খুঁজুন
, ,

সাকিব অধ্যায়ের ইতি, তিন ফরম্যাটেই জাতীয় দলের অধিনায়ক শান্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 12 February, 2024, 10:15 pm
সাকিব অধ্যায়ের ইতি,  তিন ফরম্যাটেই জাতীয় দলের অধিনায়ক শান্ত

জাতীয় দলের অধিনায়ক শান্ত

তিন ফরম্যাটেই জাতীয় দলের অধিনায়ক শান্ত  সর্বশেষ তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। তবে লাল-সবুজের হয়ে আর টস করতে দেখা যাবে না এই তাকে। বাংলাদেশ জাতীয় দলের নতুন অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। চলতি বছরের জন্য তিন ফরম্যাটে তাকে অধিনায়ক করা হয়েছে।

 

নেতৃত্বে সাকিবের আগ্রহ না থাকায় সোমবার অনুষ্ঠিত বোর্ড সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এমন সিদ্ধান্ত নেয়। সভা শেষে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন অধিনায়ক হিসেবে শান্তর নাম ঘোষণা করেন।বিশ্বকাপের ঠিক আগে ওয়ানডে দলের নেতৃত্বভার পান সাকিব আল হাসান। এর আগে টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক ছিলেন সাকিব।

 

তবে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে যাওয়ার আগে সাকিব জানিয়ে দিয়েছেলেন, বিশ্বকাপের পরে তিনি ওয়ানডে নেতৃত্বে থাকবেন না। তবে টি-২০ বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব চালিয়ে যেতে চেয়েছিলেন তিনি। এর মধ্যে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাকিব। নির্ভার থেকে বাকি সময়টা ক্রিকেট উপভোগ করতে চান তিনি। তার চোখে কিছুটা সমস্যা থাকায় তাকে সব সিরিজে পাওয়ার বিষয়টিও নিশ্চিত নয়। ফলে নেতৃত্বভার থেকে তাকে মুক্ত করা হলো। সাকিব চলতি বিপিএলেও রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিচ্ছেন না।

 

এদিকে বিশ্বকাপের পরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন শান্ত। তার নেতৃত্বে ম্যাচগুলো ভালো করে বাংলাদেশ। তার নেতৃত্বে ঘরের মাঠে কিউইদের বিপক্ষে টেস্ট জিতেছে বাংলাদেশ। টি-২০ ও ওয়ানডে জিতেছে নিউজিল্যান্ডের মাটিতে।

 

বিষয়টি নিয়ে পাপন বলেন, ‘সাকিবের সঙ্গে কাল পর্যন্ত কথা হয়েছে। ওর চোখের সমস্যা এখনও যায়নি। ওকে পাওয়ার বিষয়টি সিওর না। ও এখনও আমাদের ক্যাপ্টেন হিসেবে আছে, সামনেও থাকবে। কিন্তু এখন যেহেতু ওকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা আছে। সামনে আমাদের শ্রীলঙ্কা সিরিজ আছে, এরপরে সিরিজ আছে, টি-২০ বিশ্বকাপ আছে। আমরা অনিশ্চয়তার মধ্যে থাকতে চাই না, সেজন্য দেরি না করে নামটা ঘোষণা করে দিয়েছি।’

 

তবে শান্তকে অধিনায়ক করা হলেও সহ-অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। সিরিজ এবং খেলার ওপর ভিত্তি করে সহ-অধিনায়ক ঠিক করা হবে বলে জানান পাপন।সোমবারের বোর্ড সভায় আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। নান্নুর বদলে বিসিবির প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক ও সাবেক বোর্ড পরিচালক গাজী আশরাফ হোসেন লিপুকে। এর আগে বিসিবির প্রধান নির্বাচক ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু।

 

 

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।

মামলা ছাড়াই যুবলীগ নেতা মাসুমকে গ্রেপ্তারের অভিযোগ, তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 3:06 pm
মামলা ছাড়াই যুবলীগ নেতা মাসুমকে গ্রেপ্তারের অভিযোগ, তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

চট্টগ্রামের ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড যুবলীগ নেতা আতিকুর রহমান মাসুমকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। কোতোয়ালি থানা পুলিশ কোনো মামলা ছাড়াই এবং বিনা অপরাধে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন প্রতিবাদকারীরা।

 

প্রতিবাদকারীদের অভিযোগ, আতিকুর রহমান মাসুমের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অপরাধের তথ্য কিংবা মামলার বিষয় সামনে না এনেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। একজন রাজনৈতিক কর্মীকে এভাবে আটক করার ঘটনায় তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

 

তাঁদের ভাষ্য, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করা জরুরি। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত ও বিচার হওয়া উচিত। কিন্তু বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার বা হয়রানি করা কোনোভাবেই কাম্য নয়।

 

এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদকারীরা তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ জনসমক্ষে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তাঁরা।

 

তাঁদের জোর দাবি, আতিকুর রহমান মাসুমের বিরুদ্ধে কোনো আইনগত অভিযোগ না থাকলে তাঁকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। পাশাপাশি গ্রেপ্তারের বিষয়টি স্বচ্ছভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও দাবি জানানো হয়েছে।

 

প্রতিবাদকারীরা বলেন, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং কোনো নাগরিক যেন অন্যায়ভাবে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের ঘটনায় এলাকায় আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

 

আতিকুর রহমান মাসুমের গ্রেপ্তারের সঠিক কারণ প্রকাশ এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

‘টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দেব’—নানক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Wednesday, 11 November, 2026, 10:54 pm
‘টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দেব’—নানক

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের নামে একটি রাজনৈতিক বক্তব্যের পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে।

 

পোস্টারে নানকের নামে উদ্ধৃত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, ‘দিস ইজ আওয়ামী লীগ, কাল ভোট দিন; টু-থার্ড মেজরিটি না পেলে রাজনীতি ছেড়ে দিব।’

 

পোস্টারটিতে ১১ নভেম্বর ২০২৬ তারিখ উল্লেখ রয়েছে। তবে বক্তব্যটি কোথায়, কখন এবং কোন অনুষ্ঠানে দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পোস্টারে উল্লেখ করা হয়নি।

 

এদিকে, বক্তব্যটি রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে প্রচারিত পোস্টারের বক্তব্যের সত্যতা ও পূর্ণাঙ্গ প্রেক্ষাপট নিশ্চিত করতে মূল ভিডিও বা সংশ্লিষ্ট অনুষ্ঠানের নির্ভরযোগ্য সূত্র যাচাই করা প্রয়োজন।