খুঁজুন
, ,

এইচএসসি পরীক্ষায় চট্টগ্রামের সেরা কলেজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 26 November, 2023, 12:51 pm
এইচএসসি পরীক্ষায় চট্টগ্রামের সেরা কলেজ

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে পিছিয়ে গেছে চট্টগ্রাম। এবারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাসের হার ৭৪ দশমিক ৪৫ শতাংশ; আর জিপিএ–৫ পেয়েছেন ৬ হাজার ৩৩৯ পরীক্ষার্থী। অন্যদিকে,তিন পার্বত্য জেলায় পাসের হারে সবচেয়ে পিছিয়ে রয়েছে রাঙ্গামাটি।

রোববার (২৬ নভেম্বর) বেলা পৌনে ২ টায় নগরের ষোলোশহর এলাকায় অবস্থিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের মিলনায়তনে এ ফলাফল প্রকাশ করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান।

সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ 

শতভাগ পাস না করলেও এবার জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে সেরা দশের তালিকার শীর্ষে সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ। এ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১ হাজার ৬৫২ জন শিক্ষার্থী। ৯৮ শতাংশ পাস করে জিপিএ ৫ পেয়েছে ৮৬৮ জন। গতবার যেখানে পেয়েছিল ১ হাজার ৩৩৪ জন।

চট্টগ্রাম কলেজ

শতভাগ পাস এবং জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে প্রথম অবস্থানে থাকা চট্টগ্রাম কলেজ পরপর তিন বছর ধরে পিছিয়ে রয়েছে। তাদের এবারের অবস্থান দ্বিতীয়। এ অবস্থানে থেকে জিপিএ ৫ পেয়েছে ৭৪৬ জন। গতবার যেখানে ছিল ৮৬০ জন। এবারও শতভাগ পাস করতে পারেনি এই কলেজের শিক্ষার্থীরা। এবার এ কলেজের ১ হাজার ২৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাস করে ৯৯ দশমিক ৩২ শতাংশ শিক্ষার্থী।

চট্টগ্রাম সরকারি সিটি কলেজ

জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে তৃতীয় অবস্থানে আছে সরকারি এই কলেজটি। গত দুইবার জিপিএ-৫ এর দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিল এই কলেজ। এবার ২ হাজার ২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৯৮ দশমিক ০২ শতাংশ পাস করে জিপিএ ৫ পেয়েছে ৬৭৬ জন। যেখানে গতবার ছিল ১ হাজার ১৬৯ জন।

চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ

গতবার ষষ্ঠ অবস্থানে থাকা চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ এবার রয়েছে চতুর্থ অবস্থানে। ৪০৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে এ প্রতিষ্ঠানের। গতবার জিপিএ ৫ পায় ৬৩৬ জন। তাদের ১ হাজার ৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ১ হাজার ৫৭ জন পাস করেছে। যা শতকরায় ৯৯ দশমিক ১৬ শতাংশ।

সরকারি কর্মাস কলেজ

এবারও জিপিএ ৫ এর দিকে পঞ্চম অবস্থানে রয়েছে সরকারি কমার্স কলেজ। এ কলেজের ৮৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ৮৬৬ জন। যা ৯৯ দশমিক ৫৪ শতাংশ। তারমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৬৬ জন। গতবার এ প্রতিষ্ঠানের ৬৯৪ জন জিপিএ ৫ পেয়েছিল।

চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ

গতবার চতুর্থ অবস্থানে থাকলেও জিপিএ-৫ এর দিক থেকে এবার ষষ্ঠ অবস্থানে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ। এ কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৩২৩ জন। ৯৭ দশমিক ২৮ শতাংশ পাস করে জিপিএ-৫ পেয়েছে ৩৫৫ জন। যেখানে গতবার পেয়েছিল ৭৬১ জন।

বাকলিয়া সরকারি কলেজ

জিপিএ-৫ এর দিকে গতবার সেরা দশের অষ্টম অবস্থানে থাকা বাকলিয়া সরকারি কলেজ এবার রয়েছে সপ্তম অবস্থানে। এ কলেজ থেকে ১ হাজার ৩২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ হাজার ২২৬ জন। যা শতকরায় ৯২ দশমিক ৬০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২৪৮ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৪৮৮ জন শিক্ষার্থী।

হাজেরা তজু ডিগ্রি কলেজ
জিপিএ ৫ এর থেকে রয়েছে অষ্টম অবস্থানে এই কলেজ। যদিও গতবার ছিল সপ্তম অবস্থানে। তাদের ১ হাজার ৬০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ হাজার ৫৬৭ জন। যা ৯৭ দশমিক ৯৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন। যেখানে গতবার পেয়েছিল ৫৬৪ জন।

পটিয়া সরকারি কলেজ

জিপিএ-৫ এ দিক থেকে গতবার সেরা দশের তালিকায় থাকা পটিয়া সরকারি কলেজ এবার নবম অবস্থানে। তাদের ১ হাজার ৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৯৬৩ জন শিক্ষার্থী এবং জিপিএ ৫ পেয়েছে ১৬১ জন। যেখানে গতবার এই কলেজের ৩৭৬ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছিল।

ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ

জিপিএ ৫ প্রাপ্তির দিক থেকে সেরা দশে জায়গা করে নিয়েছে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ। শতভাগ পাস করে এ কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ৩২৬ জন শিক্ষার্থী। আর জিপিএ ৫ পেয়েছে ১৫৯ জন।

২০২৩ সালের চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এ বছর অংশ নিয়েছে ১ লাখ ৩ হাজার ২৪৮ জন। যার মধ্যে পাস করেছে ৭৫ হাজার ৯০৩ জন এবং জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৩৩৯ জন।

পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই পিছিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ড

এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোটেই পিছিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা৷ এবার মোট পাসের হার ৭৪ দশমিক ৪৫ শতাংশ, যা গতবছর ছিল ৮০ দশমিক ৫০ শতাংশ অর্থাৎ এবার কমেছে ৬ দশমিক ৫ শতাংশ।
এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জিপিএ-৫ এ এগিয়ে ছাত্রীরা। মোট ছাত্রী জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৪৫৪ জন। মোট ছাত্র জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৮৮৫ জন।

বিজ্ঞান বিভাগে এবার পাসের হার ৮৮ দশমিক ৪৫, মানবিকে ৬৫ দশমিক ২২, ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৮ দশমিক ৫৬ শতাংশ। চট্টগ্রাম নগরীর পাসের হার ৮৫ দশমিক ১৯। নগর বাদে চট্টগ্রাম জেলায় পাসের হার ৬৮ দশমিক ৫৬। অন্যদিকে কক্সবাজার জেলায় পাসের হার ৭০ দশমিক ৩৮ শতাংশ।

এবার উপস্থিত ছাত্রীর সংখ্যা ৫৪ হাজার ৬৩৯, ছাত্র ৪৭ হাজার ৩১০। ছাত্রীর পাসের হার ৭৭ দশমিক ২৩, যা গতবছর ছিল ৮২ দশমিক ৯২ শতাংশ৷ ছাত্র পাসের হার ৭১ দশমিক ২৪। যা গতবছর ছিল ৭৭ দশমিক ৯২ শতাংশ।

এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১৫ হাজার ৯১২ জন। এক বিষয়ে অকৃতকার্যের হার ১৫ দশমিক ৬১ শতাংশ। এবার চট্টগ্রামে শতভাগ পাস করা মোট কলেজের সংখ্যা ১২টি। যা গত বছর ছিল ১৬টি কলেজ।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।