খুঁজুন
, ,

শেষ বলে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 15 September, 2023, 3:35 am
শেষ বলে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

রোমাঞ্চের চোরাবালিতে হাবুডুবু খেলেন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের দর্শকরা। বারবার বদলে গেলো ম্যাচের মোড়। কখনো কুশল মেন্ডিস সহজ করে ফেলেন ম্যাচ, কখনো আশা জাগালেন আশালাঙ্কা। শেষ দিকে দুই বলে দুই উইকেট নিয়ে পাকিস্তানকে লড়াইয়ে আনলেন শাহিন শাহ আফ্রিদি। নানা নাটকীয়তার পর পাকিস্তানকে বিদায় করে দিয়ে এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। ৪২ ওভারে নেমে আসা ম্যাচে ২৫২ রানের লক্ষ্য ইনিংসের শেষ বলে ছুঁয়েছে স্বাগতিকরা। গতকাল বৃহস্পতিবার সেমিফাইনালে পরিণত হওয়া সুপার ফোর পর্বের ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারায় তারা। আর এর ফলে হলো না ভারত–পাকিস্তান স্বপ্নের ফাইনাল। একই মাঠে আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

গতকাল বৃষ্টি বিঘ্নিত ম্যাচেটিতে দারুণ লড়াই করেছে দুই দল। শেষ ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৮ রান। দারুণ বোলিংয়ে প্রথম ৪ বলে ২ রান দিলেন জামান খান। শেষ দুই বলে আর পারলেন না পাকিস্তানের অভিষিক্ত পেসার। পঞ্চম বলে বাউন্ডারির পর শেষ বলে ২ রান নিয়ে লঙ্কানদের ম্যাচ জেতালেন চারিথ আসালাঙ্কা।

বৃষ্টির কারণে প্রথমে ৪৫ পরে ৪২ ওভারে নেমে আসা ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ফখর জামানকে হারায় পাকিস্তান। ৪ রান করে ফিরেন ফখর। এরপর আব্দুল্লাহ শফিকের সঙ্গে ৬৪ রানের জুটি গড়েন অধিনায়ক বাবর আজম। ৩৫ বলে ২৯ রান করে দুনিথ ওয়েল্লালাগের বলে স্টাম্পিং হন তিনি। তার বিদায়ের পর আর জুটি দাঁড়াচ্ছিল না পাকিস্তানের। মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজরা ফিরেন অল্পতেই। হাফ সেঞ্চুরি করে ইনিংস লম্বা করতে পারেননি আব্দুল্লাহও। ৩ চার ও ২ ছক্কায় ৬৯ বলে ৫২ রান করে পাথিরানার বলে আউট হন তিনি। তবে শেষদিকে গিয়ে দারুণ এক জুটি গড়ে তোলেন মোহাম্মদ রিজওয়ান ও ইফতেখার আহমেদ। তাদের শতরান পেরোনো জুটিতেই পাকিস্তানের রানটা হয় বেশ বড়। ম্যাচ শেষ হওয়ার ৯ বল আগে ইফতেখার ফিরেন ৪০ বলে ৪৭ রান করে। শেষ ১০ ওভারে পাকিস্তান তোলে ১০২ রান। রিজওয়ান অপরাজিত থাকেন ৬ চার ও ২ ছক্কায় ৭৩ বলে ৮৬ রান করে।

শ্রীলংকার হয়ে ৮ ওভারে ৬৫ রান খরচ করে ৩ উইকেট নেন পাথিরানা। জবাব দিতে নেমে ২০ রানের মাথায় কুশল পেরেরাকে হারায় শ্রীলংকা। দ্বিতীয় উইকেটে নিশাংকা এবং কুশল মেন্ডিস মিলে যোগ করেন ৫৭ রান। ২৯ রান করে ফিরেন নিশাংকা। তৃতীয় উইকেটে মেন্ডিস এবং সামারাবিক্রমা মিলে যোগ করেন ১০০ রান। ইফতেখার ফেরান ৪৮ রান করা সামারাবিক্রমাকে। ক্রমশ ভয়ংকর হয়ে উঠা মেন্ডিসকেও ফেরান ইফতেখার। ৮৭ বলে ৯১ রান করেন মেন্ডিস। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে ফাইনালে নিয়ে যান আসালাংকা। ৪৭ রানে অপরাজিত থাকেন আসালাংকা। আর তার দল শেষ বলে দুই উইকেটের জয় নিয়ে চলে যায় ফাইনালে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।