খুঁজুন
, ,

এক-দেড় মাসের মধ্যে কারাগারে যেতে হবে, শঙ্কা মির্জা ফখরুলের

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 7 September, 2023, 11:13 am
এক-দেড় মাসের মধ্যে কারাগারে যেতে হবে, শঙ্কা মির্জা ফখরুলের

আগামী এক-দেড় মাসের মধ্যে কারাগারে যেতে হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান রচিত ‘নব্বইয়ের গণঅভ্যুত্থান ও কিছু কথা’ নামক বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘জহির উদ্দিন স্বপন তার বক্তব্যে ৯০-এর গণঅভ্যুত্থান-দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোসহীন নেতৃত্বকে সামনে এনেছেন। একটা গণতান্ত্রিক আন্দোলনের পরিবর্তনের যে সূচনা সামনে এনেছে। আমার মনে হয়েছে নতুন ধারণা ৯০-এর গণঅভ্যুত্থানের পরিবর্তন এনেছে। যেটা আজকের দিনের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক। সেটা হচ্ছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন।’

মির্জা ফখরুল বলেন, ‘সেইদিন বিচারপতি সাহাবুদ্দিনের অধীনে নির্বাচন হয়েছে। উপদেষ্টামণ্ডলীদের নিয়ে নির্বাচন পরিচালনা করেছেন সেটা ছিল বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ নতুন ধারণা। এর আগে সামরিক অভ্যুত্থান হয়েছে, সেনাবাহিনী ক্ষমতা নিয়েছে। প্রথমবার অসমারিক-বেসামরিক নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের পরিচালনায় নির্বাচন হয়েছে। সবচেয়ে ভালো নির্বাচন হয়েছিল ‘৯১-এর নির্বাচন।’

তিনি বলেন, ‘ওই ধারণা থেকেই কেয়ারটেকার গভর্মেন্টের ধারণা উঠে এসেছে। সেই ধারণা থেকে আমরা বাংলাদেশের মানুষ একই জিনিস চাই। প্রায় ৩০ বছর পরে একই কথা বলতে হচ্ছে। নির্বাচন তো আমরা চাই, নির্বাচন ছাড়া তো পরিবর্তনের কোনো উপায় নেই- এটা আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি। আমাদের অভিজ্ঞতা অনুসারে আমরা দেখছি, দলীয় সরকারের অধীনে হলে তা নিরপেক্ষ হয় না, বিশেষ করে সরকারের যদি আওয়ামী লীগ থাকে তাহলে তো কখনোই নিরপেক্ষ হয় না।’

মির্জা ফখরুল বলেন, ‘আবার জাতি একটি যুগসন্ধিক্ষণে উপনীত হয়েছে। জাতি আজকে মুখোমুখি হচ্ছে, রাজনৈতিকভাবে জাতি টিকে থাকবে কি থাকবে না। জাতি কি গণতান্ত্রিক অস্তিত্বে টিকে থাকবে, কি থাকবে না। আজকে দুর্ভাগ্য, ১৯৭১ সালে যারা যুদ্ধ করেছি, ৯০-এর দশকে যারা গণতন্ত্রেও জন্য লড়াই করেছে এবং জীবন দিয়েছে- এই স্বাধীনতার ৫২ বছর পরে গণতন্ত্র সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে; গণতন্ত্রকে সরিয়ে দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আমান উল্লাহ আমানকে আগামী ১০ সেপ্টেম্বর মিথ্যা মামলায় আদালতে আত্মসমর্পণ করতে হবে, কারাগারে যেতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় গৃহবন্দী অবস্থায় আছেন, তারেক রহমান নির্বাসিত অবস্থায় আছেন। আমি আজ আদালতে গিয়েছিলাম। হাজার হাজার নেতাকর্মী কোর্টের বারান্দায়। কেউ বিভিন্ন আদালতে হাজিরা দিচ্ছেন। এই দৃশ্য কোনো গণতান্ত্রিক দেশের দৃশ্য হতে পারে না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘অনেক বুদ্ধিজীবী টেলিভিশন টকশোতে কথা বলেন। কিছু সংখ্যক তথাকথিত উচ্চশিক্ষিত ভদ্রলোক গণতন্ত্রের কথা বলেন। তারা প্রমাণ করতে চান, শেখ হাসিনা গণতন্ত্র নিয়ে এসেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রের সবচেয়ে বড় দল এবং আওয়ামী লীগই একমাত্র দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আছেন, তথাকথিত সম্পাদকরাও আছেন, বুদ্ধিজীবীরাও আছেন।’

