খুঁজুন
, ,

ভারতকে কাঁদিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 15 December, 2023, 1:29 pm
ভারতকে কাঁদিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের দেওয়া মামুলি পুঁজি তাড়া করতে নেমে ছন্নছাড়া ব্যাটিংয়ে বাংলাদেশকে কিছুটা এলোমেলো দেখাচ্ছিল। ১৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৪ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে টাইগার যুবারা। এরপর ব্যাকফুটে থাকা লাল-সবুজের শিবিরকে পথ দেখান আরিফুল ও আহরার জুটি। এই জুটির অসাধারণ ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ৪ উইকেট হাতে রেখে ভারতকে কাঁদিয়ে ফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের যুবারা।

ফাইনালে উঠার লক্ষ্যে ১৮৯ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই জিসান আলমকে হারায় বাংলাদেশ। রাজ লিম্বানির অফ-স্ট্যাম্পের বাইরে ঢোকা ডেলিভারি লাইন মিস করে বোল্ড হন এই ওপেনার।

এরপর তিনে নেমে ভালো শুরুর আভাস দিলেও বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি চৌধুরি মোহাম্মদ রিজওয়ান। নামান তিওয়ারির অফ স্ট্যাম্পের বাইরের ডেলিভারিতে কভারে থাকা শচিনকে ক্যাচ দিয়ে ১৩ রানে ফেরেন এই টপ-অর্ডার ব্যাটার।

আরিফুলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে প্যাভিলিয়নে ফেরেন দারুণ ছন্দে থাকা আশিকুর। সৌমির বলে পুশ করে সিঙ্গেল নিতে চেয়েছিলেন আরিফুল। আশিকুরও তাতে সাড়া দিয়েছিলেন। কিন্তু ফিল্ডারের হাতে বল চলে গেলে নিজেকে গুটিয়ে নেন আরিফুল। এতে রান-আউটের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন আশিকুর।

এরপর বাংলাদেশকে টেনে তোলেন আরিফুল ও আহরার। শুরু থেকেই দেখেশুনে ব্যাট করতে থাকেন তারা। আহরার কিছুটা দ্রুত গতিতে রান তুললেও ধীরগতিতে রানের চাকা সচল রাখেন আরিফুল।

তবে ম্যাচের একদম শেষ দিকে অতি আক্রমণাত্মক হতে গিয়ে সেঞ্চুরি মিস করেন আরিফুল। নামানের ডেলিভারিতে উড়িয়ে মারতে গিয়ে ৯৪ রানে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরেছেন তিনি।

এরপর শিহাব জেমস দ্রুতই ফিরেছেন। আর হাফ-সেঞ্চুরির আগে আহরারও ফিরেছেন। তবে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছেন রাব্বি এবং পারভেজ।

ভারতের হয়ে নামান তিওয়ারি তিনটি উইকেট নিয়েছেন। এ ছাড়া দুটি উইকেট শিকার করেছেন রাজ লিম্বানি।

এর আগে, টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। দলপতির সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে খুব একটা সময় নেননি মারুফ। ইনিংসের সপ্তম ওভারের মধ্যেই তিন উইকেট শিকার করে ভারতীয়দের চাপে ফেলে দেন তিনি।

ইনিংসের দ্বিতীয় বলে আদর্শকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। নিজের পরের ওভারে আর্শিন কুলকার্নিকে মোহাম্মদ শিহাবের ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নের পথ দেখান তিনি। এরপর নিজের ব্যক্তিগত চতুর্থ ওভারে ভারতের অধিনায়ক উদয় সরণকে শূন্য রানে ফেরান বাঁহাতি এই পেসার।

এরপর ভারতীয় শিবিরের হাল ধরেন প্রিয়ানসু মলিয়া ও শচিন দাস জুটি। ৩ বাউন্ডারিতে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন শচিন। তবে ইনিংস লম্বা করতে পারেননি তিনি। শচিনের পর মলিয়াকেও প্যাভিলিয়নের পথ দেখান ইমতিয়াজ বর্ষণ।

এরপর শূন্য রানে রান-আউট হয়েছেন আরাভেলি আভানিশ। তবে সপ্তম উইকেট জুটিতে ৮৪ রান যোগ করে মুশির আহমেদ ও মুরগান অভিষেক জুটি। এই জুটিতেই একশো পেরিয়ে যায় ভারত। তবে ব্যক্তিগত ৫০ রানের পরই ফেরেন মুশির।

অন্যদিকে অভিষেকের ব্যাট থেকে আসে ৭৪ বলে ৬২ রানের ইনিংস। এই জুটি ভাঙেন বাংলাদেশ অধিনায়ক রাব্বি। মাঝে সাউমি সাজঘরে ফেরান পারভেজ রহমান জীবন।

এরপর শেষ ব্যাটার তিওয়ারিকে এলবিডব্লিউ করে ভারতীয় ইনিংস গুটিয়ে দেন জীবন।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।