ইমরানের মুক্তির আহ্বান মিয়াঁদাদের
কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক সতীর্থ ইমরান খানের মুক্তির আহ্বান জানিয়েছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। ইমরানকে ‘সৎ মানুষ’ হিসেবে বর্ণনা করে চলমান পরিস্থিতি আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন ১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের এই সাবেক সদস্য। বক্তব্য দেওয়ার সময় একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে কেঁদেও ফেলেন তিনি।
সম্প্রতি ইমরান খানের শারীরিক অবস্থা ও কারাগারে তাঁর চিকিৎসা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে জাভেদ মিয়াঁদাদ পাকিস্তানি সংবাদমাধ্যমের প্ল্যাটফর্ম ‘Narrative’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক সতীর্থের পক্ষে কথা বলেন।
মিয়াঁদাদের ভাষ্য, ইমরানকে তিনি দীর্ঘদিন ধরে চেনেন এবং তাঁর সঙ্গে খেলোয়াড়ি জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন। তাই ইমরানের চরিত্র ও সততা সম্পর্কে তাঁর ব্যক্তিগত ধারণা রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, ইমরানকে মুক্তি দিলে এমন কী ঘটবে এবং কেন বিষয়টি দীর্ঘায়িত করা হচ্ছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পাকিস্তানের স্বার্থে সংশ্লিষ্ট পক্ষগুলোর আলোচনায় বসে সমস্যার সমাধান করা উচিত। তাঁর মতে, ইমরানের সঙ্গে তাঁর কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না; বরং দুজন দীর্ঘ সময় পাকিস্তানের হয়ে একসঙ্গে খেলেছেন এবং কাউন্টি ক্রিকেটেও সতীর্থ ছিলেন।
ইমরান খানের সঙ্গে নিজের সম্পর্কের স্মৃতিচারণ করতে গিয়ে মিয়াঁদাদ বলেন, পাকিস্তানের ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ সময়ে তাঁরা পাশাপাশি ছিলেন। ১৯৯২ বিশ্বকাপে ইমরানের নেতৃত্বে পাকিস্তান প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতে। সেই ফাইনালেও ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ জুটি গড়েছিলেন ইমরান ও মিয়াঁদাদ।
সাক্ষাৎকারের একপর্যায়ে ইমরানের প্রসঙ্গে আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি মিয়াঁদাদ। তিনি বলেন, তাঁর প্রার্থনা হলো ন্যায়সংগতভাবে সমস্যাটির সমাধান হোক। ইমরানের পাকিস্তানের জন্য অবদানও যেন ভুলে যাওয়া না হয়—এমন আহ্বান জানান তিনি।
ইমরান খানের কারাবাস ও চিকিৎসা নিয়ে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনেও উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ আগস্ট বিশ্বের ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে ইমরানের যথাযথ ও মানবিক চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান। পরে অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সও ইমরানের সম্মানজনক চিকিৎসার পক্ষে কথা বলেন।
১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের অধিনায়ক ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। ২০২৩ সাল থেকে তিনি কারাগারে রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে করা মামলাগুলোর অভিযোগ ও রায়কে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।
ইতি /

আপনার মতামত লিখুন