খুঁজুন
, ,

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 7 October, 2023, 11:48 am
জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

বল হাতে ব্যাটারদের জন্য কাজটা আগেই সহজ করে রেখেছিলেন বাংলাদেশের বোলাররা। লাল-সবুজের বোলারদের আধিপত্যের দিনে মাত্র ১৫৬ রানের মধ্যেই গুঁটিয়ে যায় আফগানিস্তান। এরপর রয়েসয়েই বাকিটা সেরেছেন লাল-সবুজের ব্যাটাররা। মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর সাবলীল ব্যাটিংয়ে রশিদ-নবিদের বিপক্ষে ৯২ বল বাকি থাকতেই ৬ উইকেটের দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করল সাকিব আল হাসানের দল।

শনিবার (৭ অক্টোবর) ধর্মশালায় হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩৭ দশমিক ২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৭ রান তুলে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৩৪ দশমিক ৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। ফলে ৬ উইকেটের বড় জয়ে ওয়ানডে বিশ্বকাপ মিশন শুরু করল সাকিব বাহিনী।
predoct win

আফগানদের দেওয়া ১৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। লিটনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান-আউটের ফাঁদে কাটা পড়েন তানজিদ। জাদরানের সরাসরি থ্রোয়ে বিদায়ের আগে ১২ বলে ৫ রান করেন তরুণ এই ওপেনার।

এরপর ক্রিজে আসেন মেহেদি হাসান মিরাজ। তবে ইনিংসের সপ্তম ওভারে বোলিংয়ে এসে আফগানদের আবারও সাফল্য এনে দেন ফারুকি। দলীয় ২৭ রানে ১৮ বলে ১৩ রান করা লিটনকে আউট করেন বাঁহাতি এই ব্যাটার।

লিটনের বিদায়ের পর ক্রিজে আসেন নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেট জুটিতে মিরাজকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি। সাবলীল ব্যাটিংয়ে ৫৮ বলে ফিফটি তুলে নেন মিরাজ। অন্যদিকে তাকে যোগ্য সঙ্গ দেন শান্ত। তবে প্রথমবারের মতো তিনে নেমে ব্যক্তিগত অর্ধশতক হাঁকানোর পরই ব্যক্তিগত ৫৭ রানে বিদায় নেন মিরাজ।

মিরাজের বিদায়ের পরপর ক্রিজে নেমে আগ্রাহী মেজাজে খেলতে থাকেন লাল-সবুজের দলপতি সাকিব। চতুর্থ উইকেটে শান্তর সঙ্গে ২২ রানের জুটি গড়ে ব্যক্তিগত ১৪ রানে ফেরেন সাকিব। অন্যপ্রান্তে ব্যক্তিগত অর্ধশতক তুলে বাংলাদেশের নিশ্চিত জয়ের আভাস দেন শান্ত। আর শান্তর অপরাজিত ৫৯ রানের ইনিংসে ৩৪ দশমিক ৪ ওভারে ৬ উইকেটের বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

এর আগে, ধর্মশালায় হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন আফগানিস্তানের দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। তবে দলীয় পঞ্চাশে আগেই আফগানদের ওপেনিং জুটি ভাঙেন সাকিব আল হাসান। নবম ওভারে সাকিবের বলে তানজিদের হাতে ক্যাচে দিয়ে বসেন জাদরান। সাজঘরে ফেরার আগে ২২ রান করেন ডানহাতি এই ব্যাটার।

এরপর রহমত শাহকে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন গুরবাজ। কিন্তু আফগান শিবিরে আবারও আঘাত হানেন সাকিব। ১৬তম ওভারের প্রথম বলে কাভারে লিটনের হাতে ক্যাচ তুলে দেন রহমত। ২৫ বলে ১৮ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।

তৃতীয় উইকেট জুটিতে গুরবাজের সঙ্গে আফগানদের টেনে নেওয়ার চেষ্টা করেন অধিনায়ক শহীদি। ৩৯ রানের জুটি গড়ে চাপ শামাল দেওয়ার চেষ্টা করছিলেন তারা। তবে এই জুটি ভাঙেন অফ-স্পিনার মিরাজ।

মিরাজের অফ-স্টাম্পের বাইরের বল টেনে মারতে চেয়েছিলেন শহীদি। তবে প্লেসমেন্টটা ঠিকঠাক না হওয়ায় ৩৮ বলে ১৮ রানে তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আফগান দলপতি।

পরের ওভারেই আরেকটি সাফল্য পায় বাংলাদেশ। এবার ওপেনার গুরবাজকে ফেরান মুস্তাফিজ। অফ-স্টাম্পের বাইরে ড্রাইভ করতে চেয়েছিলেন এই ব্যাটার। তবে ক্যাচ উঠে ডিপ-পয়েন্টে। আর তা তালুবন্দি করতে ভুল করেননি তানজিদ। ৪ চার ও এক ছক্কায় ৪৭ রানে ফেরেন এই ওপেনার।

এরপর দ্রুতই নাজিবুল্লাহ জাদরানকেও ফেরায় বাংলাদেশ। এরপর দায়িত্ব নিতে পারেননি নবিও। পরে আর প্রতিরোধ করতে পারেননি কোনো আফগান ব্যাটারই।

শেষ দিকে আজমতুল্লাহ ওমরজাইয়ের ৪ বাউন্ডারিতে ২২ এবং রশিদের ৯ রানের সুবাদে ৩৭ দশমিক ২ ওভারে ১৫৬ রানের পুঁজি পায় আফগানরা।

বাংলাদেশের হয়ে মিরাজ ও সাকিবের শিকার তিনটি করে উইকেট। এ ছাড়া শরিফুল দুটি এবং তাসকিন ও মুস্তাফিজ একটি করে উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ : ৩৪ দশমিক ৪ ওভারে ১৫৮/৪, লক্ষ্য ১৫৭ (মুশফিকুর রহিম ২*, নাজমুল হোসেন শান্ত ৫৯*; তানজিদ তামিম ৫, লিটন দাস ১৩, মেহেদী হাসান মিরাজ ৫৭, সাকিব আল হাসান ১৪)।

আফগানিস্তান : ৩৭ দশমিক ২ ওভারে ১৫৬/১০ (ফজল হক ফারুকী ০*; ইব্রাহিম জাদরান ২২, রহমত শাহ ১৮, হাশমতউল্লাহ শহীদী ১৮, রহমানউল্লাহ গুরবাজ ৪৭, নাজিবউল্লাহ জাদরান ৫, মোহাম্মদ নবী ৬, রশিদ খান ৯, আজমতউল্লাহ ওমরজাই ২২, মুজিব উর রহমান ১, নাভিন ০)।

 

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।