খুঁজুন
, ,

ইসরায়েল ইস্যুতে নিশ্চুপ থেকে বিএনপি ইহুদীদের পক্ষ নিয়েছে : তথ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 15 October, 2023, 1:29 pm
ইসরায়েল ইস্যুতে নিশ্চুপ থেকে বিএনপি ইহুদীদের পক্ষ নিয়েছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আজকে যে ফিলিস্তিনে পাখি শিকারের মত করে মানুষ হত্যা করা হচ্ছে, হাজার হাজার অসহায় শিশুদের হত্যা করা হচ্ছে, এই নিয়ে বিএনপি ও মির্জা ফখরুলের মুখে কোন কথা নেই, আপনারা এদের চিনে রাখুন। ইসরায়েল ইস্যুতে নিশ্চুপ থেকে বিএনপি মূলত ইহুদীদের পক্ষ নিয়েছে।
তিনি বলেন, আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেটির প্রতিবাদ জানিয়েছে। আমিও দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হিসেবে প্রতিবাদ জানিয়েছি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও প্রতিবাদ জানানো হয়েছে। আর বিএনপি’র মুখে কোন কথা নাই। একটা বৃহত্তর গোষ্ঠি অখুশি হতে পারে সেই কারণে বিএনপি এই নিয়ে কোন কথা বলে না। অর্থাৎ তাদের অবস্থান ইহুদীদের পক্ষে।
সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূল, উন্নয়ন ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে রোববার (১৫ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ফিলিস্তিনের অসহায় নিরীহ মানুষদের হত্যা করা হচ্ছে, এই ব্যাপারে বিএনপি’র মহাসচিবকে যখন সাংবাদিকরা এবিষয়ে বক্তব্য চেয়ে প্রশ্ন করেন, তখন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন, হামাসের উপর কিংবা ফিলিস্তিনের জনগণের উপর হামলা নিয়ে কথা বলার সময় নাই, আমরা দেশে অনেক সমস্যায় আছি। তার মানেটা কি ? প্রশ্ন রাখেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, বিএনপি-জামাত এখন অনেক লম্বা লম্বা কথা বলছেন, দেশটাকে তারা বিশ্ব বেনিয়াদের হাতে তুলে দিতে চান। দেশটাকে বিক্রি করে দিতে চায়। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে তাতে সমগ্র পৃথিবী প্রশংসা করছে, আর বিএনপি-জামাতের হিংসা হচ্ছে। পদ্মা সেতু হবার আগে বলেছিল এই সেতু হবেনা। পদ্মা সেতু হবার পর লজ্জায় চুপি চুপি রাতের অন্ধকারে সেতু পাড় হয়েছে বিএনপি নেতারা। এখন পদ্মা সেতুতে রেল চালু হয়েছে। আমি তাদের আহ্বান জানাই, ট্রেনে চড়ে পদ্মা সেতু পাড় হবার জন্য, আপনাদের টিকেটের টাকাও আমরা দিয়ে দেব।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিএনপি বলেছিল অক্টোবর মাসে নাকি ফাইনাল খেলা। তারা তো সেমিফাইনালেও জিতে নাই। তারা বলেছিল খালেদা জিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে। ৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়ার কি মুক্তি হয়েছে ? হয় নাই। তাহলে সেমিফাইনালে হেরে গেছে বিএনপি। যারা সেমিফাইনালে হেরে গেছে তাদের সাথে কি ফাইনাল খেলা হয় ? হয় না। তারা যদি খেলতে চাই, তাহলে যুবলীগের সাথে খেলতে পারে। আওয়ামীলীগ তাদের সাথে খেলবে না।
আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ২২ টি প্রকল্পের মাধ্যমে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, পঙ্গু ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ নানা ধরনের ভাতা প্রদান করছে। এর বাইওে ওএমএসের চাল ও ফ্যামিলি কার্ড প্রদান করা হয়। একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি ওয়ার্ডে উপকারভোগী আছেন, তারা যে পরিমাণ অর্থ সঞ্চয় করেন সরকার তার দ্বিগুণ পরিশোধ করেন। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যেভাবে নানা ধরনের সুবিধা আওয়ামী লীগ সরকার দিয়েছে এটি অতীতে কেউ করেনি।
তিনি বলেন, প্রতিটা ইউনিয়নে দুই থেকে তিন হাজার উপকারভোগী আছে। তারা সরকারের নানা ধরনের ভাতা পাচ্ছে। আগেও খালেদা জিয়া, এরশাদ ও জিয়াউর রহমানের সরকার ছিল, কিন্তু এসব আগে কখনো ছিলনা। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন ৯৬ সালের দেশ পরিচালনার দায়িত্ব পান তখন থেকে এসব ভাতা চালু হয়েছে। ২০০১ সালে যখন বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসেন, তখন এসব ভাতা সংকুচিত হয়ে গেল। তাই আবারও যদি সেই বিএনপি ক্ষমতায় আসে আপনারা যারা এ ধরনের ভাতা পাচ্ছেন সেগুলো বন্ধ হয়ে যাবে।
শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকনের সঞ্চালনায় ও ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রতন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নুরুল হুদা, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সেকান্দর আলম বাবর প্রমুখ।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।