চট্টগ্রামে পৃথক অভিযানে যুবলীগের দুই কর্মী গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ ও খুলশী এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রায় ১০ ঘণ্টার অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের সজল কান্তি দাশ (৫১) এবং ফটিকছড়ির সারোয়ার জাহান নুর ওরফে আদিব (৩৫)। তাদের মধ্যে সজল কান্তি দাশ পাঁচলাইশের সানন্দা আবাসিক এলাকায় এবং সারোয়ার জাহান নুর খুলশীর রূপসী হাউজিং এলাকায় বসবাস করছিলেন।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার দুজন নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সক্রিয় কর্মী। তারা ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে সক্রিয় ছিলেন এবং ঝটিকা মিছিলসহ সংগঠনের বিভিন্ন কার্যক্রমে যুক্ত ছিলেন বলে দাবি পুলিশের।
পাঁচলাইশ মডেল থানা পুলিশ জানায়, বিভিন্ন তথ্য ও কল ডিটেইল রেকর্ড (সিডিআর) বিশ্লেষণের মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর পৃথক অভিযান চালিয়ে পাঁচলাইশ ও খুলশী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ইতি/

আপনার মতামত লিখুন