খুঁজুন
, ,

ভোটে আসার আগে তারেক রহমানের সঙ্গে কী কথা হয়েছিল ইব্রাহিমের?

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 27 November, 2023, 8:51 am
ভোটে আসার আগে তারেক রহমানের সঙ্গে কী কথা হয়েছিল ইব্রাহিমের?

দীর্ঘদিন ধরে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করে আসা বাংলাদেশ কল্যাণ পার্টি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। তিনটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত ‘যুক্তফ্রন্ট’ নামের নতুন জোট নিয়ে অংশগ্রহণ করবে তারা।

এ ঘোষণা দেওয়ার পর থেকে দলটির প্রধান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকে তাকে ‘জাতীয় বেইমান’ হিসেবে আখ্যা দিচ্ছেন।
জোট ছাড়ার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কী কথা হয়েছিল- সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে অংশ নিয়ে সে কথা জানিয়েছেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

আরও পড়ুন: আ.লীগের কৌশলেই দাবি আদায় করবে বিএনপি: ইশরাক

তিনি বলেন, বিএনপির নেতৃত্বের সমালোচনা করার অধিকার আমার নেই। আমি আমার জোটের প্রসঙ্গে বলতে পারব। জোট ছাড়ার তিন দিন আগে ২০ নভেম্বর সন্ধ্যাবেলা ৮টা ১ মিনিট থেকে ৮টা ৫২ মিনিট পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমাদের জোটের প্রধান নেতা তারেক রহমানের সঙ্গে কথা বলেছি।

তিনিও সম্মানের সঙ্গে কথা বলেছেন, আশা-আকাঙ্ক্ষার কথা বলেছেন। আমিও সম্মানের সঙ্গে কথা বলেছি। আশা-আকাঙ্ক্ষার কথা বলেছি। সুবিধা-অসুবিধার কথা বলেছি। যেগুলো জনসমক্ষে না আসাটাই বাঞ্ছনীয়।

ইব্রাহিম বলেন, কেননা একটি দলের প্রধান থেকে আরেকটি জোটের প্রধানের কথা সব কিছু জনসমক্ষে আনার প্রয়োজনীয়তা নেই। তাদের (বিএনপি) নেতৃত্বের প্রতি আমার কোনো অভিযোগ নেই। কারণ প্রতিটা দলের সুবিধা-অসুবিধা আছে।

আমার একটি অভিযোগ আছে সরকারের বিরুদ্ধে। আপনার সেই জোটের প্রধান নেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দেননি। আবার ধন্যবাদও আছে যে বিদেশ থেকে চিকিৎসক এনে চিকিৎসা করার অনুমতি দিয়েছেন। যে মামলায় আপনি আটকিয়েছেন আমি তার প্রতিবাদ জানাই। সেই বিরোধিতা অতীতে করেছি, এখনো করব। তাদের মধ্যে যদি কোনো সংকট থাকে পরামর্শ দিতে পারব।

তারেক রহমানের সঙ্গে কথা বলার সময় জোট ছাড়ার কোনো আভাস দিয়েছিলেন কিনা?

এমন প্রশ্নের জবাবে ইবরাহিম বলেন, না ছাড়ার কোনো আভাস দেইনি। উনিও এমন প্রশ্ন করেননি। আলাপটা রাজনৈতিক আলাপ। দলের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত দুবার কথা হয়েছে। একদিন জুম মিটিংয়ে, আর সবশেষ তিন দিন আগে। তারেক রহমানের সঙ্গে কথা বলার পর মহাসচির মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেশ কিছু অনুরোধ করেছিলাম। পরে আমাকে মির্জা ফখরুল জিজ্ঞেস করেছিলেন— ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলাপ হয় কিনা। আমি বলেছিলাম, দুই বছর আগে আলাপ হয়েছিল। পরে ঈদে তারেক রহমানের সঙ্গে আলাপ করার সুযোগ পাইনি। পহেলা বৈশাখসহ অন্য বিশেষ দিনেও পাইনি।

এই মুক্তিযোদ্ধা বলেন, বাংলাদেশের রাজনীতিতে লাখ লাখ মানুষ আছে, যারা তারেক রহমানকে সম্মান করবেন। অপরদিকে লাখ লাখ মানুষ আছে, যারা তারেক রহমানকে পছন্দ করবেন না। এটা নিয়েই আমাদের বাঁচতে হবে।

সর্বশেষ তারেক রহমানের সঙ্গে কথা বলার সময় নিজে কী জানতেন যে ভোটে আসবেন?

এ প্রশ্নের জবাবে ইব্রাহিম বলেন, আমাদের বাংলাদেশ কল্যাণ পার্টির মধ্যে অভ্যন্তরীণ আলাপ-আলোচনা চলছিল। কোনো সিদ্ধান্ত নিইনি। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পার্টির সিনিয়র নেতৃবৃন্দ দিয়েছিলেন আমাকে। পার্টির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলাপ করে আমি সিদ্ধান্ত নিই । আমি তারেক রহমানের সঙ্গে কথা বলি, তখন পুলসিরাতের সাঁকোর মতো দাঁড়িয়ে ছিলাম। নির্বাচনে যাব কিনা যাব না?

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।