তিনি বলেন, ‘তাদের কাছে আমার অনুরোধ দয়া করে ঢাকার নিম্ন আদালতে যান, গিয়ে দেখুন একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে- এই দেশের সমাজের বীর মুক্তিযোদ্ধা, দেশের ভাগ্য পরিবর্তনে যারা অতীতে কাজ করেছেন তাদের সবাইকে এক কাতারে দাঁড়িয়ে আদালতে গিয়ে হাজিরা দিতে হচ্ছে।’

ফখরুল বলেন, ‘এমন একটি বিচারব্যবস্থা তৈরি করেছে, বিচার ব্যবস্থায় হাইকোর্ট যদি জামিন দেয়। সেটা নিয়ে যদি নিম্ন আদালতে যান, সেখানকার সবচেয়ে যে জুনিয়র বিচারক আছেন তিনি নির্ধারণ করেন জামিন দেবেন কি, দেবেন না। তিনি জামিন বাতিল করে কারাগারে পাঠিয়ে দেন।’

তিনি বলেন, ‘আজ আমার সঙ্গে নিম্ন আদালতে ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ, আরেকজন ছিলেন ৯০-এর গণঅভ্যূত্থানের নেতা খায়রুল কবির খোকন, যারা আমরা হাজিরা দিতে গিয়েছিলাম। গত কয়েকদিন আগে আমার মামলার বিচারকাজ শুরু হয়েছে। আমার ধারণা আগামী এক-দেড় মাসের মধ্যে আমানের মতো আমাকে ভেতরে (কারাগারে) চলে যেতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘তাদের উদ্দেশ্য অত্যন্ত পরিষ্কার। যারা এই সরকারের বিরোধিতা করছে, যারা এই সরকারের পক্ষে নয়, যারা এই সরকারকে বলছে, ‘‘তুমি অনেক খারাপ কাজ করেছ, তুমি সরে যাও।’’ তাদের সবাইকে কারাগারে ঢুকিয়ে দেবে। এ লক্ষ্যে দ্রুত এগিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘আইন মন্ত্রণালয় চারজনের একটি সেল তৈরি করেছে, সেই সেলে পরিষ্কার করে নির্ধারণ করে দেওয়া হয়েছে যে, অতিদ্রুত সেই মামলাগুলো চিহ্নিত করবে তাদের ভাষায় চাঞ্চল্যকর মামলা এবং রাষ্ট্রবিরোধী মামলাগুলো অতিদ্রুত রায় দেওয়া যায়, তার ব্যবস্থা করা।’

মির্জা ফখরুল বলেন, ‘এভাবে তারা বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের আশা-আকাঙ্ক্ষা-স্বপ্ন ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, যেটা অতীতে তারা করেছিল; এটা এখন কেউ বলেন না। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না- এটা বললে তাদের জ্বালা ধরে। আওয়ামী লীগকে প্রশ্ন করি, ১৯৭৫ সালে আপনারা বাকশাল প্রতিষ্ঠা করেননি? আপনাদের দুঃশাসনের কারণে সেদিন দুর্ভীক্ষ হয়নি? চার লাখ লোক সেদিন মারা যায়নি? আপনাদের দুঃশাসনের প্রতিবাদ করার কারণে ৩০ হাজার মানুষকে হত্যা করেননি? ৭২-এ আপনারা প্রথম সংবিধান পরিবর্তন করে বিশেষ ক্ষমতা আইন আনেননি? আপনারা জরুরি অবস্থা জারির বিধান নিয়ে আনেননি?’

গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এরা একটাও মন খুলে লিখতে পারে না। যে লিখতে যায়, তার ওপর নেমে আসে মামলার খড়গ- ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টসহ বিভিন্ন রকম মামলা। সাংবাদিকদের হিসাব অনুযায়ী শতাধিক সাংবাদিককে হত্যা করা হয়েছে। সাগর-রুনির মামলার কোনো হিসাব মিলল না। কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলার তদন্তসহ সব কিছু দ্রুত হয়ে যায়। যেটা তাদের জন্য প্রয়োজন, সেটা দ্রুত হয়।’

বিএনপি মহাসচিব বলেন, ‘অনেক কথা বলেছি, আর কথা বলতে চাই না। এই সরকার এমন একটি ভয়াবহ সরকার যে সরকার ন্যূনতম সম্মান বোধ করতে জানে না। ড. ইউনূস বাংলাদেশের একমাত্র নোবেলবিজয়ী। তাকে এমন অবস্থা করেছে, তাকে কারাগারে ঢুকিয়ে ছাড়বে। গতকাল একজন মন্ত্রী বলছেন, আমেরিকার প্রেসিডেন্টকেও তো জেলে যেতে হয়। ওই মন্ত্রীকে উদ্দেশ্য করে বলব, আমেরিকার প্রেসিডেন্টকে যে কারণে জেলে যেতে হয়, সেই কারণ ড. ইউনূসের না। ড. ইউনূসকে আপনারা ব্যক্তিগত প্রতিহিংসা এবং শত্রুতার কারণে তার বিরুদ্ধে মামলা-মোকদ্দমা নিয়ে এসে তাকে কারাগারে পাঠানোর চেষ্টা করছেন।’

তিনি বলেন, ‘আবার আমাকে বলে আমি নাকি ড. ইউনূসের ওপর ভর করেছি। আরে ড. ইউনূসের ওপর ভর করার কোনো কারণ নেই। আমরা এই দেশের জনগণের ওপর ভর করেছি। আমরা বিশ্বাস করি, এই দেশের জনগণ সব শক্তি উৎস। সেই জন্য আমরা মানুষের কাছে গেছি।’

আওয়ামী লীগের উদ্দেশে ফখরুল বলেন, ‘কেন আপনারা কেয়ারটেকার সরকার করতে চান না? এটা তো আপনাদের দাবি ছিল। এটা এই জন্য করতে চান না যে, আপনারা এতো অপকর্ম করেছেন ১০টি আসনও পাবেন না। চুরি, চুরি, চুরি- এর কোনো হিসাব নেই, ইউনিয়ন থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত। এখানে কেরাণীগঞ্জের অনেক নেতা আছেন। গ্রামের খবর আপনারা জানেন না? যাদের পায়ে চপ্পল ছিল না, তারা এখন বিএমডব্লিউ গাড়ি চালায়। এই হচ্ছে তাদের পরিবর্তনটা।’

তিনি বলেন, ‘শ্রীলংকা খুব খারাপ অবস্থায় পড়েগিয়েছিল, সেখানে একই ধরনের শাসন ব্যবস্থা ছিল। তারা পরিবর্তন করে অতিদ্রুত ভালোর দিকে যাচ্ছে। সেখানে এখন দেশপ্রেমিক শাসকরা আছেন, অর্থনীতিবিদদের তারা গুরুত্ব দিচ্ছেন। আমাদের এখানে অর্থনীতিবিদদের গুরুত্বই দেন না।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘ফ্যাসিবাদ স্বৈরাচারের বাবা। ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির লড়াই করা অত্যন্ত কঠিন। এই ফ্যাসিবাদকে যদি দূর করতে হয়, তরুণদের বুকে অনেক সাহস নিয়ে এগিয়ে আসতে হবে, রাস্তায় নামতে হবে, মৃত্যুকে পরোয়া করলে চলবে না। সবাই মিলে নেমে পড়ুন, এরা পালাবার পথ খুঁজে পাবে না।’

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।