খুঁজুন
, ,

সারা দেশে ভোটকেন্দ্র ঘিরে চার স্তরের নিরাপত্তা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 5 January, 2024, 1:05 pm
সারা দেশে ভোটকেন্দ্র ঘিরে চার স্তরের নিরাপত্তা

এক দিন পরই ৭ জানুয়ারি রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। গতকাল বৃহস্পতিবার শেষ সময়ে ব্যস্ত ছিলেন প্রার্থীরা। এরই মধ্যে দেশজুড়ে নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ-র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্নে বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও বিজিবি। দেশের উপকূলীয় অঞ্চলে দায়িত্ব পালন শুরু করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে, এরই মধ্যে ভোটের আগের দিন শনিবার, ভোটের দিন রোববার এবং এর পরের দিন সোমবার—এই তিন দিন ঘিরে নিরাপত্তা ছক তৈরি করা হয়েছে। সে অনুযায়ী কার্যক্রমও চলছে। ভোটের দিন ছাড়াও পরবর্তী দিনগুলোতে কোনো ধরনের সহিংসতা হলে তা দমনেও কঠোর থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৭ জানুয়ারি নির্বাচনে পরও ১০ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সশস্ত্র বাহিনী।

সূত্রগুলো বলছে, পুলিশের পক্ষ থেকে ভোটের দিন চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলার পরিকল্পনা করেছে। এই বলয়ের মধ্যে প্রথম স্তরে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, দ্বিতীয়ত স্তরে ভোটকেন্দ্রের বাইরের নিরাপত্তা নিশ্চিত করা, তৃতীয় স্তরে সড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাগমস্থলে মোবাইল টিম সক্রিয় রাখা হবে। এর বাইরে বিভাগীয় শহরসহ দেশের জেলা শহর থেকে শুরু করে বড় শহরগুলোর মূল সড়কে তল্লাশি ও টহল জোরদার করার পরিকল্পনা করা হয়েছে। ভোটকেন্দ্রে পুলিশ, আনসার মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৬ থেকে ১৭ জন করে সার্বক্ষণিক নিরাপত্তা দায়িত্ব পালন করবে। তবে সেনা, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর স্ট্রাইকিং ফোর্স পুরো নির্বাচনী এলাকায় টহল নিশ্চিত করবে।

পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (অপারেশন্স) মো. আনোয়ার হোসেন কালবেলাকে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠান এবং নির্ভয়ে যাতে ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারেন, নিজের ইচ্ছায় ভোট দিতে পারেন—সেই পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, সশস্ত্র বাহিনী, বিজিবি ও আনসার বাহিনী ছাড়াও নির্বাচনে পুলিশের প্রায় সোয়া দুই লাখ সদস্যই কোনো না কোনোভাবে নির্বাচনের কাজে যুক্ত থাকবে। এর মধ্যে সরাসরি ভোটকেন্দ্রের দায়িত্বে থাকবে পুলিশের ৯২ হাজার সদস্য, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশের আরও ২০ হাজারের বেশি সদস্য এবং নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্নভাবে আরও ৫৬ হাজার পুলিশ সদস্য নির্বাচনী কাজে যুক্ত থাকবেন। এরই মধ্যে সবার দায়িত্ব বণ্টন করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের নিমিত্তে সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুসারে ‘ইন এইড টু দি সিভিল পাওয়ার’-এর আওতায় সশস্ত্র বাহিনী নিয়োজিত হয়েছে। সশস্ত্র বাহিনী ভোট গ্রহণের আগে, ভোট গ্রহণের দিন ও ভোট গ্রহণের পরে শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী ১০ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন, স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করবে।

সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রতিটি জেলা, উপজেলা ও মেট্রোপলিটন এলাকার নোডাল পয়েন্ট ও অন্যান্য সুবিধাজনক স্থানে অবস্থান করবে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার অনুরোধক্রমে ও সমন্বয়ের মাধ্যমে বাহিনীসমূহ এলাকাভিত্তিক মোতায়েন সম্পন্ন করছে। সেনাবাহিনী ৬২টি জেলায় নিয়োজিত হয়েছে। সমতলে সীমান্তবর্তী ৪৫টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে; তবে সীমান্তবর্তী ৪৭টি উপজেলায় সেনাবাহিনী বিজিবির সঙ্গে এবং উপকূলীয় ৪টি উপজেলায় কোস্টগার্ডের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে দায়িত্ব পালন করছে। উপকূলীয় দুটি জেলা ভোলা, বরগুনাসহ মোট ১৯টি উপজেলায় নৌবাহিনী দায়িত্ব পালন করছে। বিমানবাহিনী হেলিকপ্টারে দুর্গম পার্বত্য অঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় হেলিকপ্টার সহায়তা প্রদান করছে। এ ছাড়াও জরুরি প্রয়োজনে নির্বাচনী সহায়তা প্রদানের লক্ষ্যে বিমানবাহিনীর প্রয়োজনীয় সংখ্যক হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে গতকাল বৃহস্পতিবার সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ যশোর অঞ্চলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেছেন। তিনি মোতায়েন করা সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিন প্রত্যক্ষ করার পাশাপাশি কর্তব্যরত সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। যশোর অঞ্চল পরিদর্শন শেষে সেনাবাহিনী প্রধান সাভার ও ঢাকায় মোতায়েন করা সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

গতকাল ভোলায় আইনশৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ডের কার্যক্রম পরিদর্শন করেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী। পরে তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টিতে কোস্টগার্ড তাদের দায়িত্ব পালনে সদা তৎপর রয়েছে।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, নির্বাচনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কোস্টগার্ড নির্বাচন-পূর্ববর্তী, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ে স্থানীয় প্রশাসনকে সার্বিক সহায়তা দিতে মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কোস্টগার্ড উপকূলীয় ৪৩টি ইউনিয়নের সার্বিক শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য ২৯ ডিসেম্বর থেকে দায়িত্ব পালন শুরু করে। ১০ জানুয়ারি পর্যন্ত এ কার্যক্রম চলবে।

এর আগে গত বুধবার বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান শরীয়তপুর ও মাদারীপুর জেলায় বিজিবির নির্বাচনী বেজ ক্যাম্প পরিদর্শন করেন। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যে কোনো সহিংসতা ও নাশকতা রোধে সদা তৎপর রয়েছে বিজিবি। ভোটাররা যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসতে পারেন, তার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং নির্বাচনকালীন দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। নির্বাচনকালীন যে কোনো ধরনের সহিংসতা ও নাশকতা রোধে বিজিবির প্রত্যেক সদস্য প্রস্তুত রয়েছে।

র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, নির্বাচনে সমগ্র দেশের নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিরাপত্তার দায়িত্ব পালন করছে। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপদ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে র্যাব ফোর্সেস ২৯ ডিসেম্বর থেকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রতিটি সংসদীয় আসনে মোতায়েন রয়েছে। এ ছাড়া ৩০টির বেশি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।

র্যাব মুখপাত্র বলেন, জাতীয় নির্বাচন কেন্দ্র করে জনজীবন স্বাভাবিক রাখতে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা করতে র্যাব পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। জাতীয় নির্বাচন কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা কিংবা সহিংসতা প্রতিরোধে দেশব্যাপী ৭০০টির বেশি টহল দল আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে। এ ছাড়া এবারই প্রথম কোনো নির্বাচনে অপরাধী শনাক্তে ওআইভিএস ডিভাইস নিয়ে মাঠে নেমেছে র্যাব।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো বলছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী-সমর্থকদের হানাহানি বন্ধের পাশাপাশি এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীকে বাড়তি দায়িত্ব পালন করতে হচ্ছে। একটি পক্ষ ভোটে বাধা দেওয়ার ঘোষণা দিয়ে নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে। ওই পক্ষটি যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, তাও দেখতে হচ্ছে পুলিশ ও র্যাব সদস্যদের। সে অনুযায়ী নিরাপত্তা পরিকল্পনাও করা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো তৎপর রয়েছে।

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।