খুঁজুন
, ,

চীনের রাষ্ট্রদূত

বাংলাদেশ নিয়ে এত উৎকণ্ঠা, তাহলে স্যাংশন দেয় কী করে?

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 11 October, 2023, 12:22 pm
বাংলাদেশ নিয়ে এত উৎকণ্ঠা, তাহলে স্যাংশন দেয় কী করে?

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নীতির দিকে ইঙ্গিত করে বলেছেন, তারা এ দেশের মানবাধিকার, গণতন্ত্র ও নির্বাচন নিয়ে এত উৎকণ্ঠিত। অথচ তারাই এ দেশকে স্যাংশন দেয়, ভিসা নিষেধাজ্ঞা দেয়। আমাদের প্রশ্ন- বাংলাদেশের সরকার এবং এ দেশের মানুষকে স্যাংশন এবং ভিসা-নিষেধাজ্ঞার নামে কেন এতবার চাপ দেওয়া হয়? আর চীন বাংলাদেশের পাশে দাঁড়ায়, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

বুধবার দুপুরে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

ডেঙ্গু মোকাবিলায় যে সহযোগিতার ঘোষণা দিয়েছে তার অংশ হিসেবেই ১৮ হাজারেরও বেশি লোকের পরীক্ষার চাহিদা মেটাতে ৭২২ বক্স ডেঙ্গু কিট হস্তান্তর করে চীন।

চীন সরকারের এ উপহার গ্রহণ করেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মো. এনামুর রহমান এমপি।

চীন বাংলাদেশের সময়ের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে ডেঙ্গু মহামারি নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন। কৌশলগত অংশীদার হিসেবে চীন জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা গত তিন বছরে কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে আমাদের যৌথ লড়াইয়ের মাধ্যমে প্রকাশ পেয়েছে। ডেঙ্গু মোকাবিলার এ সংকটময় মুহূর্তে চীন বরাবরের মতো বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে।

তিনি বলেন, চলতি বছরে এখন পর্যন্ত আমরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে মারাত্মক ডেঙ্গু মহামারি প্রত্যক্ষ করেছি, যা স্থানীয় হাসপাতাল ব্যবস্থার ওপর অসহনীয় চাপ প্রয়োগ করেছে।

তিনি বলেন, হাজারের বেশি পরিবারের শোকের কারণ হয়ে দাঁড়িয়েছে। যারা ডেঙ্গুতে মারা গেছেন তাদের প্রতি আমি গভীর সমবেদনা জানাই এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।

তিনি আরও বলেন, আমি সর্বোচ্চ শ্রদ্ধার সঙ্গে অভিনন্দন জানাই চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের, যারা মাসের পর মাস ফ্রন্টলাইনে নিদ্রাহীনভাবে লড়াই করেছেন। যার ফলে অনেকের জীবন বেঁচেছে। তাদের কঠোর পরিশ্রমের প্রশংসা করতেই হয়।

ইয়াও ওয়েন বলেন, আগস্টে জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। প্রেসিডেন্ট শি জোর দিয়েছিলেন- চীন এবং বাংলাদেশ উভয়ই তাদের নিজস্ব উন্নয়ন এবং পুনরুজ্জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। চীনা কর্তৃপক্ষ বাংলাদেশের সঙ্গে উন্নয়ন কৌশলগুলোর সমন্বয়কে শক্তিশালী করতে, দ্বিপাক্ষিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে একটি নতুন স্তরে ঠেলে দিতে এবং আরও ভালোভাবে লাভবান হওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, দুই দেশের জনগণ সর্বদা আমাদের উন্নয়নের কেন্দ্রবিন্দু এবং উদ্দেশ্য। প্রেসিডেন্ট শি এবং চীন সরকার বাংলাদেশে ডেঙ্গু মহামারি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বাংলাদেশকে ডেঙ্গু প্রতিরোধে ২৫ মিলিয়ন আরএমবি (৩.৫ মিলিয়ন মার্কিন ডলার বা ৪০ কোটি টাকা) সহায়তা দেওয়ার ঘোষণা করেন।

চীনের রাষ্ট্রদূত বলেন, আজ বাংলাদেশে চীনা দূতাবাসের পক্ষ থেকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৭০০ সেট ডেঙ্গু কিট হস্তান্তর করছে; যা ১৮ হাজারেরও বেশি লোকের পরীক্ষার চাহিদা মেটাবে। এটি শুধুমাত্র একটি সূচনা বিন্দু চিহ্নিত করে এবং চীন থেকে আরও বড় আকারে আরও বেশি ডেঙ্গু প্রতিরোধী সহায়তা আসবে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ চীনা দূতাবাসের ডেপুটি এডমিন লিজিয়ান, সেকেন্ড সেক্রেটারি মিস লাং লাং, প্রেস সেক্রেটারি জিং চ্যাং, এনাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল কাদের নাজিম, এনাম মেডিকেল কলেজের পরিচালক (মিডিয়া) জাহিদুর রহমান, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা প্রমুখ।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।