খুঁজুন
, ,

তৃতীয় দফায়  ৪৮ ঘণ্টার অবরোধ শুরু, রাতেই ৯ বাসে আগুন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 12 November, 2023, 12:25 am
তৃতীয় দফায়  ৪৮ ঘণ্টার অবরোধ শুরু, রাতেই ৯ বাসে আগুন

 

 

সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিএনপি-জামায়াত ও বিরোধী জোটের চতুর্থ দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির আগের রাতে রাজধানীতে ৯ বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

রোববার সকাল ৬টা থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সড়ক, রেল ও নৌপথে এই কর্মসূচি পালন করবেন দলটির নেতাকর্মীরা। বিএনপির পাশাপাশি গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম, গণ অধিকার পরিষদ, এনডিএমসহ যুগপৎ আন্দোলনের সঙ্গে যুক্ত সমমনা অন্যান্য দল ও জোটের পক্ষ থেকেও এ কর্মসূচি পালন করা হবে।

শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে আরামবাগ নটরডেম কলেজের পুলিশ বক্সের পাশে, সাড়ে ৮টার দিকে গাবতলীর বাস স্ট্যান্ডের সামনে, রাত ৯টার দিকে গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে, রাত সাড়ে ৯টায় যাত্রাবাড়ী ফল-পট্টির সামনে, রাত সাড়ে দশটার দিকে শেরেবাংলা নগর থানার পঙ্গু হাসপাতালের সামনে বৈশাখী পরিবহনের বাসে, রাত পৌনে ১১টার দিকে কাফরুল থানার আগারগাঁও তালতলা এলাকায় শিকড় পরিবহনের যাত্রীবাহী বাসে ও রাত ১১টা ৩৮ মিনিটে রাজধানীর মিরপুর ১৩ নম্বরে কাফরুল থানার বিপরীতে যাত্রীবাহী প্রজাপতি পরিবহনের একটি বাসে ও রাত ১২টায় রূপনগর থানার সামনে দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এর মধ্যে চারটি বাসে আগুনের খবর নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। তিনি বলেন, নটরডেম কলেজের সামনে লাল সবুজ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে রাত ৮টা ২০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ওই খবরের সাত মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট অগ্নি নির্বাপণে কাজ করছে।

রাত ৮টা ৩০ মিনিটে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ৮টা ৩৫ মিনিটে সেখানে পৌঁছায় কল্যাণপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট। রাত ৯টার দিকে গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে বাসে আগুন দেওয়ার খবর পেয়েছেন তারা। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাচ্ছে। এ ছাড়া রাত সাড়ে ৯টায় যাত্রাবাড়ী ফল-পট্টির সামনে অনাবিল পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়।

রাজধানীর কাফরুল থানার আগারগাঁও তালতলা এলাকায় শিকড় ও শেরেবাংলা নগর থানার পঙ্গু হাসপাতালের সামনে বৈশাখী পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পঙ্গু হাসপাতালের সামনে আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া। তিনি বলেন, রাত সাড়ে দশটার দিকে যাত্রী বেসে উঠে দুর্বৃত্তরা বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

আগারগাঁও তালতলার বিপরীত পাশে শিকড় পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল বাতেন। তিনি বলেন, পৌনে এগারোটার দিকে দুর্বৃত্তরা শিকড় পরিবহনে আগুন ধরিয়ে দেয়। তবে এতে কেউ অগ্নিদগ্ধ বা আহত হয়নি। ঘটনাস্থলে আমাদের একাধিক টিম কাজ করছে।

এদিকে মিরপুর ১৩ নম্বরে কাফরুল থানার বিপরীতে যাত্রীবাহী প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।

এছাড়া রাত ১২টায় রূপনগর থানার সামনে দুটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

যুগপৎ আন্দোলনে না থাকলেও জামায়াতে ইসলামী একই কর্মসূচি ঘোষণা করেছে। এ ছাড়া অবরোধ কর্মসূচিকে সমর্থন জানিয়েছে এবি পার্টি।

গত দুই সপ্তাহে তিন দফায় ১৬০ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপিসহ সমমনা দল ও জোট।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের পর বিএনপিসহ সমমনা দল ও জোটগুলো কঠোর কর্মসূচিতে যায়। ওই ঘটনার পরদিন সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে তারা। এরপর শুরু হয় অবরোধ কর্মসূচি।

প্রথম দফায় ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন, দ্বিতীয় দফায় ৫ নভেম্বর থেকে ৪৮ ঘণ্টা এবং ৮ নভেম্বর থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হয়। আজ থেকে চতুর্থ দফায় একই কর্মসূচি পালন করবে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো।

২৮ অক্টোবরের সমাবেশের পর থেকে এ পর্যন্ত গ্রেপ্তার হওয়া নেতাকর্মীর সংখ্যা ১৩ হাজার ৩৮৬। এই সময়ে মোট মামলার সংখ্যা ৬১৩টির বেশি। আসামি করা হয়েছে ৪৮ হাজার ৪৪৩ জনের বেশি নেতাকর্মীকে।

যে বিমানে ভারতে গিয়েছিলেন, সেই বিমানেই ফিরবেন শেখ হাসিনা—দলীয় সূত্রের দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 6:16 pm
যে বিমানে ভারতে গিয়েছিলেন, সেই বিমানেই ফিরবেন শেখ হাসিনা—দলীয় সূত্রের দাবি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবার তিনি যে বিমানে দেশ ছেড়েছিলেন, সেই একই বিমানে দেশে ফিরবেন বলে দাবি করেছে আওয়ামী লীগের একাধিক সূত্র।

 

বেঙ্গলি জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কয়েকজন নেতা এবং শেখ হাসিনার আন্তর্জাতিক ও স্বদেশ প্রত্যাবর্তনবিষয়ক বিশেষ টিমের সদস্যরা এমন তথ্য জানিয়েছেন।

 

প্রতিবেদনে দাবি করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার সময় যে বিমানটি ব্যবহার করেছিলেন শেখ হাসিনা, দেশে ফেরার ক্ষেত্রেও সেটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ কিংবা দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

 

এর আগে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছিলেন। রয়টার্সের এক সাক্ষাৎকারেও তিনি ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন।

 

এদিকে গত ৯ নভেম্বর শেখ হাসিনার পক্ষে তাঁর আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন বলে জানিয়েছে রয়টার্স। তবে তাঁর দেশে ফেরার আইনি প্রক্রিয়া ও প্রত্যর্পণ নিয়ে এখনো জটিলতা রয়েছে।

 

ফলে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে আলোচনা চললেও একই বিমানে ফেরার দাবিটির বিষয়ে এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার মতো তথ্য পাওয়া যায়নি।

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।