সালমান এফ রহমান সরে দাঁড়াচ্ছেন, পুনর্গঠন হচ্ছে বেক্সিমকো ফার্মার পর্ষদ
বেক্সিমকো ফার্মা লিমিটেডের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগে সম্মতি দিয়েছেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ছিলেন।
সম্প্রতি এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) অবহিত করেছে বেক্সিমকো ফার্মা। কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সৃষ্ট প্রতিকূলতা বিবেচনায় নিয়ে ব্যবসা ও শেয়ারধারীদের স্বার্থে পর্ষদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সালমান এফ রহমান।
তার পদত্যাগের পর বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত কাঠামোতে উদ্যোক্তা পক্ষের তিনজন পরিচালক, চারজন স্বতন্ত্র পরিচালক, আইএফআইসি ব্যাংকের মনোনীত একজন পরিচালক এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক পদাধিকারবলে পরিচালকের দায়িত্বে থাকবেন।
নতুন পরিচালক নিয়োগের ক্ষেত্রে বেক্সিমকো ফার্মার লন্ডন স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেট (এআইএম)-এ তালিকাভুক্তির বিষয়টিও বিবেচনায় নিতে হচ্ছে। সংশ্লিষ্টদের যাচাই-বাছাই শেষে নতুন পর্ষদ গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে বলে জানা গেছে।
কোম্পানি সূত্রে আরও জানা গেছে, বিদেশি বিনিয়োগকারীরাও সালমান এফ রহমানকে পর্ষদ থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগে সম্মতি দিয়েছেন। তবে বিদেশি শেয়ারধারীদের প্রতিনিধি হিসেবে পরিচালনা পর্ষদে কাউকে রাখার বিষয়ে বিএসইসির প্রস্তাবে তারা সম্মতি দেয়নি। এর পরিপ্রেক্ষিতে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়িয়ে পর্ষদ পুনর্গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
২০২৪ সালের আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সালমান এফ রহমান গ্রেপ্তার হন। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
বাজারসংশ্লিষ্টদের মতে, বেক্সিমকো ফার্মা দেশের ওষুধশিল্পের অন্যতম পরিচিত প্রতিষ্ঠান। সালমান এফ রহমানের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে সাম্প্রতিক সময়ে কোম্পানিটির ভাবমূর্তি ও ব্যবসায়িক কার্যক্রম নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে। তার পর্ষদ থেকে সরে দাঁড়ানো বিনিয়োগকারীদের আস্থা পুনর্গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কোম্পানিটির সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে বেক্সিমকো ফার্মার মুনাফা হয়েছে ২২২ কোটি টাকা। আর ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটির মুনাফা ছিল ৬৯৪ কোটি টাকা।
১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া বেক্সিমকো ফার্মার উদ্যোক্তা ও পরিচালকদের কাছে বর্তমানে ৩০ শতাংশ শেয়ার রয়েছে। এর মধ্যে সালমান এফ রহমানও একজন উদ্যোক্তা। বাকি ৭০ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক, বিদেশি ও সাধারণ বিনিয়োগকারীদের মালিকানায় রয়েছে।
ইতি/

আপনার মতামত লিখুন