তুহিন হত্যা মামলায় ফের জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পুনরায় জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে শুনানি শেষে বিচারক আবু শামীম আজাদ তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।
সেদিন সকালে আদালতে উপস্থিত হন আইভী। শুনানি শেষে আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় তাঁকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। এ সময় তিনি বলেন, ‘জয় বাংলা দাবিয়ে রাখা যাবে না।’
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ব্র্যাক ব্যাংকের সামনে রিকশাচালক তুহিন নিহত হন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে এক নম্বর এবং সেলিনা হায়াৎ আইভীকে ১১ নম্বর আসামি করা হয়।
আদালতে শুনানির সময় আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, মামলাটির তদন্ত শেষে পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। তাঁর দাবি, তদন্তে বিস্ফোরকের আলামত কিংবা মামলার সঙ্গে আইভীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। এ অবস্থায় চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের পাশাপাশি আইভীর পুনরায় জামিনের আবেদন করেন তাঁরা।
অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) জাকির হোসেন জামিনের বিরোধিতা করেন। তিনি জানান, এ বিষয়ে নারাজি পিটিশন দেওয়া হবে। এ নিয়ে আদালতে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে যুক্তিতর্ক হয়।
উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারক আইভীর জামিন আবেদন মঞ্জুর করেন।

আপনার মতামত লিখুন