আনোয়ারায় যুবলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, ১৫ জন গ্রেপ্তার
চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধঘোষিত যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরও কয়েকজন কিশোরকে আটক করা হয়। অভিযানকালে দুটি মাইক্রোবাস ও মিছিলের একটি ব্যানার জব্দ করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে আনোয়ারা-বাঁশখালী প্রধান সড়কের বরুমচড়া ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের ব্যানারে একটি দল সেখানে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আনোয়ারা থানা-পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করে। তাঁদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক কয়েকজনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ায় ১৫ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপ্রাপ্তবয়স্কদের কয়েকজনকে শিশু আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুলিশের ভাষ্য, আটক ব্যক্তিদের একটি বড় অংশ বাঁশখালী উপজেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কয়েকজন দাবি করেন, কক্সবাজারে বেড়াতে যাওয়ার কথা বলে তাঁদের দুটি মাইক্রোবাসে করে আনোয়ারায় আনা হয়েছিল। পরে বরুমচড়া এলাকায় তাঁদের নামিয়ে মিছিলের প্রস্তুতি নেওয়া হয়। তবে পুলিশ বলছে, আটকদের মধ্যে কেউ কেউ আগে থেকেই মিছিলের বিষয়টি জানতেন।
আনোয়ারা থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলায় ৫৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, আনোয়ারা-বাঁশখালী সড়কে এর আগেও নিষিদ্ধঘোষিত সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পৃথক মামলা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল বা নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে।
ইতি/

আপনার মতামত লিখুন