দিল্লিতে আওয়ামী লীগ নেতাকে ঘিরে সেমিনার বাতিল
ভারতের নয়াদিল্লিতে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট একাধিক বক্তাকে নিয়ে আয়োজিত ইউরোপ–এশিয়া সম্পর্কবিষয়ক একটি সেমিনার শেষ মুহূর্তে বাতিল হয়েছে। আয়োজকদের দাবি, দিল্লি পুলিশ অনুষ্ঠানটির অনুমতি না দেওয়ায় নির্ধারিত কর্মসূচি আর আয়োজন করা সম্ভব হয়নি।
‘ইউরোপ অ্যান্ড এশিয়া: ফ্রম ডায়ালগ টু এ পার্টনারশিপ’ শীর্ষক সেমিনারটি ২৯ আগস্ট সন্ধ্যায় নয়াদিল্লির স্যার মার্ক টালি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যৌথভাবে এর আয়োজন করে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (FCC South Asia) ও বেলজিয়ামভিত্তিক হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন।
অনুষ্ঠানের ঘোষিত বক্তাদের তালিকায় ছিলেন বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ। এছাড়া বাংলাদেশি-আমেরিকান বিজ্ঞানী ও মানবাধিকারকর্মী নূরান নবী, রোহিঙ্গা অধিকারকর্মী রবি আলম, সাবেক ভারতীয় হাইকমিশনার বীণা সিক্রি এবং বিভিন্ন দেশের কূটনীতিক ও গবেষকদের অংশ নেওয়ার কথা ছিল।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠান শুরুর অল্প সময় আগে দিল্লি পুলিশের পক্ষ থেকে অনুমতি না দেওয়ার বিষয়টি তাদের জানানো হয়। তবে ঠিক কী কারণে অনুষ্ঠানটি বন্ধ করা হয়েছে, সে বিষয়ে তাদের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।
অন্যদিকে, ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, পুলিশ নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে অনুষ্ঠানের অনুমতি দেয়নি। তবে দ্য প্রিন্টের প্রতিবেদনে দিল্লি পুলিশের এক কর্মকর্তার বক্তব্য তুলে ধরে বলা হয়েছে, এ ধরনের প্যানেল আয়োজনের জন্য পুলিশের অনুমতির প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন রয়েছে।
এ ঘটনায় অনুষ্ঠানটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। আয়োজকরা জানিয়েছেন, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল এবং ভবিষ্যতে উপযুক্ত সময়ে অনুষ্ঠানটি আয়োজনের আশা করছেন।
ইতি/

আপনার মতামত লিখুন