরের তালিকায় পেঁয়াজ, আদা, ডিম ও কাঁচা মরিচের দাম বাড়ার প্রমাণ পাওয়া গেছে। সংস্থাটি জানিয়েছে, রাজধানীর বাজারগুলোতে গত সপ্তাহের তুলনায় দেশি পেঁয়াজ কেজিতে ১৫ টাকা বেড়ে ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। গত এক মাসে পেঁয়াজের দাম কেজিতে ১২১ শতাংশ বেড়েছে বলে সরকারি এই সংস্থাটির তথ্যে দেখা গেছে। সপ্তাহের ব্যবধানে দেশি ও আমদানি রসুনের দাম পরিবর্তন হয়নি, কেজি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকায়। দেশি আদা কেজি ৩২০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে এবং আমদানি আদা কেজি ২৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ১৩০ থেকে ২০০ টাকায়।

হিলির বাজার :

সরবরাহ কমে যাওয়ার অজুহাতে দিনাজপুরের হিলিতে চার দিনের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে পাঁচ টাকা ও কাঁচা মরিচ ১০ টাকা বেড়ছে। বৃহস্পতিবার (১৮ মে) আদা ৩০০ টাকা কেজি বিক্রি হয়।

হিলি আমদানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশিদ বলেন, দেশি আদা চাহিদার তুলনায় সরবরাহ কম। কৃষকের আদা নষ্ট হওয়ায় বাজারে সরবরাহ কম হচ্ছে।

ভারত থেকে এক-দুই ট্রাক করে আদা আমদানি হচ্ছে, কিন্তু চাহিদার তুলনায় তা খুব অল্প। তবে প্রচুর পরিমাণে এলসি খোলা হচ্ছে।

আমদানি বাড়লেই আদার দাম ঈদের আগেই কমে আসবে। এদিকে সরকার আমদানির অনুমতি (আইপি) না দেয়ায় ভারত থেকে কাঁচা মরিচও আসছে না।

‘টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দেব’—নানক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Wednesday, 11 November, 2026, 10:54 pm
‘টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দেব’—নানক

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের নামে একটি রাজনৈতিক বক্তব্যের পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে।

 

পোস্টারে নানকের নামে উদ্ধৃত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, ‘দিস ইজ আওয়ামী লীগ, কাল ভোট দিন; টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দিব।’

 

পোস্টারটিতে ১১ নভেম্বর ২০২৬ তারিখ উল্লেখ রয়েছে। তবে বক্তব্যটি কোথায়, কখন এবং কোন অনুষ্ঠানে দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পোস্টারে উল্লেখ করা হয়নি।

 

এদিকে, বক্তব্যটি রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে প্রচারিত পোস্টারের বক্তব্যের সত্যতা ও পূর্ণাঙ্গ প্রেক্ষাপট নিশ্চিত করতে মূল ভিডিও বা সংশ্লিষ্ট অনুষ্ঠানের নির্ভরযোগ্য সূত্র যাচাই করা প্রয়োজন।

১৪–১৬ নভেম্বর টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Wednesday, 11 November, 2026, 10:40 pm
১৪–১৬ নভেম্বর টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের

বাংলাদেশ আওয়ামী লীগ আগামী ১৪ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী টানা তিন দিনের গণসংযোগ ও গণপ্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। দলটির ঘোষিত আট দফা দাবি বাস্তবায়ন এবং রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে।

 

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৪ নভেম্বর সারাদেশে আট দফা দাবির পক্ষে লিফলেট বিতরণ, দেয়াল লিখন, প্রচার-প্রচারণা ও গণসংযোগ করা হবে। পরদিন ১৫ নভেম্বর দাবিগুলোর সমর্থনে গণপ্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজনের কথা রয়েছে।

 

অন্যদিকে, ১৬ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়গুলোতে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে দলটি। একই দিনে ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয়েও স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিদেশে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের মাধ্যমে সংশ্লিষ্ট দূতাবাস, হাইকমিশন, কনস্যুলেট ও আন্তর্জাতিক সংস্থার প্রধান কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

আওয়ামী লীগের ঘোষিত আট দফা দাবির মধ্যে রয়েছে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, দল ও সহযোগী সংগঠনগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দিদের মুক্তি। পাশাপাশি দ্রব্যমূল্য ও জ্বালানির ব্যয় কমানো, বন্ধ শিল্পকারখানা চালু, কর্মসংস্থান সৃষ্টি, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার দাবিও অন্তর্ভুক্ত রয়েছে।

 

এ ছাড়া জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

 

প্রেস বিজ্ঞপ্তিতে দেশ-বিদেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সদস্যদের কর্মসূচি বাস্তবায়নে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

দলটির ভাষ্য অনুযায়ী, এসব কর্মসূচির মূল লক্ষ্য আট দফা দাবি বাস্তবায়নের পক্ষে জনমত গঠন এবং দেশব্যাপী আন্দোলন জোরদার করা।

 

লুটপাট ও অগ্নিকাণ্ডে মৃত্যু, তবুও জুলাই শহীদের তালিকায় নাম!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Wednesday, 11 November, 2026, 7:34 pm
লুটপাট ও অগ্নিকাণ্ডে মৃত্যু, তবুও জুলাই শহীদের তালিকায় নাম!

