খুঁজুন
, ,

২৮ অক্টোবর ঢাকার প্রবেশমুখে চেকপোস্ট বসাবে র‌্যাব

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 25 October, 2023, 8:24 am
২৮ অক্টোবর ঢাকার প্রবেশমুখে চেকপোস্ট বসাবে র‌্যাব

নাশকতা ঠেকাতে আসছে ২৮ অক্টোবর ঢাকার প্রবেশ দ্বারগুলোতে চেকপোস্ট বসাবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। রাজনৈতিক দলগুলোর পালটপালটি সমাবেশকে কেন্দ্র করে কেউ যাতে বিস্ফোরক দ্রব্য কিংবা আগ্নেয়াস্ত্র নিয়ে সমাবেশে প্রবেশ করতে না পারে এ জন্য এই ব্যবস্থা।

রাজধানীর কারওয়ান বাজার বুধবার দুপুরে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, আমরা চাই দেশের রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করুক। সম্প্রতি দেখা গেছে শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছে। আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে নগরবাসীকে সব ধরনের নিরাপত্তা দিয়ে যাচ্ছে র্যাব। ২৮ অক্টোবরের সমাবেশেকে কেন্দ্র করেও নিরাপত্তা দেওয়া হবে। ওইদিন রাজধানীর প্রবেশদ্বার ও গুরুত্বপূর্ণ স্থানেও চেকপোস্ট বসানো হবে।

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব প্রস্তুত থাকবে জানিয়ে কমান্ডার মঈন বলেন, সমাবেশকে কেন্দ্র করে রাজধানীসহ মহাসড়কগুলোতে পেট্রোলিং জোরদার করা হয়েছে। যাতে করে সাধারণ জনগণ নিশ্চিতে তাদের কাজগুলো করতে পারেন। কারও যদি নাশকতার পরিকল্পনা থাকে তাদেরকে আইডেন্টিফাই করে আইনের আওতায় আনতে গোয়েন্দা কাজ করছে। সর্বোপরি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহল কোনো ধরনের নাশকতা বা সহিংসতা করতে না পারে এজন্য গোয়েন্দারাও কাজ করছে। সাইবার ওয়ার্ল্ডেও র্যাবের কাজ চলছে।

তিনি সতর্ক করে বলেন, এরপরেও যদি কোনো নাশকতার বা সহিংসতা হয় সেক্ষেত্রে র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স, স্পেশাল ফোর্স প্রস্তুত রয়েছে। যেকোনো উদ্ভুত পরিস্থিতি মোকাবিলার জন্য র্যাব সদা প্রস্তুত।

সমাবেশের অনুমতি প্রসঙ্গে র‌্যাব মুখপাত্র বলেন, ২৮ অক্টোবর বেশ কয়েকটি রাজনৈতিক দল সমাবেশের অনুমতি চেয়েছে। সমাবেশ কোথায় হবে সেটির অনুমতি ডিএমপির এখতিয়ারভুক্ত। এলিট ফোর্স র‌্যাবের মূল ম্যান্ডেট জনগণের নিরাপত্তা দেওয়া৷ পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা। জনগণের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা দেওয়ার জন্য র্যাব দায়িত্ব পালন করে যাবে।

জামায়াত ইসলামীর সমাবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে কমান্ডার মঈন বলেন, সমাবেশের অনুমতি দেওয়া হবে কিনা তা ডিএমপি দেখবে। যদি অনুমতি দেওয়া না হয় এবং জামায়াত সমাবেশ করার চেষ্টা বা নাশকতার চেষ্টা করে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।