খুঁজুন
, ,

রয়টার্সের বিশ্লেষণে শেখ হাসিনা সম্পর্কে যা বলা হয়েছে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 9 January, 2024, 9:58 am
রয়টার্সের বিশ্লেষণে শেখ হাসিনা সম্পর্কে যা বলা হয়েছে

দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করার প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একসময় গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রসারির সৈনিক, যিনি বিরোধীদের সঙ্গে যুগপৎভাবে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছিলেন এবং এখন যার বিরুদ্ধে বাক স্বাধীনতা হরণ এবং বিরোধীদের দমনপীড়নের গুরুতর অভিযোগ রয়েছে।

৭৬ বছর বয়সি শেখ হাসিনা যে নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে চলেছেন, তা বর্জন করেছে বাংলাদেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি)। বাংলাদেশের সর্বশেষ তিনটি সংসদ নির্বাচনের মধ্যে দুটিই বর্জন করেছে দলটি।

বাংলাদেশ রাষ্ট্রের জনক শেখ মুজিবুর রহমান, যিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন— ১৯৭৫ সালে এক সামরিক অভ্যুত্থানে পরিবারের প্রায় সব সদস্যসহ নিহত হন। সে সময় ইউরোপে অবস্থানের কারণে সৌভাগ্যবশত সেই ভয়াবহ হত্যাকাণ্ড থেকে বেঁচে যান তিনি।

১৯৪৭ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে জন্মগ্রহণ করা শেখ হাসিনা তার পিতা-মাতার ৫ সন্তানের মধ্যে সর্বজেষ্ঠ্য। ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক সম্পন্ন করেছেন তিনি।

শিক্ষার্থী জীবনে ছাত্ররাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন হাসিনা। তৎকালীন পূর্ব পাকিস্তান এবং ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে অংশটি তার বাবা শেখ মুজিবুর রহমানের অনুসারী ছিলেন, সেটির সঙ্গে সংশ্লিষ্টতা ছিল তার। ১৯৮১ সালের আগ পর্যন্ত মূলত এটিই ছিল শেখ হাসিনার প্রধান রাজনৈতিক অভিজ্ঞতা।

১৯৭৫ সালের সেই ভয়াবহ হত্যাকাণ্ডের পর ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটানো শেখ হাসিনা দেশে ফেরেন ১৯৮১ সালে; দায়িত্ব গ্রহণ করেন আওয়ামী লীগের।

১৯৮১ সালে যখন শেখ হাসিনা দেশে ফিরে আসেন, বাংলাদেশের রাষ্ট্র ও সরকারপ্রধান সে সময় ছিলেন অবসরপ্রাপ্ত জেনারেল জিয়াউর রহমান। হাসিনা ফিরে আসার কয়েক মাস পর চট্টগ্রামে এক সামরিক অভুত্থানে নিহত হন জেনারেল জিয়া। জিয়া নিহত হওয়ার পর তার প্রতিষ্ঠিত দল বিএনপির প্রধান নেতার পদে আসীন হন তার স্ত্রী খালেদা জিয়া।

এদিকে জিয়া নিহত হওয়ার পর ক্ষমতায় আসেন আরেক সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদ। তার পতনের দাবিতে খালেদা জিয়ার সঙ্গে হাত মিলিয়ে যুগপৎভাবে স্বৈরাচারবিরোধী আন্দোলন শুরু করেন শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ। সেই আন্দোলনের জনপ্রিয়তাই মূলত ১৯৯০ সালে পতন ঘটায় এরশাদের ৯ বছরের শাসনের।

তবে শেখ হাসিনা ও খালেদা জিয়ার যে মৈত্রী স্বৈরাচারবিরোধী আন্দোলনকে সফল করেছিল— অল্প সময়ের মধ্যেই তা শেষ হয়ে যায়। পরস্পরের প্রতি এক গভীর বৈরীতাপূর্ণ মনোভাব দেখা দেয় দুই নেত্রীর মধ্যে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তারা উভয়ে পরিচিতি পান ‘ব্যাটেলিং বেগমস’ নামে। এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করেছে দুই নেত্রীর পারস্পরিক বৈরীতাপূর্ণ মনোভাব।

হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ প্রথমবার নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছিল ১৯৯৬ সালে। পরে ২০০১ সালের নির্বাচনে পরাজিত হয়ে বিরোধী দল হয়, তারপর ২০০৯ সালের নির্বাচনে ফের জয় পেয়ে সরকার গঠন করে। তারপর থেকে এ পর্যন্ত যে চারটি নির্বাচন হয়েছে, তার প্রতিটিতেই জয়ী হয়েছেন শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ।

কিন্তু আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে, ২০০৯ সালের পর থেকে যত সময় গড়িয়েছে— তার সঙ্গে পাল্লা দিয়ে সেই অনুপাতেই কর্তৃত্ববাদী হয়ে উঠেছেন হাসিনা। তার গত ১৫ বছরের শাসনামলকে গণগ্রেপ্তার, গুম এবং বিচার বহির্ভূত হত্যাকণ্ডের আমল বলে চিহ্নিত করেন বাংলাদেশি এবং আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের একাংশ।

বাংলাদেশের বিভিন্ন মানবাধিকার সংস্থার ভাষ্য, গত প্রায় দেড়যুগে বাংলাদেশে কার্যত একদলীয় শাসন কায়েম করেছে আওয়ামী লীগ।

দুর্নীতি মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ২০১৮ সালে কারাগারে যেতে হয়েছিল বিএনপি চেয়ার পারসন খালেদা জিয়াকে। পরে করোনা মহামারির সময় তাকে কারাগারের পরিবর্তে বাসভবনে বসবাসের অনুমতি প্রদান করা হয়, তবে শর্ত দেওয়া হয় যে রাজনীতি এবং নিজের রাজনৈতিক দল বিএনপির সঙ্গে কোনো যোগাযোগ রাখতে পারবেন না তিনি। খালেদা জিয়া সেই শর্ত মেনে চলছেন।

খালেদা জিয়ার পুত্র এবং বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত বেশ কয়েক বছর ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। বাংলাদেশে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে এবং যদি তিনি দেশে ফেরেন, তাহলে ঢাকা পা রাখামাত্র যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন তিনি। দলটির পরবর্তী জেষ্ঠ্য নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির প্রথম সারির বেশিরভাগ নেতা অগত অক্টোবরের শেষ পর্যায় থেকে বিভিন্ন মামলায় কারাগারের অভ্যন্তরে ও বাইরে দিন কাটাচ্ছেন।

বিএনপি এবং বিএনপিপন্থি বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলোর দাবি, আওয়ামীলীগ সরকারের আমলে দলটির প্রায় ১০ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

শেখ হাসিনার পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে গত এক যুগেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে আসছে বিএনপি। কিন্তু এই দাবি বরাবরই প্রত্যাখ্যান করে আসছেন শেখ হাসিনা। দাবি আদায়ের জন্য গত অক্টোবরের শেষ দিক থেকে আন্দোলন শুরু করেছে বিএনপি এবং তার জোটসঙ্গী জামায়াতে ইসলামি, সেই আন্দোলনে ইতোমধ্যে ১৪ জনের মৃত্যুও হয়েছে।

শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের সাধারণ জনগণ যে নির্বাচন মেনে নিয়েছে— নতুন করে তার স্বচ্ছতা প্রমাণের কোনো প্রয়োজন তিনি বোধ করেন না।

‘সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি— তা হলো বাংলাদেশের জনগণ এই নির্বাচন গ্রহণ করবে কিনা,’ নির্বাচনের আগে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন আওয়ামী লীগ প্রধান।

এদিকে সমালোচকরা যদিও গত ১৫ বছরকে তার কর্তৃত্ববাদী শাসনের আমল বলে চিহ্নিত করেছেন, তবে আরও একটি সত্য হলো—গত ১৫ বছরে গার্মেন্ট শিল্প এবং বাংলাদেশের অর্থনীতির আকার যে হারে বৃদ্ধি পেয়েছে, তার কৃতিত্বও শেখ হাসিনার। মূলত তার নেতৃত্বাধীন সরকারের সময়েই এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনীতির দেশের কাতারে স্থান পেয়েছে বাংলাদেশ।

সূত্র: রয়টার্স

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।