শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তাঁর অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা এ কথা বলেন। একই সাক্ষাৎকারে তিনি জানান, তাঁর ছোট বোন শেখ রেহানা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন।
দ্য ওয়ালের নির্বাহী সম্পাদক অমল সরকারের সঙ্গে দীর্ঘ টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব, দেশে ফেরার পরিকল্পনা, ব্যক্তিগত নিরাপত্তা এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলেন।
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা
সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বরেই দেশে ফেরার পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, ডিসেম্বরকে বেছে নেওয়ার পেছনে বিজয়ের মাস হিসেবে এ সময়টির বিশেষ তাৎপর্য রয়েছে।
তবে দেশে ফিরলে বিমানবন্দরেই তাঁর ওপর হামলার আশঙ্কা রয়েছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে তাঁর প্রত্যাবর্তনের কারণে অন্য কারও জীবন ঝুঁকির মধ্যে পড়ুক—এমনটি চান না বলেও জানান শেখ হাসিনা।
তিনি বলেন, দেশের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান এবং তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গেও নিয়মিত কথা বলছেন।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ
সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনা দাবি করেন, দেশে জঙ্গিবাদী ও মৌলবাদী শক্তির প্রভাব বাড়ছে। এর প্রভাব বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপরও পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।
ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে সামরিক জোটের পরিবর্তে পারস্পরিক স্বার্থ ও আঞ্চলিক সহযোগিতাকে গুরুত্ব দেওয়ার কথাও বলেন তিনি।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনে ভারতের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা। এ সময় তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গেও ভারতের অবস্থান নিয়ে মন্তব্য করেন তিনি।
৫ আগস্টের পর দেশত্যাগের প্রসঙ্গ
২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার প্রসঙ্গও উঠে আসে সাক্ষাৎকারে। শেখ হাসিনার দাবি, দেশ ছাড়ার সিদ্ধান্ত তাঁর আগে থেকে জানা ছিল না। তিনি জানান, হেলিকপ্টারে সীমান্ত পার হওয়ার পর তাঁকে জানানো হয় যে গন্তব্য ভারত; এর আগে তিনি মনে করেছিলেন তাঁকে টুঙ্গিপাড়ায় নেওয়া হচ্ছে।
দেশে ফেরার বিষয়ে কোনো অনুমতির প্রয়োজন হবে কি না—এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ তাঁর দেশ এবং তিনি দেশে ফিরতে চান। পরিস্থিতি অনুযায়ী কীভাবে ফিরবেন, তা সময়ই নির্ধারণ করবে বলেও ইঙ্গিত দেন তিনি।
এ ছাড়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা, ২০২৪ সালের ৫ আগস্টের পর সহিংসতা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বিভিন্ন অভিযোগ ও দাবি তুলে ধরেন তিনি। এসব বক্তব্য সাক্ষাৎকারে শেখ হাসিনার নিজস্ব দাবি ও রাজনৈতিক অবস্থান হিসেবে এসেছে।
সাক্ষাৎকারের শেষদিকে শেখ হাসিনা আবারও জানান, ডিসেম্বরেই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি এবং মানুষের পাশে দাঁড়াতে চান।
ইতি/

আপনার মতামত লিখুন