খুঁজুন
, ,

শেখ হাসিনা-মোদি বৈঠক বিকেলে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 8 September, 2023, 3:25 am
শেখ হাসিনা-মোদি বৈঠক বিকেলে
কূটনৈতিক ডেস্ক

ভারতীয় প্রধানমন্ত্রীর বাসভবনে আজ শুক্রবার বিকেলে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের আসন্ন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বন্ধু প্রতিম প্রতিবেশী দুই দেশের শীর্ষ নেতার বৈঠককে তাৎপর্যপূর্ণ বলছেন বিশ্লেষকরা। এজন্য সবার দৃষ্টি এখন দ্বিপাক্ষিক বৈঠকের আলোচ্যসূচিকে ঘিরে।

জি-২০ সম্মেলনে যোগ দিতে আজই নয়াদিল্লী যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল শনিবার সকাল থেকে শুরু হবে জি-২০ দেশগুলির শীর্ষ সম্মেলন। যদিও বাংলাদেশ এই জোটের সদস্য নয়, কিন্তু আয়োজক ভারতের আমন্ত্রণে সম্মেলনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা। দক্ষিণ এশিয়া থেকে শুধু বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। অপর দিকে নিজের বাসভবনে শেখ হাসিনাকে আতিথেয়তা দিয়ে নরেন্দ্র মোদি সম্পর্কের আন্তরিকতার বার্তা দিতে চাইছেন বলে দিল্লীর কূটনৈতিক সূত্রের খবর।

এদিকে হাসিনা-মোদির দ্বিপাক্ষিক বৈঠকে গুরুত্বপূর্ণ স্বার্থ-সংশ্লিষ্ট ও আঞ্চলিক ইস্যুতে আলোচনা হবে। তবে সূত্রের খবর, জি-২০ সম্মেলন ঘিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চরম ব্যস্ত শিডিউলের কারণে সময়ের সীমাবদ্ধতা রয়েছে। দ্বিপাক্ষিক বৈঠকের আলোচ্যসূচি সময়ে বিবেচনায় ঠিক করা হচ্ছে। অধিকতর গুরুত্বপূর্ণ ইস্যুগুলো যেন আলোচনায় থাকে তা ঠিক করতে কাজ করছে দুদেশের সংশ্লিষ্টরা। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ বিষয়ে বলেন, দুই পক্ষ গুরুত্বপূর্ণ আলোচনা করবে। তবে সময়ের সীমাবদ্ধতার কারণে বৃহত্তর সম্পর্কের পুরো ধারাটি আলোচনায় নাও আসতে পারে।

বৈঠকে কানেক্টিভিটি, তিস্তার পানি বণ্টন, জ্বালানি নিরাপত্তা এবং খাদ্য নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলো আলোচনায় অগ্রাধিকার বিষয় হতে পারে। পররাষ্ট্র সচিব বলেন, দুই দেশ একসঙ্গে অনেক প্রকল্পের সঙ্গে জড়িত এবং তাদের বাস্তবায়নের সমস্যা আসতে পারে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরকালে তিনটি সমঝোতা স্মারক সই হবে। এরমধ্যে অন্যতম হচ্ছে, টাকা ও রুপির লেনদেন সহজ করার জন্য বাংলাদেশ ব্যাংক ও ভারতের এনপিসিআই’র মধ্যে সমঝোতা। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, যে তিনটি সমঝোতা স্মারক হবে, তা হলো কৃষি গবেষণা ও শিক্ষা সহযোগিতা, সাংস্কৃতিক চুক্তির মেয়াদ ২০২৩ থেকে ২৫ পর্যন্ত বাড়ানো এবং বাংলাদেশ ব্যাংক ও এনপিসিআইর মধ্যে সমঝোতা স্মারক। তিনি বলেন, ভারতের এনপিসিআই ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক সই হলে দুই পক্ষের মধ্যে নেটওয়ার্ক-টু-নেটওয়ার্ক সংযোগের মাধ্যমে রুপি-টাকায় পারস্পরিক লেনদেনের কাজ সহজ হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জানি না। আমরা যেটি চাই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা। আমরা প্রতিজ্ঞাবদ্ধ অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য। আমরা কোনো কারচুপি চাই না।’

এ কে মোমেন বলেন, ‘আমরা স্বচ্ছ ও সুন্দর নির্বাচন চাই। সেখানে কেউ যদি আমাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেয়, সেটিকে আমরা স্বাগত জানাই। তবে কেউ যদি মাতব্বরির ভূমিকা নিয়ে আসে, আমরা সেটি সহ্য করব না। আমরা স্বাধীন ও সার্বভৌম দেশ। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কাউকে ভয় পায় না।’

তিনি বলেন, ‘আমরা কোনো চাপের মুখে নেই। কারণ, আমরা অত্যন্ত পরিষ্কার যে সুন্দর একটি নির্বাচন করব। অন্যরা পছন্দ করুক বা না করুক, এটি তাদের সমস্যা। তারা চাপের মুখে পড়ে ছাই হয়ে যাবে। কিন্তু আমরা টিকে থাকব।’

পররাষ্ট্রমন্ত্রী মোমেন জানান, প্রধানমন্ত্রী ৮ থেকে ১০ সেপ্টেম্বর জি-২০ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য দিল্লি যাবেন। সফরের প্রথম দিনেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে। এছাড়া সম্মেলনের সাইডলাইনে সৌদি আরবের ক্রাউন প্রিন্স, আর্জেন্টিনা, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা আছে।

তবে দিল্লির সূত্রের খবর, শেখ হাসিনা দক্ষিণ কোরিয়া, আর্জেন্টিনা ও সৌদি আরবের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করবেন। বাংলাদেশে নির্বাচনের মুখে যখন আমেরিকা আওয়ামী লীগ সরকারের উপরে বিভিন্নভাবে প্রবল চাপ তৈরি করছে, তখন নয়াদিল্লিতে সফরকারী আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শেখ হাসিনার বৈঠকের খবর দিতে না পারলেও শীর্ষ নেতাদের সম্মানে নৈশভোজে এবং সম্মেলন কক্ষে জো বাইডেনের সঙ্গে শেখ হাসিনার ‘দেখা হয়ে যাবে’বলেই জানাচ্ছেন তারা।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।