জুলাই শহীদদের সরকারি তালিকা নিয়ে নতুন করে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় এবং ৫ আগস্ট সরকার পতনের দিন বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনায় নিহত ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে শহীদের তালিকায়। তাঁদের কেউ মারা গেছেন রাজনৈতিক ব্যক্তিদের বাড়িতে অগ্নিকাণ্ডে, কেউ হোটেলে আগুনের ঘটনায়, আবার কারও মৃত্যুর পরিস্থিতি নিয়েও রয়েছে প্রশ্ন।

 

সবচেয়ে বড় বিষয়, এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, সরকারি গেজেটে থাকা ৮৩৪ জনের মধ্যে অন্তত ৫২ জনের মৃত্যু জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়ার আইনি সংজ্ঞার সঙ্গে মেলে না। তাঁদের মধ্যে ৩৫ জনের মৃত্যু হয়েছে অগ্নিকাণ্ডে।

 

প্রতিবেদন অনুযায়ী, ৫ আগস্ট বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনায় ৩৫ জনের মৃত্যু হয়। তাঁদের প্রত্যেকের নাম জুলাই শহীদের তালিকায় রয়েছে। নিহতদের মধ্যে ২৭ জনের পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের অগ্নিকাণ্ডে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

ঘটনাগুলোর মধ্যে রয়েছে নাটোরের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসভবন জান্নাতি প্যালেসের অগ্নিকাণ্ড। সেখানে নিহত চারজনের নাম সরকারি তালিকায় রয়েছে। তাঁদের মধ্যে মিকদাদ হোসেন খান, শরিফুল ইসলাম মোহন, ইয়াসিন আলী ও মেহেদী হাসান।

 

লালমনিরহাটে আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন সুমন খানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নিহত ছয়জনের নামও তালিকায় রয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।

 

বরগুনার আমতলীতে মেয়রের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ হয়ে মারা যান আল-আমিন হোসেন। তাঁর মৃত্যুর বিষয়টি বার্ন ইনস্টিটিউট নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, বাড়িতে আগুন দেওয়ার সময় তিনি দগ্ধ হয়েছিলেন।

 

সবচেয়ে বেশি আলোচনায় এসেছে যশোরের জাবির ইন্টারন্যাশনাল হোটেলের ঘটনা। ৫ আগস্ট আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের মালিকানাধীন এই হোটেলে অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় নিহত ২৩ জনের নাম শহীদ তালিকায় থাকার তথ্য উঠে এসেছে।

 

তবে নিহতদের পরিবারের বক্তব্যে রয়েছে ভিন্নতা। কয়েকটি পরিবারের দাবি, তাঁদের স্বজনের আগুন দেওয়ার কাজে কোনো সম্পৃক্ততা ছিল না; বরং আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা প্রাণ হারিয়েছেন। যশোরের তৎকালীন জেলা প্রশাসকের বক্তব্যও ছিল, নিহত ব্যক্তিরা আন্দোলনের অংশ ছিলেন বলেই তাঁদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

এদিকে, ২০ জুলাই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের প্রিয়ম নিবাসে অগ্নিসংযোগে তিন নির্মাণশ্রমিকের মৃত্যুর ঘটনাও আলোচনায় এসেছে। চাঁদপুরের হাজীগঞ্জে ট্রাকে আগুনের ঘটনায় কিশোর মাজিদের মৃত্যুর বিষয়টিও তালিকাভুক্তির বিতর্কে উল্লেখ করা হচ্ছে। এসব ঘটনার প্রত্যেকটির ক্ষেত্রে সরকারি নথি ও মৃত্যুর পরিস্থিতি আলাদাভাবে যাচাই করা জরুরি।

 

শুধু অগ্নিকাণ্ড নয়, একই অনুসন্ধানে সড়ক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, অসুস্থতা এবং ব্যক্তিগত বিরোধে হত্যার ঘটনায় মারা যাওয়া ব্যক্তিদের নামও সরকারি তালিকায় থাকার তথ্য উঠে এসেছে।

 

আইন অনুযায়ী কারা জুলাই শহীদ?

 

২০২৫ সালের জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের পরিবার কল্যাণ এবং পুনর্বাসনসংক্রান্ত অধ্যাদেশে শহীদের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। সেখানে তৎকালীন সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা ক্ষমতাসীন দলের সদস্যদের হামলায় জুলাই গণঅভ্যুত্থানের সময় নিহত ব্যক্তিদের শহীদ হিসেবে স্বীকৃতির কথা বলা হয়েছে।

 

প্রতিবেদনে জেলা প্রশাসন ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগ নেতাদের বাড়ি বা স্থাপনায় অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের ওই আইনি সংজ্ঞায় শহীদ হিসেবে অন্তর্ভুক্ত করার সুযোগ নেই।

 

তবে যশোরের জেলা প্রশাসকের বক্তব্যে আন্দোলনে অংশগ্রহণের বিষয়টি সামনে এসেছে। ফলে আইনের সংজ্ঞা এবং বাস্তবে তালিকা তৈরির প্রক্রিয়ার মধ্যে অসংগতি রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

 

এদিকে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় তালিকা সংশোধনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিল। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, জেলা থেকে তথ্য পাওয়ার পর যাঁদের নাম অন্তর্ভুক্তির যোগ্যতা নেই, তাঁদের নাম বাদ দেওয়া হবে।

 

সব মিলিয়ে জুলাই শহীদদের তালিকা নিয়ে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- প্রতিটি মৃত্যুর প্রকৃত কারণ, ঘটনার সময়, নিহত ব্যক্তির ভূমিকা এবং আইনি যোগ্যতা নিরপেক্ষভাবে যাচাই করা।

 

কারণ, জুলাই গণঅভ্যুত্থানে প্রকৃত শহীদদের আত্মত্যাগের স্বীকৃতি যেমন নিশ্চিত করতে হবে, তেমনি ভুল তথ্যের ভিত্তিতে কারও নাম তালিকায় অন্তর্ভুক্ত করে সেই স্বীকৃতির মর্যাদাও প্রশ্নবিদ্ধ করা যাবে না।